মোঃ হোসেন গাজী।।
দীর্ঘ এক যুগ পর চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রথম অধিবেশনে দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে চাঁদপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট সলিমুল্লাহ সেলিম নির্বাচিত হয়েছেন।
২ রা এপ্রিল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটানা ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা ৬টায় দিকে ফলাফল ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট শামসুল আলম মন্টু জানান, কাউন্সিলে ৯২৭ ভোট পেয়ে সভাপতি পদে শেখ ফরিদ আহমেদ মানিক, ৮৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বিজয়ী হয়েছেন।
এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে ইঞ্জিনিয়ার মমিনুল হক পান ২৩ ভোট, এস এম কামাল পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে দেওয়ান মোঃ শফিকুজ্জামা ৩৯ ভোট, মোস্তফা কামাল সফরি পান ২৫ ভোট, কাজী গোলাম মোস্তফা পান ১৪ ভোট । ১৫’শ ১৫ জন কাউন্সিলরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯২ জন।

