//সুজন মাহমুদ, মাগুরা//
গত ০৩/০৩/২০২৩ তারিখে মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা সদর উপজেলার নালিয়াডাংগি গ্রামের প্রতিবন্ধী কৃষক জনাব মোহাম্মদ আক্কাস খানের নিরাপদ সবজি এবং কৃষি জমি সরেজমিনে দর্শন করেন। প্রতিবন্ধী ভাতায় প্রাপ্ত টাকা দিয়ে ২০১৬ সালে ৪০ শতক জমি লিজ নিয়ে তিনি নিরাপদ সবজি চাষ শুরু করেছিলেন।
শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এ নিয়ে তার ছিল যথেষ্ট শঙ্কা। সকল বাধা বিপত্তি অতিক্রম করে বর্তমানে তিনি ২০ একর জমিতে চাষ করছেন পেঁয়াজ, চিয়া সিড যা মাগুরা জেলায় সর্বপ্রথম। প্রায় ৫০ বিঘা জমিতে লাগিয়েছেন কালোজিরা, বারি সরিষা -১৪, ১৭, বিনা মসুর-৪, ৯। নিরাপদ সবজি চাষের কারিগর হিসেবে তিনি পেয়েছেন দীপ্ত কৃষি এওয়ার্ড-২০২৩। মাঠ ফসল ও নিরাপদ সবজি এ দুই ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেন এবং ১০ টি ক্যাটাগরির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাঠ ফসল ক্যাটাগরিতে তিনি পুরস্কার লাভ করেন।
শারীরিক প্রতিবন্ধকতা দূর করে সফল হওয়া কৃষক আক্কাসের কাছ থেকে অন্যান্য কৃষকরা অনুপ্রেরণা নেবে এই প্রত্যাশা জেলা প্রশাসনের।

