আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপসায় আলোচনা সভা ও কেক কাটা 

//তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ আওয়ামীলীগের  ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আলোচনাসভা ও কেক কাটা ২৩জুন সকাল ১১টায় রূপসা উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে জুম কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।
 প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো:কামরুজ্জামান জামাল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন  নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস‍্য ফ ম আ:সালাম, শিউলী সরোয়ার, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,  মোরশেদুল আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক  সরদার আবুল কাশেম ডাবলু।
যুগ্ম সাধারণ সম্পাদক  অধ‍্যাপক ডা.শ‍্যামল দাস এর পরিচালনায় বক্ততা ও উপস্থিত ছিলেন  জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সরদার জাকির হোসেন, নবাগত ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, দপ্তর সম্পাদক  আকতার ফারুক,  আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,  ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, মো: জমির শেখ, শক্তিপদ বসু, আমজাদ হোসেন, মো: অহিদুজ্জামান,  জুলফিকার আলী, মো: আরিফুজ্জামান, প‍্যানেল চেয়ারম্যান শেখ আনিছুর রহমান মিঠু, মনির হোসেন মোল্লা,নাসির হোসেন সজল,বিনয় হালদার, মিজান সরদার, তাহিদ মোল্লা, ফরিদ শেখ, হারুন মোল্লা, মাধুরী সরকার, স্বেচ্ছাসেবকলীগের রাজিব দাস,
ইউপি সদস‍্য  মঈন উদ্দীন, ইনতাজ মোল্লা, মাসুম শেখ, দাউদ শেখ, হাফিজ ঢালী, সুকুমার বৈরাগী, লিপিকা দাস, নাজমা বেগম, ফ ম মিজানুর রহমান, আ:জব্বার সরদার,  ইলিয়াজ শেখ, মুছা লস্কর,
যুবলীগ নেতা  সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ,
খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম  শাওন, সামসুল আলম বাবু,
স্বেচ্ছাসেবকলীগের মঈন উদ্দীন,  মুছা মোল্লা সবুজ,মেহেদী হাসান, ইরান মোল্লা,আসমা বেগম, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন প্রমূখ।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

//তরুণ কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//

আজ ২১শে জুন ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় স্থান আর্য্য ধর্মসভা মন্দির, খুলনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে,প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন,সভাপতি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কার্যনির্বাহী সদস্য কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ কৃষ্ণ পদ দাশ।এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক,খুলনা জেলা পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখা বাবু বিমান সাহা।

সহ সভাপতি অ্যাডভোকেট নিমাই রায়,সহ সভাপতি চম্পক পাল,রতণ মিত্র,রনজিত রায়, অজিত বিশ্বাস ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদ সাধন ভদ্র,অনিমেষ সরকার রিন্টু, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ,  দপ্তর সম্পাদক সুমন দাশ, প্রচার সম্পাদক পলাশ মন্ডল, উপদেষ্টা  সুনিল বালা, গনেশ চন্দ্র মন্ডল, বিধান চন্দ্র রায়,লিটন কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক  বিমান রায়, রূপসা উপজেলার সংগ্রামী সভাপতি শক্তিপদ বসু ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলার সাধারণ সম্পাদক শংকর বালা,দিঘলিয়া উপজেলার সভাপতি সৌমিত্র ও সাধারণ সম্পাদক প্রদীর বিশ্বাস। বাইগাছা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু ও সাধারণ সম্পাদক আনন্দমোহন বিশ্বাস। ফুলতলা উপজেলার সভাপতি গৌরহরি সহ বিভিন্ন উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক ও বিশেষ বর্ধিত সভা শেষে। পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ পদ দাশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য হওয়ায় ও পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায়  এবং ডুমুরিয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ,ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিশোধের খুলনা জেলা শাখার পক্ষ থেকে,ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির পরিবর্তন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা থাকলেও এখন তা কমিয়ে আনা হয়েছে। আগামী ২৬ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন।

এ ছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে বলেও সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১৩ জুন থেকে শুরু হয়েছে, যা ২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। যদিও এবার গ্রীষ্মের ছুটি কমানো হতে পারে বলে আগেই ইঙ্গিত ছিল সংশ্লিষ্টদের।

এই ছুটি সংক্ষিপ্ত করার ব্যাখ্যায় শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখায়ও কর্মদিবস কমে যাবে। এ জন্য গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।

 

মহাবিশ্বের পঞ্চম বল আসলে কী?

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

২০১২ সাল। হাঙ্গেরিয়ান পদার্থবিদেরা ভীষণ উত্ফুল্ল। ছোট্ট একটা পরীক্ষা যে কখনোসখনো বড় ফল এনে দেয়, যা নাকি একেবারেই অপ্রত্যাশিত, এমন কিছু ঘটলে তো বিজ্ঞানীরা উত্ফুল্ল হবেনই। সেই গবেষকদের দলের নেতৃত্বে ছিলেন ডেব্রেসেন বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের পদার্থবিদ আত্তিলা কার্জন্যাহরকে।

একটা ছোট্ট সাধারণ কণা ডিটেক্টর নিয়ে কাজ করছিলেন তাঁরা। হঠাত্ ডিটেক্টরে অন্য রকম একটা কণার সন্ধান পান বিজ্ঞানী দল। কণাটি খুব হালকা। ভর ৩৪টি ইলেকট্রনের সমান।

সেটার চরিত্র বোঝার জন্য চলল তথ্য-উপাত্ত নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু পদার্থবিদ্যার যে স্ট্যান্ডার্ড মডেল, তাতে যে কটি কণা ঠাঁই পেয়েছে, তার কোনোটির সঙ্গেই মেলে না কণাটির চরিত্র। তার মানে, স্ট্যান্ডার্ড মডেলের চেনাজানা গণ্ডির বাইরের কোথাও থেকে হাজির হয়েছে কণাটি!

তাহলে কি তাঁদের হিসাবে কোনো ভুল হলো? ভাবলেন বিজ্ঞানীরা। আবার তাঁরা পরীক্ষাটি করার সিদ্ধান্ত নিলেন।

এবারও একই ফল। কী এই কণা? আবার শুরু হলো তাঁদের হিসাব-নিকাশ। শেষমেশ বিজ্ঞানীরা সিদ্ধান্তে এলেন, এটাই ডার্ক ফোটন। সেটা আবার কী? ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির নাম নিশ্চয় অজানা নয়। বাংলায় যাদের অনেকে গুপ্তপদার্থ ও গুপ্তশক্তি বলে।

সেই ডার্ক ম্যাটারের জন্য মহাবিশ্বে একধরনের বলের দরকার হয়। সেই বলের জন্য দায়ী যে কণা, সেটাই হচ্ছে ডার্ক ফোটন।

ডার্ক ফোটন নামটা নেওয়া হয়েছে আরেকটা বলবাহী কণা ফোটনের নাম থেকে। ফোটন হলো আলোর কণা। ইলেকট্রন, প্রোটনের কিংবা কোয়ার্কের মতো বস্তুকণা নয়। আমরা যে আলোর সাহায্যে দেখি, সেটা একই সঙ্গে কণা এবং তরঙ্গ প্রকৃতির। আলোর সেই কণাকেই ফোটন বলে। ফোটন আবার দুই রকমের-বাস্তব আর ভার্চ্যুয়াল ফোটন। পরমাণুর ভেতরে ইলেকট্রনরা যখন এক উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখন আমরা যে ফোটন দেখি, সেগুলো বাস্তব কণা। আবার বিদ্যুত্চুম্বকীয় বলের জন্য দায়ী কণারা হলো ভার্চ্যুয়াল ফোটন। একটা চার্জিত কণা যখন ত্বরিত হয় বা বৃত্তাকার পথে ঘোরে, তখন সেই কণা বিদ্যুত্চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে। আবার চার্জিত কণা বিদ্যুৎক্ষেত্র তৈরি করে। অর্থাত্ তার যে বৈদ্যুতিক প্রভাব, সেটা ছড়িয়ে রাখে শূন্যস্থানে। আরেকটি চার্জিত কণা যখন সেই বিদ্যুৎক্ষেত্রে আসে, তখন সে এক ধরনের বল অনুভব করে। সেই বলই হলো বিদ্যুত্চুম্বকীয় বল। এ কথা একটা চৌম্বকক্ষেত্রের জন্যও সত্যি। একটা চুম্বক তার চৌম্বকীয় প্রভাব ছড়িয়ে রাখে শূন্যস্থানের ভেতর। আরেকটা চৌম্বকীয় পদার্থ সেই ক্ষেত্রের ভেতর এলে চৌম্বক বল অনুভব করে। এটাও আসলে বিদ্যুত্চুম্বকীয় বল। বিজ্ঞানীরা অনেক আগেই দেখিয়েছেন, চুম্বক আর বিদ্যুত্ একই বলের আলাদা রূপ। আর বৈদ্যুতিক চার্জ আর চুম্বক শূন্যস্থানে যে বল ছড়িয়ে রাখে, সেগুলো আসলে বিদ্যুত্চুম্বকীয় তরঙ্গ আকারে। আবার আলো, যার সঙ্গে আমাদের নিত্য বসবাস, সেটাও কিন্তু বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ। পরমাণুর ভেতর প্রোটন আর ইলেকট্রনের ভেতর যে আকর্ষণ, যে কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে, সেই আকর্ষণ বল আসলে একধরনের বিদ্যুত্চুম্বকীয় বলই। আর এই বিদ্যুত্চুম্বক যে তরঙ্গাকারে ছড়িয়ে পড়ে, তার পেছনে ভূমিকা রয়েছে ভার্চ্যুয়াল ফোটনদের।

