বাগেরহাটের ডেমায় গোলাগুলির ঘটনায় আটক ৪, অস্ত্র উদ্ধার

বাগেরহাটের ডেমায় গোলাগুলির ঘটনায় আটক ৪, অস্ত্র উদ্ধার

 বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. সজিব তরফদার ও ইউপি সদস্য প্রার্থী অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) ভোরে ডেমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ডেমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরফদার মকবুল মাস্টার (৭১), জসিম মল্লিক (২৬), মল্লিক সুজাউদ্দৌলা রচি (৪০) ও তরফদার মকবুল মাস্টারের মেয়ে মাকসুরা আক্তার (৩৫)।

এ সময় মকবুল চেয়ারম্যানের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তার ব্যবহৃত বন্দুক ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সজিব তরফদার ও অহেদ মোস্তফা বাপ্পীর সমর্থকদের মাঝে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয়পক্ষের ১৭ জন গুলিবিদ্ধ হন। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। একটি বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *