বাস-ট্রাক সংঘর্ষে  ৫ জন নিহত হলো সকালবেলা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

দিনাজপুর ফুলবাড়ি সড়কের পাঁচবাড়ি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহণের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানা ওসি মো. ফরিদ হোসেন বলেন, হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি। রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

উপহারের জন্য ৫০০ টাকা জমা দেবার নোটিশ দিয়েছে পাত্রের অধ্যক্ষ বাবা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহার হিসেবে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে কর্মীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। কলেজের সব কর্মচারীকে আগামীকাল শুক্রবারের মধ্যে এই টাকা জমা দিতে বলা হয়েছে।

গত ২৪ জুন কলেজের প্রধান সহকারী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়, ‘অত্র কলেজের সকল কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী ১২ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।’

নোটিশে আরও বলা হয়, ‘এ উপলক্ষে সকল কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অত্র কলেজের মো. আবুল হোসেনের নিকট আগামী ৫ জুলাই শুক্রবারের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মহসীন কবির প্রথম আলোকে বলেন, ‘আজ বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে কলেজের প্রধান সহকারীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেছেন, কলেজের কারও অনুষ্ঠান হলে এভাবেই নিমন্ত্রণ করা হয়।’

অধ্যাপক মো. মহসীন কবির আরও বলেন, ‘আমি কলেজের প্রধান সহকারী ও হিসাবরক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমার সব কলিগকে (সহকর্মী) কার্ড দিয়ে দাওয়াত করার জন্য। এভাবে টাকা চেয়ে নয়।’

আসন্ন যুক্তরাজ্যের নির্বাচনে ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়বেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে এবার বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই। সব মিলিয়ে অন্তত ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে থেকে লেবার পার্টি থেকে আছেন ৮ জন এবং কনজারভেটিভ থেকে ২ জন।

লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত আটজন ব্রিটিশ নাগরিক হলেন রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক, আফসানা বেগম, রুমী চৌধুরী উইথহাম, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজমুল হোসাইন। তাদের মধ্যে রুশনারা আলী, রুপা হক, টিউলিপ সিদ্দিক এবং আফসানা বেগম এপি হিসাবে দায়িত্বরত আছেন।

ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মনোনয়নে নির্বাচনি লড়াইয়ে আছেন লন্ডনের দক্ষিণে টটেনহাম আসনে আতিক রহমান এবং ইলফোর্ড সাউথ আসনে সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ছয়জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মনোনয়ন পেয়েছেন।

ইলফোর্ড সাউথে গোলাম টিপু, বেডফোর্ডে প্রিন্স সাদিক চৌধুরী, হেকনি সাউথে মোহাম্মদ সাহেদ হোসাইন, আলট্রিচহাম অ্যান্ড সেল ওয়েস্টে ফয়সাল কবির, ম্যানচেস্টার রসলমোতে মোহাম্মদ বিলাল এবং স্টার্টফোর্ড অ্যান্ড বো আসনে হালিমা খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইলফোর্ড সাউথ আসনে রিফর্ম পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ ফরহাদ।

লিবারেল ডেমোক্র্যাটসের মনোনয়নে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাবিনা খান। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে নাজ আনিস মিয়া ডুনফারমলাইন অ্যান্ড ডলার আসনে লড়ছেন। গ্রিন পার্টির মনোনয়নে ইলফোর্ড সাউথে সাইদ সিদ্দিকী, ওল্ডহাম ওয়েস্ট অ্যান্ড রয়টনে সাইদ শামসুজ্জামান শামস এবং লেস্টার সাউথ আসনে শারমিন রাহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোশ্যালিস্ট পার্টির হয়ে ফোকস্টোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতাজ খানম। এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১১ ব্রিটিশ নাগরিক। হলবর্ন অ্যান্ড প্যানক্রাসে লড়ছেন ওয়েইছ ইসলাম। বেথনালগ্রিন অ্যান্ড স্টেপনি গ্রিনে আজমাল মাশরুর, সুমন আহমেদ ও সাম উদ্দিন। পপলার অ্যান্ড লাইম হাউসে এহতেশামুল হক। স্টার্টফোর্ড অ্যান্ড বোতে ওমর ফারুক ও নিজাম আলী। ইলফোর্ড সাউথে নূরজাহান বেগম।

নিউক্যাসল সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টে হাবিব রহমান। বেক্সিল অ্যান্ড ব্যাটেলে আবুল কালাম আজাদ। ওল্ডহাম ওয়েস্ট, চেটারটন অ্যান্ড রয়স্টোনে রাজা মিয়া। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে ছোট-বড় প্রায় ৯৮টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

পাকা পেঁপে খুা উপকারী কিন্তু এর সাথে কিকি খাবার খেলে বিপদ জেনে নিনৃ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

হজমের গোলমাল কমানো ও প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপে। ত্বকের জেল্লা বাড়াতে পেঁপের জুড়ি নেই। পেঁপে শরীরকে টক্সিনমুক্ত করে। তবে কিছু খাবার পেঁপের সঙ্গে খেলে উপকার তো হবেই না, তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দেখা যাক এ বিষয়ে কি পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা।

পেঁপের মধ্যে রয়েছে ‘প্যাপেইন’ এবং চা, কফির মধ্যে ‘ক্যাফিন’। এই দু’টি উপাদান একসঙ্গে শরীরে নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তাদের জন্য এই দুই খাবারের যোগ বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেঁপে ও চা-কফি একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে।

প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রোটিনের অভাবে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। তাতে পেটের গোলমাল দেখা দিতে পারে। পাকা পেঁপের সঙ্গে মাংস, ডিম-এ ধরনের খাবার খাবেন না। এমনকি, একই দিনে এসব খাবার একসঙ্গে না খাওয়াই ভাল।

সাইট্রাস জাতীয় ফলের মধ্যে লেবু আমাদের প্রতিদিনের খাবারে থাকে। পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দু’টি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হতে পারে।

দই খাওয়া শরীরের জন্য খুবই উপকারি, তবে পেঁপের সঙ্গে একেবারেই নয়। শুধু দই নয়, দুগ্ধজাত যে কোনো খাবারই পেঁপের সঙ্গে খেতে নিষেধ করেছেন পুষ্টিবিদরা।

পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট যুক্ত খাবার খান তাহলে হজমে সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপা হতে পারে।

চট্টগ্রামে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে মো. জালাল উদ্দিন শাহ নামে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকার সম্পদ ও ভোগ দখলে রাখার অভিযোগ করা হয় মামলায়। আসামি জালাল উদ্দিন শাহ আনোয়ারা থানার বোয়ালিয়া এলাকার মেসার্স সাদিয়া মৎস্য হ্যাচারী ও পারকি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের নোটিশ পেয়ে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর জালাল উদ্দিন শাহ সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকার স্থাবর সম্পদ ও ৩৫ লাখ ১১ হাজার ৭৪৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। দুদক তার দেওয়া সম্পদ বিবরণী যাচাই করলে জানতে পারে, জালাল দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন না করলেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পায় দুদক।

তার নামে দায় বাদে ১ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৭৬৮ টাকার নিট স্থাবর–অস্থাবর সম্পদ পাওয়া গেছে এবং একই সময়ে তিনি ১৩ লাখ ৪০ হাজার ১৬৬ টাকার পারিবারিক ব্যয়সহ অন্যান্য ব্যয় করেছেন। ব্যয়সহ তার নামে মোট অর্জিত নিট সম্পদের পরিমাণ ১ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৯৩৪ টাকা।

সম্পদের বিপরীতে তার বৈধ বা গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৭০ লাখ ৭১ হাজার ৯১০ টাকা। এক্ষেত্রে তার অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয়ের উৎস ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকা কম পাওয়া গেছে। অর্থাৎ ব্যবসায়ী জালাল তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৪ টাকার সম্পদ ও ভোগ দখলে রেখে দুদক আইনের ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

দায়িত্ব নিলেন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছের হয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম।বৃহস্পতিবার (৪ জুলাই) সিএমপি হেডকোয়ার্টার্সে  আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে নগরের সিএমপি সদরদপ্তরে পুলিশের একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন।

সিএমপি কমিশনার পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপ সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিএমপির ৩২তম কমিশনার হিসেবে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে পদায়ন করা হয়।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী সিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়কে ২০২২ সালের ৩০ জুন সিএমপি কমিশনার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়েছিল।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাংচুর, কলেজ ছাত্রী সহ আহত ৬

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

মাগুরা মহম্মদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়ন দীর্ঘ দিন ধরে চলে আসছে স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসা।তারই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গতকাল ২ জুলাই ( মঙ্গলবার) রাত সাড়ে ৮ টার দিকে নহাটা ইউনিয়নের চেয়ারম্যান  তৈয়বুর রহমান তুরাপ এর সমর্থক মোহাম্মদ আলী ও  সাবেক চেয়ারম্যান আলী মিয়ার সমর্থক এবং ইউপি সদস্য খালিদ হোসেন টোকন এর বড় ভাই  কাসেদ মোল্লার চাকুলিয়া উত্তর পাড়া মোকারমের চায়ের দোকানে বাকবিতন্ডা হয়।এই ঘটনার জানাজানি হলে

বর্তমান চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের লোকজন সংঙ্গবদ্ধ হয়ে ইউপি সদস্য টোকন মেম্বারের লোকজনের উপরে হামলা করে।সরেজমিনে গিয়ে জানা যায়, এসময় উভয় পক্ষের ৩৫ জন ব্যক্তির ১১ টি দোকান ঘর সহ অন্তত ৫০টি বাড়িঘর ভাঙচুর  ও লুটপাট করেছে।এছাড়াও ইউপি সদস্য খালিদ হোসেন টোকন এর ১ টি প্রাইভেট কার, ১ টি ট্রাক্টর গাড়ী ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এসময় উভয় পক্ষের ৬ জন লোক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।আহতরা হলেন এইচএসসি পরীক্ষার্থী কলেজ ছাত্রী মোছাঃ অন্তরা (১৭) পিতা -হিরুন শেখ, ইমন শেখ (১৮) পিতা-খোকন শেখ,আজিজুল মোল্যা (১৬) পিতা- লিটন মোল্যা, কুদ্দুস শেখ (৭৫)  পিতা-মৃত কালু শেখ, মিনহাজ (১৮) পিতা-নজরুল মোল্যা,পলাশ (২৬) পিতা-ইশারত মোল্যা আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যরা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাদের পরিবার।

এই সময় নহাটা ইউনিয়নের ইউপি সদস্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘ দিন ধরে আমরা সাবেক চেয়ারম্যানের সাথে সামাজিক দল করি।কিন্তু কিছুদিন যাবৎ বর্তমান  চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ  বিভিন্ন লোকজন দিয়ে তার দলে যোগ দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। তার দলে যোগ না দেওয়ার কারণে তিনি তার লোকজন দিয়ে আমার লোকদের উপরে হামলা করেছে।সাবেক চেয়ারম্যান আলী মিয়ার সমর্থক আবু সাইদ বলেন,আমরা কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক ভাবে আমার মার্কেটে এসে একদল দুর্বৃত্ত কারী তান্ডব চালায় এতে আমার মার্কেট এর বেশ কয়েকটি দোকানঘর ভাংচুর হয়েছে এবং লুটপাট হয়েছে। আমি এর নায্য বিচার চাই।

এই বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই,ঘটনার সাথে সম্পৃক্ত সন্দেহে হামিদ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে,উক্ত বিষয়কে কেন্দ্র করে যাতে পরবর্তীতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পরেও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর লিঙ্গ কর্তন- স্ত্রী আটক

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা প্রতিনিধি//

স্বামী জাহিদুল ঘরামী দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী নাসরিন বেগম স্বামীর লিঙ্গ কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ স্ত্রী নাসরিনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে রবিবার গভীর রাতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে,২০২১ সালে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল কালাম আজাদ (কালাই) ঘরামীর ছেলে জাহিদুল ঘরামীর (২৮) সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার গেরাখালী গ্রামের মজিবর মাদবরের মেয়ে নাসরিন বেগমের (২০) বিয়ে হয়। তাদের একটি ৭ মাসের পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে জাহিদুল এক নারীর সঙ্গে অনৈতিক সর্ম্পক গড়ে তুলে। গত জানুয়ারী মাসে গোপনে ওই নারীকে তিনি বিয়ে করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। স্বামী জাহিদুল প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে চাপ দিলে রাজি হয়নি নাসরিন। এতে ক্ষুব্দ হয়ে স্বামী জাহিদুল স্ত্রীকে নির্যাতন করে আসছে। রবিবার গভীর রাতে স্ত্রী নাসরিন বেগম ধারালো দা দিয়ে লিঙ্গ কর্তন করে। এ সময় জাহিদুলের চিৎকারে স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তারা রক্তাক্ত জাহিদুলকে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ রাতেই স্ত্রী নাসরিনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

জাহিদুলের বাবা আবুল কালাম আজাদ (কালাই) ঘরামী বলেন,আমার ছেলের এই করুন পরিনতির জন্য ছেলের বউ নাসরিন দায়ী। আমি এ ঘটনায় শাস্তি দাবি করছি।

স্ত্রী নাসরিন বেগমের অভিযোগ,আমার স্বামী গত ৬ মাস পূর্বে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। ওই দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে আমাকে চাপ প্রয়োগ করছিল। আমি মেনে না নেওয়ায় আমাকে শাররিক ও মানসিকভাবে নির্যাচন করছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্ত্রী নাসরিনকে রাতেই আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Daily World News

কর্মকর্তাদের গাফেলতি- চসিকের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

কর্মকর্তাদের গাফেলতি- চসিকের সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ

// আবুল হাসেম, চট্টগ্রাম //

একদিন নয়, এক সপ্তাহ নয়, তিন বছর ধরে চসিকের ব্যাংক হিসাব নম্বর থেকে অর্থ চলে যাচ্ছে অন্যত্রে। অথচ এ নিয়ে ‘মাথা ব্যথাই’ ছিল না খোদ চসিকের হিসাব বিভাগের। এমন নিশ্চুপে একে একে জাইকাসহ প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের জমাকৃত প্রায় সাড়ে তিন কোটি টাকা উত্তোলন হয় চসিকের হিসাব নম্বর থেকে। যা পরবর্তীতে সুকৌশলে আত্মসাৎ করা হয়। ভাউচার পরিবর্তনের মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হলেও খবর নেই হিসাব শাখার।

অগ্রণী ব্যাংকের একটি শাখায় চসিকের হিসাব নম্বর থেকে অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের দায়েরকৃত মামলার তদন্তে ওঠে আসে এমন চিত্র। এ ঘটনায় চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাসহ তিনজন এবং ব্যাংকের এক কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পায় দুদক। এ ঘটনায় আলোচ্য চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দুদক।

এদিকে ব্যাংকের হিসাব নম্বর থেকে সরকারি অর্থ সুকৌশলে আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তাসহ চার জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছেন দুদকের তদন্ত কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের সম্প্রতি এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে চসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা আশুতোষ দে ও হিসাব রক্ষক মাসুদুল ইসলাম এবং অগ্রণী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অর্পিত দায়িত্ব পালনে অবহেলায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অন্যদিকে, মামলায় এজহারভুক্ত আসামি অগ্রণী ব্যাংকের সাবেক অফিসার রফিক উদ্দিন কোরাইশী ছাড়াও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভম দেওয়ান, গাজী আরিফুর রহমান এবং গ্রাহক মো. সুমন মিয়াকে অন্তর্ভূক্ত করা হয়।

এর আগে ২০২১ সালে ১৭ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব নম্বর থেকে ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার অফিসার মো. রফিক উদ্দিন কোরাইশীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় রফিক উদ্দিনকে একমাত্র আসামি করা হয়। মামলায় একজন আসামি হলেও দুদকের তদন্তে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ৪ জনকে আসামি করা হয়।

দুদকের তদন্তে ওঠে আসে, ভাউচার পরিবর্তনের মাধ্যমে জাইকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত চেকের মাধ্যমে সুমন মিয়ার একাউন্টে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ৫২৭ টাকা সরিয়ে নেয়া হয়। এরপর তা সুকৌশলে উত্তোলন করা হয়। এ কাজে জড়িত ছিলেন ব্যাংক কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশী ছাড়াও সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভম দেওয়ান, গাজী আরিফুর রহমান। তারা নিজেদের পরস্পর যোগসাজসে এসব অর্থ আত্মসাত করা হয়। চার্জশিটে ২৪ জনকে সাক্ষী করা হয়।

Daily World News

চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত- পাহাড়ধসের শঙ্কা

চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত- পাহাড়ধসের শঙ্কা

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

গত দুই দিন ধরে চট্টগ্রামে একটানা বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাতে হচ্ছে। এ একটানা বৃষ্টিপাতের কারনে নগরীতে পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী আকবর খান বলেন, শনিবার ভোর ছয়টা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা  হয়েছে। এছাড়া রোববার (৩০ জুন) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে। এ সময়ে চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে সকাল ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার কলাবাগান এলাকায় দেয়াল ধসে জেসমিন আক্তার নামে এক মহিলা আহত হন। তিনি কলাবাগান এলাকার খলিল মিয়ার কন্যা। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস আগামী তিনদিন বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় চট্টগ্রামের তাপমাত্রাও কমতে পারে।

রোববার সকালে ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় তীব্র বৃষ্টির মধ্যে যানবাহন না পেয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা দুর্ভোগে পড়েন । চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে, নগরীতে ২৬টি ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে। এসব পাহাড়ের পাদদেশে অবৈধভাবে সাড়ে ৬ হাজারের বেশি পরিবার বসবাস করছে। যেখানে শিশু, বৃদ্ধসহ বসবাসরত মানুষের সংখ্যা ৩০ হাজারের বেশি।