মহাবিশ্বে আরও তিনটি বল সক্রিয়। সবল নিউক্লীয় বল, দুর্বল নিউক্লীয় বল আর মহাকর্ষ বল। সবল নিউক্লীয় বল ক্রিয়া করে পরমাণুর নিউক্লিয়াসের ভেতর। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আর চার্জ নিরপেক্ষ নিউট্রন অত্যন্ত দৃঢ়ভাবে যুক্ত থাকে। তাদের এই শক্তিশালী বন্ধনের রহস্য কী? বিজ্ঞানীরা এটা নিয়ে একসময় বিরাট ঝামেলায় পড়েছিলেন। পরে প্রমাণ হয়, এর পেছনে সম্পূর্ণ নতুন এক বল কাজ করে। বিজ্ঞানীরা এই বলের নাম দিলেন সবল নিউক্লীয় বল। চার বলের মধ্যে এই বলই সবচেয়ে শক্তিশালী। কিন্তু পাল্লা খুব কম। পরমাণুর নিউক্লিয়াসের ক্ষুদ্র আয়তনের মধ্যেই এর যত জারিজুরি। তার বাইরে এর বাহাদুরি চলে না। কিন্তু এই বলের জন্য দায়ী কোনো কণা আছে কি? বিজ্ঞানীরা একটা সময় মনে করতেন, মেসন নামের একধরনের কণা এই বলের বাহক হিসেবে কাজ করে। পরে তাঁরা জানতে পারেন, মেসন নিজেই মূল কণিকা নয়। এগুলো কোয়ার্ক দিয়ে তৈরি। মূল কণিকা নয় নিউট্রন কিংবা প্রোটনও। এরাও কোয়ার্ক তৈরি দিয়ে। নিউট্রন, প্রোটন আর মেসনের ভেতরে কোয়ার্কগুলোকে আটকে রাখে গ্লুয়ন নামের বলবাহী কণা। এই গ্লুয়নই সবল নিউক্লীয় বলের বাহক কণা।

হাইড্রোজেন কিংবা লোহা-বেশির ভাগ মৌলের নিউক্লিয়াস স্থিতিশীল। কিন্তু কিছু পরমাণুর নিউক্লিয়াস মোটেও সুখে-শান্তিতে থাকতে রাজি নয়। তাদের ভেতরের নিউক্লিয়নগুলোর মধ্যে যেন জন্মের আড়ি। সেই আড়ি থেকেই তাদের নিউট্রনগুলোর ভেতর ভাঙন ধরে। তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে ক্রমাগত কমে যায়, পরিবর্তন হয় পারমাণবিক সংখ্যা। এক পরমাণুর নিউক্লিয়াস ভেঙে পরিণত হয় আরেকটি পরমাণুর নিউক্লিয়াসে। কণা বিজ্ঞানীরা বলেন, এর পেছনে কাজ করে দুর্বল নিউক্লীয় বল। এই দুর্বল নিউক্লীয় বলের বাহক হলোW+, W- ও Z0 নামের তিনটি কণা।

চারটি বলের মধ্যে মহাকর্ষ সবচেয়ে দুর্বল। এর আকর্ষণ ক্ষমতা খুবই কম। কিন্তু বিস্তার অনেক বেশি, অসীম পর্যন্ত। এই বলের জন্য নিউটন বলেছিলেন বস্তুর ভর দায়ী। কিন্তু বস্তুর সেই ভরটা কোথায় থাকে, সেটা আজও মস্ত এক রহস্য। আইনস্টাইন বলেছিলেন, মহাকর্ষ হলো স্থান-কালের বক্রতার ফল। ভারী বস্তু তার চারপাশের স্থান-কাল বাঁকিয়ে দেয়। সেই বাঁকানো স্থান-কালের ভেতর আরেকটি বস্তু এসে পড়লে মনে হয়, বস্তু দুটো পরস্পরকে আকর্ষণ করছে। কিন্তু এই বল নিয়ে একটা ঝামেলা আছে। খুদে কণিকাদের জগতে এই বল কাজ করে না। আবার খুদে কণিকারা চিরায়ত বলবিদ্যার কোনো সূত্রই মানে না। তাই এদের জন্য তৈরি হয়েছে পদার্থবিদ্যার আরেকটা শাখা কোয়ান্টাম বলবিদ্যা। সেই বলবিদ্যা দিয়ে মহাবিশ্বের পুরোটা আবার ব্যাখ্যা করা যায় না। ভারী বস্তুর প্রকৃতি ব্যাখ্যায় আজও নিউটন-আইনস্টাইনের বলবিদ্যাই কার্যকর। মহাবিশ্বের সৃষ্টিরহস্য ব্যাখ্যার জন্য ১৯৭০-এর দশকে তিন পদার্থবিদ স্টিভেন ওয়েনবার্গ, আবদুস সালাম ও শেলডন গ্ল্যাশো স্ট্যান্ড্যার্ড মডেল দাঁড় করান। সেই মডেলে স্থান পায় সব মূল কণিকার। বোসন আর ফার্মিয়ন এই দুই শ্রেণিতে ভাগ করে। ফার্মিয়ন শ্রেণির কণাগুলো সাধারণ বস্তুকণা আর বোসন কণাগুলো হলো বলবাহী কণা। কিন্তু স্ট্যান্ডার্ড মডেলে মহাকর্ষ বলের স্থান কোথায়? এটার সমাধান আজও হয়নি। তবে কণা পদার্থবিদেরা একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছেন। বলেছেন, এক কল্পিত বলবাহী কণার কথা, সেটা গ্র্যাভিটন। সেটার কারণেই নাকি বস্তু মহাকর্ষ বল অনুভব করে। কিন্তু সেই বলবাহী কণার দেখা আজও পাননি বিজ্ঞানীরা।

এখন যেটা বড় হয়ে দেখা দিয়েছে, এই চার বলই কি নিয়ন্ত্রণ করছে গোটা মহাবিশ্ব। তা হয়তো নয়। কারণ, মার্কিন বিজ্ঞানী ভেরা রুবিনের একটা তত্ত্ব। ১৯৭০-এর দশকে এই মার্কিন জ্যোতির্বিদ বললেন, এক আশ্চর্য কথা। মহাবিশ্বের মোট ভরশক্তির খুব সামান্য অংশই আমাদের কাছে ধরা দিয়েছে, মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশই রয়ে গেছে গুপ্ত অবস্থায়। আমাদের প্রচলিত পদার্থবিদ্যার জ্ঞান দিয়ে আপাতত সেগুলোর হদিস পাওয়া সম্ভব নয়। পরে বিজ্ঞানীরা একটা তথ্য বের করতে পারলেন। সেই গুপ্ত ভরশক্তির ৬৮ শতাংশ গুপ্ত শক্তির (Dark Energy) আকারে থাকে, বাকি ২৭ শতাংশ গুপ্ত পদার্থ (Dark Matter)। কিন্তু কেন এই গুপ্ত ভরশক্তির অবতারণা?

সমস্যাটার সূত্রপাত ১৯৩০-এর দশকে। ডাচ বিজ্ঞানী ইয়ান ওর্ট ও মার্কিন বিজ্ঞানী ফ্রিত্জ জুইকি মহাকাশে অদৃশ্য এক মহাকর্ষ প্রভাবের সন্ধান পেলেন। সেই মহাকর্ষীয় প্রভাবের জন্য মহাবিশ্বের কোনো বস্তুই দায়ী নয়। অচেনা বস্তু থেকে তৈরি সেই মহাকর্ষ বলের প্রভাব অনেক অনেক বেশি। তবে কি তাঁদের হিসাবে ভুল ছিল? প্রায় ৩০ বছর পর্যন্ত বিজ্ঞানীরা সেটা নিয়ে তেমন মাথা ঘামাননি। ১৯৫৯ সাল, জ্যোতির্বিদ লুইস ভোল্ডারসের আরেকটি গবেষণা বিষয়টা নিয়ে আবার ভাবিয়ে তুলল বিজ্ঞানী মহলকে। এরপরই ভেরা রুবিন সেটা নিয়ে গবেষণা শুরু করেন। এই বিশাল পরিমাণ ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জিকে আমলে নিয়েই বিগ ব্যাং, মহাবিশ্বের প্রসারণ ইত্যাদি বিষয়গুলো ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা করা যায় আইনস্টাইনের মহাকর্ষও। সুতরাং গুপ্তপদার্থ ও গুপ্তশক্তি নিয়ে আর কারও সন্দেহ থাকে না।

বিশ্বব্যাপী ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি নিয়ে ব্যাপক গবেষণা চলছে চার দশক ধরে। কিন্তু এদের সন্ধান মেলেনি। বিজ্ঞানীরা দৃশ্যমান জগতের মতো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জিও নিয়ে একটা বৈজ্ঞানিক সিস্টেম তৈরি করতে চাচ্ছেন। এরই প্রথম প্রয়াস হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের এই তত্ত্ব। তাঁরা মনে করেন, বিদ্যুৎ-চুম্বকীয় বল যেমন আমাদের চেনাজানা মহাবিশ্বকে দৃশ্যমান করছে, এর সম্পূর্ণ পরিচিতি তুলে ধরেছে আমাদের সামনে, তেমনি একটি বল নিয়ন্ত্রণ করছে গোটা গুপ্ত ভরশক্তির জগেক। হাঙ্গেরিয়ান বিজ্ঞানীরা গুপ্তজগতের সেই বলটিকেই বলছেন ডার্ক ফোর্স বা গুপ্তবল, যা নাকি মহাবিশ্বের পঞ্চম বল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। বল যদি থাকে তাহলে সেই বলের বাহকেরও দরকার। অর্থাৎ এর জন্যও একটা বলবাহী বোসন কণা থাকতে হবে। আত্তিলা কার্জন্যাহরকে আর তাঁর দলটি বলছে, তাঁদের আবিষ্কার করা সেই রহস্যময় কণাটি আসলে ডার্ক ফোর্সের বাহক। তাঁরা ২০১৫ সালে আবার একটা গবেষণাপত্র প্রকাশ করেন। তাতে তাঁরা দাবি করেন, পঞ্চম এই বল আর ডার্ক ফোটনই হবে স্ট্যান্ডার্ড মডেলের মিসিং লিংক। প্রথম দিকে তাঁদের এই তত্ত্ব নিয়ে তেমন কেউ মাথা ঘামাননি। কিন্তু ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের গবেষণার ফলটিকে যাচাই করে দেখেন। তাঁরা এতে কোনো খুঁত খুঁজে পাননি। এ কথাও তাঁরা ফলাও করে প্রচার করেছেন। তাতেই টনক নড়েছে সারা বিশ্বের বিজ্ঞানীদের। এখন শুধু সময়ের অপেক্ষা। পঞ্চম বল আর ডার্ক ফোটন নিয়ে বিশ্বের বড় বিজ্ঞানীরা গবেষণা করবেন। হয় তাঁরা হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের গবেষণাকে প্রমাণ করবেন, নয়তো বাতিল হবে ৫ নম্বর বল আর গুপ্ত ফোটনের এই তত্ত্ব।

