//নিজস্ব প্রতিবেদক///
বাগেরহাটের মোংলা উপজেলার একটি বাড়ি থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অরবিন্দ কুমার শ্রীবাস্তব (৪১) নামের ওই ব্যক্তি নির্মাণাধীন কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন।
আজ রোববার দুপুরে মোংলার দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের ভাড়া বাড়ির রান্নাঘর থেকে রশিতে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোংলা থানার উপপরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, রান্নাঘরের সানসেটের একটি রডের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অরবিন্দের লাশ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। তাঁর শরীরের কোথাও আঘাতের বাহ্যিক চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অরবিন্দ নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কাজ করা পাওয়ার ম্যাক প্রজেক্ট লিমিটেডের হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তাঁর চাকরির পিপি নম্বর আর-২২৫৪২০৬। তাঁর বাড়ি ভারতের রাজস্থানে।
পুলিশ জানায়, অরবিন্দের সহকর্মীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তিনি দিগরাজ এলাকার নাসির উদ্দিন হাওলাদারের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ওই ঘরে তিনি ছাড়া আর কেউ থাকতেন না।

