রূপসার সামন্তসেনায় চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) পক্ষে উঠান বৈঠক

//এম মুরশীদ আলী//

রূপসা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন। চেয়ারম্যান প্রার্থী সাবেক  অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ এর (কাপ-পিরিচ) প্রতীকের পক্ষে উঠান বৈঠক গত ২ জুন বিকেলে, নৈহাটি ইউনিয়ন ৯নং ওয়ার্ড সামন্তসেনা পাইক পাড়া এলাকায় মো. নজরুল ইসলাম পাইকের বাড়ি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

উঠান বৈঠকে মো. নজরুল ইসলাম পাইকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্ত‌ি‌যোদ্ধা এমএম মুজিবুর রহমান, সা‌বেক কেন্দ্রীয় ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, জেলা কৃষকলীগ নেতা মুহাসিন হোসেন পাইক।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন- সরদার ফেরদৌস আহম্মেদ এর সহধর্মীনী (অব:) প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার।

উঠান বৈঠকে মো. হাবিবুর রহমানের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন- আওয়ামীলীগ নেতা আঃ গফ্ফার শেখ, জিএম মালেক, শাহ নেওয়াজ কবির টিংকু, মোকছেদ ফকির, রুদ্রনীল শুভ প্রমূখ।

পাইকপাড়ায় উঠানে বৈঠক আয়োজন করে- হোসেন পাইক, নয়ন পাইক, বখতিয়ার পাইক সহ অনেকে। যুবকদের ডাকে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মূলক উঠান বৈঠক সফল করে তোলেন।

মোদির জোট ৩৬৭ আসন পেয়ে তৃতীয় বারের মত সরকার গঠন করতে যাচ্ছে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট শেষ হলো আজ। প্রধানমন্ত্রীর আসনে এবার হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বুথ ফেরত জরিপগুলো এমনটাই ভবিষ্যদ্বাণী করছে। খবর এনডিটিভির

দেশটির জাতীয় নির্বাচন কমিশন আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।

ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।

এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর একটি দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট।

মোট ছয়টি বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ পাবে ৩৬৭টি আসন, ইন্ডিয়া জোট পাবে ১৪৩টি আসন। বিজেপির স্কোর হবে ৩২৭ এবং কংগ্রেস পাবে ৫২টি আসন।

জান কি বাতের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ সর্বাধিক ৩৬২-৩৯২টি আসন পাবে। আর বিরোধী জোট পাবে ১৪১-১৬১টি আসন।

এর পরেই রয়েছে ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্স। তারা বলছে, এনডিএ ৩৭১ টি আসন এবং ইন্ডিয়া জোট ১২৫ টি আসন পাবে।

এনডিএ-র পক্ষে সর্বনিম্ন স্কোর ২৮১-৩৫০ এবং ভারতীয় ব্লকের জন্য অনুরূপ উচ্চতর স্কোর ১৪৫-২০১।

মনে রাখতে হবে যে, এক্সিট পোল সব সময় ঠিক হয় না।

রূপসায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ২৫,৬২৯ জন

//এম মুরশীদ আলী//

আপনার শিশুকে “ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে খুলনা জেলার রূপসায় গত ১ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

খুলনা সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম রূপসা উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন এবং নিজ হাতে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

রূপসায় ভিটামিন 'এ' ক্যাপসুল পেল ২৫,৬২৯ জন

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাসুদ রানা জানান, সমগ্র রূপসায় যাদের বয়স ৬ মাস থেকে ১ বছর হয়েছে এমন শিশুর সংখ্যা- ৩৬৫৫ জন। তাদের ‘নীল’ রঙ্গের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

তাছাড়া ১ থেকে ৫ বছর এর মধ্যে শিশুর সংখ্যা- ২২৩১৮ জন। তাদের ‘লাল’ রঙ্গের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শিশুরা যাতে সহজে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারে তার জন্য উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র করা হয়েছে। তাছাড়া- প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ২৪ টি করে অস্থায়ি মোট- ১২০ টি (ইপিআই) কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে মোট- ২৫৬২৯ জন শিশুকে।

ভিটামিন ‘এ’ ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে মেডিকেল অফিসার ডাঃ ফারজানা  বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোতে শিশুরা কয়েকটি রোগ থেকে মুক্ত থাকবে। যেমন- রাতকানা রোগ প্রতিরোধ, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরত্বপূর্ণ অনুপুষ্টি। তাই শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

মোংলা থেকে বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু আজ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

বেনাপোল বন্দর থেকে মোংলা পর্যন্ত শনিবার থেকে যাত্রীবাহী রেল চলাচল চালু হয়েছে। বেনাপোল স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, আজ ১ জুন (শনিবার) সকাল ১০টায় ৫০০ যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে গেছে কমিউটার ট্রেনটি। ট্রেনটি খুলনার ফুলতলা হয়ে যাবে মোংলায়।

বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেন মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৫০ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি দুপুর ১টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে বিকাল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এ রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারন, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, বেনাপোল-মোংলা রুটের জন্য এখনো জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এ রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এর আগে গত ১ নভেম্বর খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বেনজীর আহমেদ কি তাহলে লাপাতা……!

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছেন তা কেউ বলতে পারছে না। গত কদিন ধরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি দেশে আছেন, নাকি দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।

সরকারি দপ্তরগুলোও এ ব্যাপারে নিশ্চুপ।

সংশ্লিষ্ট সূত্রের কেউ বলছে, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, কেউ বলছে দুবাইয়ে আছেন, আবার কেউ বলছে দেশেই আছেন। তবে বিভিন্ন সূত্র থেকে তাঁর দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনার কথাই বেশি বলা হচ্ছে। কিন্তু বেনজীর আহমেদের অবস্থান নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

সাবেক এই আইজিপি অবসর গ্রহণের পর গুলশানের একটি বাড়িতে থাকতেন এবং এই বাড়িতে তিনি চারটি ফ্ল্যাট কিনে বাড়ি হিসেবে ব্যবহার করতেন। সেই বাড়িতেও তাঁকে পাওয়া যাচ্ছে না। রাজধানীর র্যাংকন আইকন টাওয়ারে বেনজীর আহমেদের খোঁজ নিতে গেলে জানানো হয়, তিনি সেখানে নেই। তাহলে বেনজীর আহমেদ কোথায়?

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র বলছে, তাঁর যে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, ওই ব্যাংক অ্যাকাউন্টগুলোয় উল্লেখ করার মতো টাকা-পয়সা নেই।

অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হতে পারে, আগেই এমন অনুমান থেকে বেনজীর আহমেদ সব টাকা তুলে নিয়েছেন।

এ ছাড়া কয়েকটি ক্রোক হওয়া জমি বেনজীর আহমেদ বিক্রি করে দিয়েছেন বলেও তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। অনেকের ধারণা, বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরুর পরই তিনি দেশে তাঁর সম্পদ গুটিয়ে, ব্যাংকের সব টাকা সরিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত তথ্য কেউ দিতে পারেনি।

২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ।

এর আগে তিনি ডিএমপির কমিশনার ও র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সরিয়ে নেওয়া এই টাকার পরিমাণ কয়েক শ কোটি হতে পারে। আর তা সরানো হয়েছে আদালতের আদেশে দুদক কর্তৃক বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আগে।

এদিকে বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমি, ফ্ল্যাটসহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উত্স খুঁজতে তাঁদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের একজন কর্মকর্তা।

বেনজীর আহমেদের দেশের বাইরে যেতে কোনো নিষেধাজ্ঞার আবেদন করা হবে কি না জানতে চাইলে গত ২৭ মে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল দেখছে। তারা সিদ্ধান্ত জানালে তবেই আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হবে। প্রয়োজন মনে করলে আদালতে বেনজীরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তারা। তবে সেটি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে। তাঁর বিরুদ্ধে অনুসন্ধান চলমান। অনুসন্ধান শেষ হলে সব কিছু বিশদভাবে বলা যাবে।

Daily World News

কচুয়ায় দিন মজুরের বসত ঘরে আগুন লেগে ভস্মিভুত

১২ কোটি বছর আগের ডাইনোসরের ৪০০ পায়ের ছাপ চীনে

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

চীনে চার শতাধিক ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। ইউননান প্রদেশের চুসিয়ং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারে পাওয়া ছাপগুলো প্রায় ১২ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের বলে জানিয়েছেন চীনা প্রত্নতাত্ত্বিকরা। চীনের সংবাদমাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।

গবেষকরা বলছেন, ছাপগুলো থেকে বোঝা যাচ্ছে যে ক্রিটেসিয়াস যুগে লুফেং এলাকায় বিভিন্ন প্রজাতির ডাইনোসরের ব্যাপক উপস্থিতি ছিল।

মে মাসের শুরুর দিকে দুই স্থানীয় গ্রামবাসী ছাপগুলো আবিষ্কার করে প্রশাসনকে জানান। লুফেং শহরের কংলংশান টাউনের পাহাড়ে পাওয়া গেছে পায়ের ছাপগুলো। জায়গাটির শিলাস্তর পরীক্ষায় দেখা গেছে ছাপগুলো প্রায় ১২ কোটি বছরের পুরোনো। কংলংশান টাউনের বাংলা করলে দাঁড়ায় ‘ডাইনোসর পর্বত’।