লেখক: সহসম্পাদক, বিজ্ঞানচিন্তা

সূত্র: পপুলার সায়েন্স

Daily World News

আগামীকাল ঈদ|| দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগামীকাল ঈদ|| দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামীকাল সোমবার দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

ঈদুল-আজহার প্রাক্কালে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল-আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানাই।

ঈদ মোবারক।’

শেখ হাসিনা আরো বলেন,‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন,‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

কুয়েতে আগুন: নিহত ৪৯

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ এলাকায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪১ জনই ভারতীয়।

বুধবার (১২ জুন) ভোরে এ আগুনের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের একটি তলার রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। বেশির ভাগ বাসিন্দারই মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে।

এ ঘটনায় আহত আরো ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনে ১৬০ জনের মতো মানুষ থাকতেন। তারা সবাই একটি কোম্পানিতে নিয়োজিত ছিলেন। তারা নির্মাণসংশ্লিষ্ট নানা কাজ করতেন।

আরব টাইমসের তথ্যমতে, নিহত ভারতীয়দের বেশির ভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুয়েতের শহরে আগুনে প্রাণহানির ঘটনা দুঃখজনক। এ ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

মর্মান্তিক এ ঘটনায় পরবর্তী করণীয় নিয়ে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে।

জানা গেছে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখে কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

চিঠিতে বিজয়ন লিখেছেন, তিনি রিপোর্ট পেয়েছেন যে কুয়েতের মাঙ্গাফের এনবিটিসি ক্যাম্প নামে পরিচিত একটি ক্যাম্পে আগুন লেগেছে এবং কেরালার কিছু মানুষসহ বেশ কয়েকজন ভারতীয়  নাগরিক প্রাণ হারিয়েছেন। অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন।

চিঠিতে আরও লেখেন, আমি আপনাকে অনুরোধ করছি কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ করুন এবং ত্রাণ ও উদ্ধার অভিযানের সমন্বয়ের জন্য ভারতীয় দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশ দিন।

কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ বলেন, শ্রমিকদের নিয়োগদাতা কোম্পানি ও ভবনমালিকদের লোভের কারণে আগুনে এভাবে প্রাণহানি ঘটেছে।

ওই ভবন ভাড়া করেছিল এনবিটিসি গ্রুপ। সেটির মালিক ভারতের কেরালার ব্যবসায়ী কে জি আব্রাহাম বলে গণমাধ্যমের খবর বলা হয়েছে। কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোয় নির্মাণশ্রমিকসহ এ ধরনের কাজ করা ব্যক্তিদের বসবাসের জন্য সাধারণত এ ধরনের ভবনের বন্দোবস্ত করা হয়। সেখানে গাদাগাদি করে থাকতে হয় প্রবাসী শ্রমিকদের।

রূপসায় সার আনলোড হ্যান্ডেলার গ্রাফসের চাপায় শ্রমিকের মৃত্যু

দৈনিক বিশ্ব, নিজস্ব প্রতিনিধি||

রূপসায় সার আনলোড করতে গিয়ে আনলোড হ্যান্ডেলার গ্রাফস এর নিচে চাপা পড়ে আসাবুর ঢালী কালু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ১১ জুন বেলা সাড়ে ৩ টার দিকে পূর্ব রূপসাস্থ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের বিলুপ্ত রুপসী রাইস মিলের অদূরে এ ঘটনা ঘটে। নিহত আসাবুর রহমান ঢালী দাকোপ উপজেলার গুনারি গ্রামের সাত্তার ঢালীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়- দীর্ঘ দিন ধরে ওই স্থানে আকিজ গ্রুপের সার আনলোড করে আসছিলো আর আর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক রাজিবুল ইসলাম এর ভাইপো সাব্বির ওই কাজ দেখাশোনা করতো। ঘটনার সময় সার বোঝাই এমভি নওশিন রহমান-৪ জাহাজের ভিতরে আসাবুর ঢালী কালুসহ আর আর এন্টারপ্রাইজের ৫ জন শ্রমিক কাজ করছিলো। এ সময় সার আনলোড হ্যান্ডেলার গ্রাফস দিয়ে কালুকে চাপা দেয় চালক জিহাদুল ইসলাম। এতে আসাবুর ঢালী কালু মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে জরুরী ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে আসাবুর ঢালী কালুর মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপতৎপরতায় লিপ্ত রয়েছে আর আর এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। আর আর এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী রাজিবুল ইসলাম তাদের এই প্রতিষ্ঠানকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে দাবি করে বলেন, আসাবুর ঢালী কালু খাতাপত্রে আমাদের স্টাফ না। তার মৃত্যুও সার আনলোডের কারনে হয়নি।

