নিজস্ব প্রতিনিধিঃ
করোনার কারণে মার্চ-২০২০ মাস থেকে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে শুধুমাত্র কিছু মাদ্রাসা বাদে এবং প্রতিষ্ঠানগুলি বন্ধের একটি বছর অতিক্রান্ত হয়ে গেছে।
মার্চ-২০২১ এর ৩০ তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হলেও গত কিছুদিন যাবত করোনা আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় এ এবং ও লেভেলের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনেকটাই সংশয় দেখা দিয়েছে।
গতকাল ১৮ মার্চ-২০২১ রোজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( মাধ্যমিক) প্রফেসার মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে উল্লেখ করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম কোভিট-১৯ পরিস্থিতির কারণে বন্ধ আছে।

কিন্তু ইতিমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহনে মার্চপাস্ট ও র্যালীর আয়োজন করছে যা এই মূহুর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্বের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির দিক চিন্তা করে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এমন কোন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান।

