//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//
চট্টগ্রামের চন্দনাইশে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া সড়ক ভবনের পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহত প্লাষ্টিকের বালতি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত দুই জন সম্পর্কে মা ছেলে বলে জানা গেছে। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার ফিসারী থানা এলাকার মৃত আবদুল জলিলের স্ত্রী মোহছনা খাতুন (৪৭) ও তার ছেলে রায়হান (১৯)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ইয়াবাসহ মা, ছেলে আটকের ঘটনার নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়েছে। চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