এ ব্যপারে পূর্ব রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা কামাল বলেন- সার আনলোড জাহাজের আনলোড হ্যান্ডেলার গ্রাফস এর আঘাতে আসাবুর ঢালী কালু নামে একজন লেবারের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ খুলনা মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রূপসায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

//এম মুরশীদ আলী//

জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরাধীন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় গত ৯জুন বিকেলে রূপসা উপজেলা অফিসার্সক্লাব মিলনায়তনে আলোচনা শেষে জেলেদের বকনা বাছুর দেওয়া হয়।

আলোচনা সভায় ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা  মৎস‍্য কর্মকর্তা বাপী কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মেরিন অফিসার শেখ রাসেল, মো. মহিবুল ইসলাম শাহেদ সিকদার, মাসুদুর রহমান প্রমুখ।

টানা তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে চলেছেন কিন্তু বিভাবে এবং কত আসন পেলেন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

  • ২০১৪ সালে ২৮২ আসন পেয়ে সরকার গড়েছিলেন মোদি। পাঁচ বছর পর পেয়েছিলেন ৩০৩ আসন।
  • জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতা মোদির নেই। এবারই প্রথম তাঁকে জোট সরকার গঠন করতে হচ্ছে।

আরও একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। এই নিয়ে টানা তৃতীয়বার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটিও তিনি খোদাই করতে চলেছেন। যদিও নেহরুর মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে তিনি ব্যর্থ হলেন। পারলেন না ‘চার শ পার’ স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকে যেতে।

গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল মোদির দল বিজেপি এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের এনডিএ তিন শ আসনও ছুঁতে পারল না। প্রবলভাবে উঠে এল কংগ্রেসের উদ্যোগে গড়া ‘ইন্ডিয়া’ জোট। টানা এক দশক পর তারা মোদির বিজেপির একদলীয় শাসনের অবসান ঘটাল। সরকার গড়লেও প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে এখন থেকে হতে হবে পরমুখাপেক্ষী। তাঁর ঘাড়ে প্রতিনিয়ত শ্বাস ফেলবে বিরোধী জোট ইন্ডিয়া।

ভারতের নির্বাচন কমিশন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৬ আসন পেয়েছে। ইন্ডিয়া জোট পেয়েছে ২০২টি আসন। বিজেপি একা সরকার গঠনের জন্য ২৭২ ম্যাজিক ফিগারের কাছে পৌঁছাতে ব্যর্থ। দলটি পেয়েছে ২৪০ আসন। কংগ্রেস পেয়েছে ৯৯টি। এর অর্থ, বিজেপিকে সরকার গড়তে হলে নির্ভর করতে হবে প্রধানত দুই শরিক নীতীশ কুমারের জেডি–ইউ ও অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টির (টিডিপি) ওপর। এই দুই দলের সম্মিলিত আসন ২৮টি।

কংগ্রেস স্বভাবতই এই ফলে উৎফুল্ল। গতকাল বিকেলে দলীয় দপ্তরে সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সম্মেলনে বলেন, এই ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ও নৈতিক পরাজয়। গোটা নির্বাচনটাই বিজেপি লড়েছিল মোদির নামে। যাবতীয় গ্যারান্টিও দিয়েছিলেন মোদি। এটা ছিল তাঁর পক্ষে অথবা বিপক্ষের গণভোট। জনতা তাঁর বিরুদ্ধেই মত দিয়েছে।

খাড়গে ও রাহুল দুজনেই জানিয়েছেন, ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক হবে বুধবার (আজ)। সবার সঙ্গে আলোচনা করে সেখানে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে। ওয়েনাড ও রায়বেরিলি, দুই জেতা আসনের কোনটি রাখবেন কোনটি ছাড়বেন—সেই সিদ্ধান্তও সবার সঙ্গে আলোচনার পর নেবেন বলে রাহুল জানান। দুই নেতাই বলেন, এই জয় জনতার জয়।

এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আগামী দিনগুলোয় প্রশাসক নরেন্দ্র মোদিকে নতুনভাবে আবির্ভূত হতে হবে। সেই ভূমিকা কোনো দিন তিনি পালন করেননি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকার ছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। কারও ওপর নির্ভর করতে হয়নি। প্রধানমন্ত্রী হিসেবেও তাঁর নেতৃত্বাধীন বিজেপিকে কখনো অন্য কারও মুখের দিকে তাকিয়ে থাকতে হয়নি। ২০১৪ সালে সরকার গড়েছিলেন ২৮২ আসন পেয়ে। পাঁচ বছর পর পান ৩০৩ আসন। এবার এক ঝটকায় তা ২৪০– এ নেমেছে। সরকার গড়ার এই যে ৩২টি আসন ঘাটতি, তা মেটাতে হবে জেডি–ইউ, টিডিপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী, চিরাগ পাসোয়ানের এলজেপি ও উত্তর প্রদেশের জয়ন্ত চৌধুরীর আরএলডির মতো দলগুলোর সমর্থন নিয়ে। এদের কাউকেই উপেক্ষা বা অবজ্ঞা করার মতো অবস্থায় মোদির বিজেপি থাকবে না; বরং সারাক্ষণ তাদের গুরুত্ব দিতে হবে। দাবি মানতে হবে। পছন্দের মন্ত্রিত্বও দিতে হবে। না হলে জোট ছাড়ার প্রচ্ছন্ন শঙ্কার মধ্যে থাকতে হবে। নীতীশ কুমার ও চন্দ্রবাবুর অতীত মোদির জানা। বারবার তাঁরা জোটে এসেছেন, বেরিয়েও গেছেন। নাইডু এবার আরও শক্তিশালী ও ক্ষমতাবান। অন্ধ্র প্রদেশে একার ক্ষমতাতেই সরকার গড়ার মতো অবস্থায় তিনি। মোদি তাঁকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে গণনা চলাকালীনই তাঁকে ফোন করে জানিয়ে দেন, তাঁর শপথে নিজে উপস্থিত থাকবেন। চন্দ্রবাবু শপথ নেবেন ৯ জুন, ওই দিনটিই মোদি বেছে রেখেছিলেন তৃতীয়বার শপথ নেওয়ার জন্য।

জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতাই মোদির নেই। জোটের ধর্ম কেমন, তা–ও তাঁর অজানা। টানা ১০ বছর দাপিয়ে তিনি শাসন করেছেন। কারও তোয়াক্কা না করে সরকার চালিয়েছেন। পুরোপুরি নিজের ইচ্ছেমতো। সেই উঁচু মাথা হেঁট করে অনমনীয় চরিত্র নমনীয় করে শরিকদের যাবতীয় আবদার মেনে শাসন করার কায়দা তাঁকে শিখতে হবে। আত্মমগ্ন ও কর্তৃত্ববাদী কোনো শাসকের পক্ষে রাতারাতি এই রূপান্তর কঠিন। সেই কঠিন কাজই মোদিকে রপ্ত করতে হবে। এমন মোদিকে কেউ কখনো দেখেনি। সে দিক দিয়ে তিনি নিজেই চমকপ্রদ দ্রষ্টব্য হয়ে উঠবেন।

এই ভোট ও তার ফল নরেন্দ্র মোদির কয়েকটি স্বপ্নও খানখান করে দেবে। যেমন তাঁর সাধের ‘এক দেশ এক ভোট’ নীতি। তিনি ভেবেছিলেন, প্রথম দুবারের মতো একক ক্ষমতায় তৃতীয়বার সরকারে এলে এই নীতি চালু করে দেবেন। ইন্ডিয়া জোট শুরু থেকেই ওই নীতির বিরোধী। এনডিএর শরিকদেরও তাতে মত থাকবে কি না, সন্দেহ। একইভাবে বানচাল হয়ে যাবে বহু প্রচারিত অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়টিও। দুটি সিদ্ধান্ত বলবৎ করতে গেলে সংবিধান সংশোধন জরুরি। সে জন্য প্রয়োজন সংসদের দুই–তৃতীয়াংশ সমর্থন; এই ফলের পর যা আশা করা বৃথা। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া ‘ইলেকটোরাল বন্ড’ কিছুটা পাল্টে নতুন করে আনার পরিকল্পনা মোদির ছিল। সেই আশাও জলাঞ্জলি দিতে হবে। ‘পিএম কেয়ার্স’ তহবিলও এরপর সরকারি অডিটের আওতার বাইরে রাখা মোদির পক্ষে সম্ভবপর হবে কি না, বলা কঠিন। বিরোধীদের উপস্থিতি সোয়া দুই শর বেশি হওয়ায় অর্ধেক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তাদের দিতে হবে। সবচেয়ে বড় কথা, গত পাঁচ বছর হীনবল বিরোধীদের যে দাবি মোদি কর্ণপাত করেননি, তা এবার মেনে নিয়ে লোকসভার ডেপুটি স্পিকারের পদটি দিতে হবে বিরোধীদের। ৯৯ আসন পাওয়া কংগ্রেসকে দিতে হবে বিরোধী নেতার পদ, যা পেতে গেলে ৫৫ আসন জিততে হয়। গতবার যা ছিল মোদির দাক্ষিণ্য।

দেখার বিষয় আরও আছে। পাঁচ বছর ধরে মোদি সরকার ইডি, সিবিআই, আয়কর বিভাগ, এনআইএর যথেচ্ছ ব্যবহার করেছে। তাদের দল ভাঙানো ও দল গঠনের মতো কাজে লাগিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। রাহুল নিজেই গতকাল বলেছেন, কংগ্রেসকে বিপদে ফেলতে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর শক্তিশালী বিরোধীদের চাপে এই প্রবণতা কতটা বজায় থাকে, সেটাও দেখার। স্পষ্টতই এত দিন মোদির সরকার এদের যেভাবে ব্যবহার করে এসেছে, তাতে তাদের রাশ টানতেই হবে। এত দিন ধরে যে বিশেষণে মোদি ভূষিত হয়েছেন, সেই ‘স্বৈরতন্ত্রী’ তকমা বজায় রাখতে তিনি পারবেন কি?