ডাইনোসর ফসিল প্রটেকশন ও গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াং তাও জানান, ছাপগুলোকে তারা তিন শ্রেণিতে ভাগ করেছেন। এগুলোর কিছু টি-রেক্সের, আবার কোনোটি স্টেগোসর প্রজাতির।

মাগুরায় জাহান প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

//শ্যামল বিশ্বাস,  বিশেষ  প্রতিনিধি//

মাগুরায় জাহান প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশের লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পূর্বপাশে অবস্থিত জাহান ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: ছামিউল ইসলাম এসময় জাহান ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও পরিবেশের লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার ( ২৯ মে) বিকালে জাহান ক্লিনিকের মালিক ডাঃ মাসুদুল হক সিজারিয়ান অপারেশন করেন সীমু খাতুন নামে এক প্রসূতির। এসময় একটি কন্য শিশুর জন্ম দেন সীমু খাতুন। তবে প্রসবের পরে সীমু খাতুন মারা যায়। এ ঘটনায় নিহতের স্বজনরা চিকিৎসায় অবহেলার কারনে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন ডা: মাসুদুল হকের বিরুদ্ধে। স্বজদের অভিযোগের প্রক্ষিতেই বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বেনজীর আহমেদ ১১৪ একর জমি সহ আরও ১১৩টি দলিল, ৪ ফ্লাট ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বেনজীর আহমেদের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায়। সেই সব সম্পদ ক্রোকের আদেশ চেয়ে দুদক রোববার আদালতে আবেদন করে। শুনানি নিয়ে আদালত বেনজীর আহমেদের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি জব্দ (ক্রোক) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।

১৭ বছর জাল সনদ দিয়ে পুলিশে চাকরি করল মামুন, কিভাবে….?

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

জাল সনদে পুলিশে চাকরি নিয়ে বিভিন্ন জেলায় ১৭ বছর ৫ মাস ১৬ দিন চাকরি করেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন। কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে এএসআই হোন।

তবে জাল সনদে চাকরি নেওয়ার বিষয়টি জানাজানি হলে অক্ষম রোগী সেজে পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এ সময় পুলিশ বিভাগ থেকে অবসরকালীন আর্থিক সব সুবিধা নিয়েছেন।

এদিকে নিজেকে অক্ষম ঘোষণা করে চাকরি থেকে স্বেচ্ছায় অবসার নিলেও এখন তিনি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এক অনুসন্ধানের ফেরতপত্রে ১৯ মে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম ও তথ্য কর্মকর্তা এসএম গোলাম আজম নিশ্চিত করেন, ২০০১ সালের মাধ্যমিক পরীক্ষায় এ নামের কোনো শিক্ষার্থীর অংশগ্রহণ ও উত্তীর্ণের কোনো রেকর্ড নেই বোর্ডের সংরক্ষিত রেকর্ডপত্রে।

অথচ এ সনদ দেখিয়েই তিনি ২০০৩ সালে পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়েছিলেন। এ পুলিশ কর্মকর্তা চাকরিকালে কামিয়েছেন বিপুল অর্থ। দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তার বেপরোয়া চালচলনে অতিষ্ঠ এলাকার মানুষ। তবে সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারেন না।

জানা গেছে, আল মামুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের উমরপুরে। বাবা মফিজ উদ্দিন শ্যামপুর ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আল মামুন এখন আওয়ামী লীগ করেন। ২১ মে অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা নির্বাচনে তিনি ভাইস-চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

মামুন মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাশ উলে্লখ করেন। ৩০ এপ্রিল জনৈক মোহা. ওলিউল্লাহ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগে দাবি করেন তার এসএসসির সনদ জাল। তবে রিটার্নিং অফিসার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।        আরও জানা গেছে, মামুন চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০০৩ সালের ১৩ জুলাই পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। চাকরিতে যোগদানকালে তিনি গোদাগাড়ীর মহিষালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমি থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২০০১ সালের মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগে উত্তীর্ণের সনদ প্রদর্শন করেন।

এদিকে ৬ মে এ প্রতিবেদককে আল ইসলাহ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক তারেক আহমেদ অনিক রেকর্ডপত্র যাচাই করে নিশ্চিত করেন ২০০১ সালে তার প্রতিষ্ঠান থেকে এ নামের কোনো শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় নেয়নি। এ প্রশংসাপত্রটিও তারা দেননি।

এদিকে পুলিশ বিভাগের সার্ভিস রেকর্ড বিশে্লষণ করে দেখা গেছে, খুলনা পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে চাকরি জীবন শুরু করেন আল মামুন। এরপর ২০১৭ সালে কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি লাভ করেন। বিভিন্ন জেলায় চাকরির পর ২০২০ সালের ৩০ ডিসেম্বর স্বেচ্ছায় অবসার নেন।  জানা গেছে, চাকরি জীবনে আল মামুন জাতিসংঘের সুদান মিশনে একবার দায়িত্ব পালন করেন।

শিবগঞ্জের শ্যামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান ভোদন জানান, মামুনকে কখনো তারা পুলিশের পোশাকে দেখেননি। ১০ বছরের বেশি সময় তাকে নিজ এলাকা শিবগঞ্জে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় দেখা গেছে।

শিবগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুন নিজেকে পুলিশের একজন প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তার বডিগার্ড কাম পিএস পরিচয় দিয়ে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কাজে নিয়মিত হস্তক্ষেপ করেন, বিশেষ করে পুলিশের কাজে। মোটরসাইকেলের সামনে পুলিশের স্টিকার লাগিয়ে মামুনকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাউন্ড দিয়ে বেড়াতে দেখেছেন এলাকার মানুষ।

পুলিশের সংশি্লষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আল মামুন পোস্টিং হওয়া থানা ফাঁড়িতে কখনো সশরীরে চাকরি করেননি। বরং তার এলাকার ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যেখানে বদলি হয়েছেন মামুন তার সঙ্গেই থেকেছেন।

সূত্র মতে, কোন থানায় কোন ওসি পোস্টিং যাবেন কাকে কোথায় বদলি করা হবে।১০ বছর মামুন এসবই করেছেন এবং চাকরিতে না থেকে এখনো সেই কাজ করছেন। ঢাকা রেঞ্জের পুলিশ কর্মকর্তারা থানা ফাঁড়িতে পোস্টিং নিতে এখনো মামুনেরই শরণাপন্ন হন।

জানা গেছে, নির্বাচনি হলফনামায় মামুন টিনশেড বাড়ির কথা বললেও গ্রামের বাড়ি উমরপুরে তৈরি পাকা বাড়ির কথা গোপন করেছেন। রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় পাঁচ কাঠা জমির ওপর থাকা কয়েক কোটি টাকার বাড়ির তথ্যও চেপে গেছেন। মামুন এলাকায় কিনেছেন জমি ও বাগান। সোনামসজিদ বন্দর এলাকায় জমি কিনে করেছেন কয়লা ও পাথরের ইয়ার্ড। তিনি আমদানি-রপ্তানি লাইসেন্স করে ভারত থেকে পাথর আমদানি করেন। হলফনামায় তিনি বছরে ১২ লাখ টাকা আয় করেন বলে দাবি করেছেন। উত্তরা ব্যাংক থেকে ২৯ লাখ টাকা ঋণ থাকার কথা হলফনামায় উলে্লখ করেছেন। আয়ের উত্স দেখিয়েছেন ব্যবসা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. আল মামুন বলেন, তার এসএসসির সনদ জাল নয়। তিনি আল ইসলাহ ইসলামী একাডেমি থেকে এসএসসি পাশ করেছেন। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি  করেন। পুলিশে চাকরি করতে অক্ষম ঘোষণা করে স্বেচ্ছা অবসর ও অবসরকালীন সুবিধা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি।

এ কারণে স্বেচ্ছায় অবসর নিয়েছি। হলফনামায় রাজশাহীর বাড়ির কথা গোপন করা প্রসঙ্গে মামুনের দাবি, রাজশাহীতে তার বাড়ি নেই। তিনি সম্প্রতি উপজেলা নির্বাচন করেছেন। তাই প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব রটাচ্ছেন। তিনি অবৈধভাবে কোনো উপার্জন করেননি। সত্র: যুগান্তর

Daily World News

ফকিরহাটে নির্বাচন পরবর্তি সহিংসতা || মুসাল্লিদের বেদম-মারপিট- রক্তাক্ত- জখমের ঘটনায় মামলা

ফকিরহাটে নির্বাচন পরবর্তি সহিংসতা || মুসাল্লিদের বেদম-মারপিট- রক্তাক্ত- জখমের ঘটনায় মামলা

//এম মুরশীদ আলী//

বাগেরহাট জেলায় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন গত ২১ মে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রার্থীর পক্ষপাত সমর্থক থাকার অপরাধের জেরধরে ভোট গ্রহন পরবর্তী সময় গত ২৪ মে, মসজিদে জুমার নামাজ আদায়রত মুসাল্লিদের পিছ থেকে অতর্কিত হঠাৎ হামলা বেদম-মারপিট শুরু করে সন্ত্রাসী একটি দল। তাতে কয়েকজন নামাজরত মুসাল্লি মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় জড়িত ১০/১২ জন সহ অজ্ঞাত কয়েকজনের নামে ফকিরহাট থানায় মামলা হয়েছে।

এজাহার ও ভুক্তভোগী মুসল্লিরা জানায়, স্বপন দাস বিগত আমলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছেন। তাঁর (আনারস) প্রতীকের পক্ষে নির্বাচনী কাজ করার অপরাধে তাদের জিততে নাকি অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের প্রতিশোধ নিতে সন্ত্রাসবাহিনী দ্বারা এহেন জঘন্য ঘটনা ঘটিয়ে ত্রাস সৃস্টির মাধ্যমে জিম্মি করে রাখতে আমাদের উপর হামলা। আমরা সাধারণ মানুষ মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় মৌভোগ বাগে জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায়রত মুসাল্লি ছিলাম। এ সময় সন্ত্রাসী একটি দল অতর্কিত হঠাৎ হামলা বেদম-মারপিট শুরু করে দেয়। তাতে কয়েকজন মুসাল্লি মারাত্মক রক্তাক্ত জখমের শিকার হয়। তারা হলেন- কাঞ্চন শিকদারের ছেলে মো. মিরাজুল শিকদার (২৫), নুরুজ্জামান ময়নার ছেলে ফজলে করিম শিকদার (২৮), মৃত আবু বক্কার শিকদারের ছেলে নুরুজ্জামান ময়না (৬৫)। এদের প্রত্যেকের মুখে ও মাথা কাটা-ফোলা রক্তাক্ত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ডাক্তার তাৎক্ষনিক সময়িক চিকিৎসা শেষে গুরুতর আহতদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এ ঘটনার আসামিরা হলেন- ফকিরহাট উপজেলার নলধা- মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া এলাকার মৃত নিয়ামত শিকদারের ছেলেরা যথাক্রমে- ১। মো. ইব্রাহিম শিকদার, ২। মো. হযরত শিকদার, ৩। মো. আফসার সিকদার, ৪। মো. টুকু শিকদার, ৫। মো. কওসার শিকদার, ৬। মো. আবিদ শেখ, ৭। মো. শাকিল সিকদার, ৮। ইমদাদুল সিকদার, ৯। মো. আমিনুর ইসলাম (বড় মিঞা), ১০। হোসেন শেখ, ১১। নুর ইসলাম শেখ, ১২। মো. মুনসুর শিকদার। তারা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। এদের বিরুদ্ধে মো. কাঞ্চন শিকদার বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় গত ২৪ মে মামলা দায়ের করেন।

ওয়ার্ড মেম্বর শেখ জাহাঙ্গির হোসেন বলেন- মুসলিমরা জুমার নামাজ আদায় করছে, এমন সময় মনে হচ্ছে ইহুদিরা হামলা করে সব তছনছ করে দিলো। পিছ থেকে মাথায় পিটিয়ে রক্তাক্ত জখম হয়ে মসজিদে লুটিয়ে পড়লো একের পর এক। কিছু বুঝে উঠার আগেই নিমিষে রক্তাক্ত করে যাওয়ার সময় বলে এটানাকি নির্বাচনী বিরোধী করার প্রতিফল। এলাকার মানুষ ভয়ে দিন কাটাচ্ছে।

ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি বলেন- নির্বাচন শেষ হতে না হতেই এই নলধা মৌভোগ ইউনিয়নে চোরা গুপ্ত হামলা শুরু হয়েছে। একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং শুক্রবার জুমার নামাজ পড়ার মূহুর্তে অর্তকৃত মারপিট করে মারাত্মক জখম করে। তাদের অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি উভয়কে শান্ত থাকতে বলেছি।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক, ভারপ্রাপ্ত ওসি বিপুল চন্দ্র দাস বলেন- জুমার নামাজের সময় মসজিদে যারা এহেন জঘন্য ঘটনার অপরাধী, তারা যেই হোক, কোনপ্রকার ছাড় পাবে না। আমরা পুলিশ বাহিনী সব সময় অপরাধিকে অপরাধের দৃষ্টিতে দেখি বলেই আজ ঘটনার পরপরই আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। বাকি দুষ্কৃত আসামিদের অতি দ্রুত আটক পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।