এই ফল জাতীয় রাজনীতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নতুন করে ফিরিয়ে আনল। হিন্দি বলয়ে যে দল প্রায় মুছে গিয়েছিল, কিছুটা হারানো জায়গা তারা ফিরিয়ে আনল। বিশেষ করে উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও বিহারে। পাঞ্জাবের প্রতিষ্ঠিত সব কংগ্রেস নেতা বিজেপিতে চলে গেলেও একার ক্ষমতায় তারা অধিকাংশ আসন জিতেছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও কর্ণাটকে জমি খুঁজে নিয়েছে। ব্যর্থতা তাদের অবশ্যই আছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওডিশা, অন্ধ্র প্রদেশে কিছুই প্রায় করতে পারেনি। কিন্তু আসনসংখ্যা প্রায় দ্বিগুণ করে ১০০ ছুঁই ছুঁই অবস্থায় পৌঁছে যাওয়া দলটাকে চনমনে করে তুলবে। বিশেষ করে উত্তর প্রদেশে পায়ের তলার জমি আরও শক্ত করতে প্রিয়াঙ্কাকে রায়বেরিলি থেকে জিতিয়ে আনার পরিকল্পনা যখন রয়েছে।

গতকাল সন্ধ্যায় মহা ধুমধামের সঙ্গে বিজেপি তাদের দলীয় দপ্তরে বিজয় দিবস উদ্‌যাপন করল। দৃশ্যত উৎফুল্ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহাস্য মুখে অভিবাদন গ্রহণ করলেন। যদিও মনে খচখচানি তাঁর থাকারই কথা। দলের ৩৭০ পাওয়া তো দূরের কথা, জোটকে ৩০০ পাইয়ে দিতেও তিনি ব্যর্থ। শুধু কি তাই? যে বারানসি থেকে গতবার তিনি সাড়ে ৪ লাখের বেশি ব্যবধানে জিতেছিলেন, সেখানে পিছিয়ে পড়েও জয় পেয়েছেন মাত্র দেড় লাখ ভোটে। নরেন্দ্র মোদির কাছে দুটোর কোনোটাই সম্মানের নয়।

আজ ৬ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন|| ব্যাপক প্রস্তুতি|| মূল্যবান ভোটের অপেক্ষায় প্রার্থী

||এম মুরশীদ আলী||

উপজেলা পরিষদ নির্বাচন আজ ৫ জুন ৬ষ্ঠ ধাপে। খুলনা জেলার রূপসা উপজেলার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভোট কেন্দ্রগুলির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সকল ভোট কেন্দ্রে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী’র অংশগ্রহনের মধ্যে ভোটারদের ভোট গ্রহন হবে। রূপসায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৫৬ জন। তাদের জন্য ৬৫ টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের জন্য সরকারী ভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে স্বতস্ফুতভাবে ভোটারগণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবে।

নির্বাচনে প্রার্থীগণ হলেন- আব্দুল অদুদ মোড়ল (ঘোড়া), এসএম হাবিবুর রহমান (দোয়াত-কলম), মো. কামরুজ্জামান (আনারস), মো. কামাল উদ্দীন (টেলিফোন), মো. নোমান ওসমানী (মোটরসাইকেল), সরদার ফেরদৌস আহম্মেদ (কাপ-পিরিচ)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে- মো. আব্দুল্লাহ যোবায়ের (তালা), মো. ইদ্রিস আলী হাওলাদার (বই), মো. হিরন সেখ (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ফারহানা আফরোজ (কলস), শারমীন সুলতানা রুনা (প্রজাপতি) প্রতীক নিয়ে এ ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাচন অফিসার, সহকারী রিটার্ন অফিসার জান্নাতুল ইসলাম জানান- আইচগাতী ইউনিয়নে ১৫ টি ভোটকেন্দ্র ভোটার সংখ্যা ৩৯৬১১ জন, শ্রীফলতলা ইউনিয়নে ১০ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২২২২৩ জন, নৈহাটী ইউনিয়নে ২০ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৮৮৩৮ জন, টিএসবি ইউনিয়নে ৭ টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ১৬০৮৯ জন, ঘাটভোগ ইউনিয়নে ১৩ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৫৯৫ জন। সর্বমোট রূপসা উপজেলায় ৬৫ টি ভোটকেন্দ্রে ১৫৭৩৫৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের ৭৭৬৪৫ জন এবং মহিলা ভোটার ৭৯৭১১জন।

রূপসায় নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান জানান- সকল প্রকার সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার জন্য ৬ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- আরিফুর ইসলাম, মো. আজাহার আলী, দীপা রানী সরকার, শরীফ শাওন, সুমাইয়া সুলতানা এ্যানি এবং অপ্রতীম কুমার চক্রবর্তী।

রূপসা থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান- নির্বাচন কে সুষ্ঠ এবং অর্থবহ করতে থানা পুলিশ সহ জেলা পুলিশের ১৮/২০ টি ভ্রাম্যমাণ পুলিশ টিম দায়িত্ব পালন করবে। এ ছাড়া ৩ টি র‌্যাবের ভ্রাম্যমাণ টিম এবং বিজিবির ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পূর্ব দিন থেকে নির্বাচনের পরবর্তী দিন পর্যন্ত তারা অতিরিক্ত নিরাপত্তার জন্য টহল দিতে থাকবে।