মুম্বাইয়ে কোভিড হাসপাতালে আগুন: মৃত ২: সরানো হল ৭০ রোগীকে

অনলাইন ডেস্ক।।

মুম্বইয়ে এক কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল অন্তত দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুন শুক্রবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

করোনাভাইরাস সংক্রমণে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বই জুড়ে। সে শহরের বিভিন্ন হাসপাতাল ভর্তি কোভিড রোগীতে। মুম্বইয়ের ভান্ডুপে ড্রিমস মলের মধ্যে থাকা এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এমনই ৭০-এর বেশি কোভিড রোগী। সেখানেই বৃহস্পতিবার সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। যার জেরে এখনও অবধি অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের সেখান থেকে বের করে অন্য হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও দমকলের এক অফিসার জানিয়েছেন, ৬ জন ব্যক্তি এখনও আটকে রয়েছেন হাসপাতালের ভিতর। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

মুম্বইয়ের ওই কোভিড হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২২টি ইঞ্জিন। তার পর থেকেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। এ নিয়ে পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেছেন, ‘‘আগুনের ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মলের দোতলায় প্রথম আগুন লাগে। তার পর তা ছড়িয়ে পড়ে।’

আগুন নেভানোর পাশাপাশি কোভিড রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানকার এক চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” যদিও কী থেকে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা।

ঘটনার খবর পেয়েই সেখানে গিয়েছিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে তাঁকে। তিনি বলেছেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল মহারাষ্ট্র। বৃহস্পতিবার সে রাজ্যে যত সংখ্যক নতুন করে আক্রান্ত হয়েছেন, তা গোটা অতিমারি পর্বে কোনও রাজ্যে সর্বোচ্চ। মুম্বই শহরেও বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।

নির্মমভাবে বেপরোয়া ট্রাক কেড়ে নিল ৪ প্রাণ।। চট্টগ্রাম

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বেপরোয়া গতির একটি ট্রাক যাত্রিবাহী দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হন।

বৃহস্পতিবার রাত ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহাবুব মিল্কি জানান, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার পর থেকে পরপর চারজনের মৃত্যু ঘটে। নিহতরা হলেন ডেইজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮)  চন্দ্রঘোনা কদমতলি গ্রামের আবদুল করিমের ছেলে মো. আকবর হোসেন (২৫), চন্দ্রঘোনা হিন্দু পাড়া গ্রামের জনি সোমের সাত মাস বয়সি ছেলে আদৃশ সোম আয়ান। নিহত অন্য দুজনের প্রকৃত ঠিকানা জানা যায়নি।

 

তিনি জানান, দুর্ঘটনায় আহতরা হলেন আবদুল কাদের (৪৫), আবুল কালাম (৪০), মোহাম্মদ মুছা (৩০), মো. গিয়াস (২৬) ও অজ্ঞাত এক শিশু। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরের আরো দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

কলোম্বিয়ান গ্যাং ও ভেনিজুয়েলার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, উদ্বাস্তু ৩ সহস্রাধিক

অনলাইন ডেস্ক।।

ভেনিজুয়েলার সীমান্তবর্তী অপুর প্রদেশে সন্ত্রাসীদের দমনে চলছে অপারেশন। এমন পরিস্থিতিতে কলোম্বিয়া থেকে আসা মাদক পাচারকারী সন্ত্রাসী গ্যাংয়ের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর কয়েক দিনব্যাপী তীব্র সংঘর্ষের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে ভেনিজুয়েলার ৩ সহস্রাধিক মানুষ।

এরফলে পুরো প্রদেশ পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। জীবন বাঁচাতে মানুষ ছুটছেন কলোম্বিয়ার দিকে। ফলে সেখানে সৃষ্টি হয়েছে শরনার্থী সংকট। একটি স্টেডিয়ামে ৫০০ তাবু স্থাপন করে আশ্রয় দেয়া হয়েছে শরনার্থীদের। অবস্থা সামাল দিতে কলোম্বিয়ার সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন, কলোম্বিয়ার সরকার তাদের সীমান্তে কোনো পাহাড়া দেয় না। এ কারণে সে দেশ থেকে সন্ত্রাসীরা যখন ইচ্ছা খুশি ভেনিজুয়েলায় প্রবেশ করতে পারছে।

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার ভোর ৫ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের প্রবেশ করে বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।। সকাল হলেই আসছেন মোদি- পাবেন লালগালিচা সংবর্ধনা।।

অনলাইন ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকা আসছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

জানা গেছে, ২৬ মার্চ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর, তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। এরপর, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।

বিকেলে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হোটেল শেরাটনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। পরে, ভারতের প্রধানমন্ত্রী ২৬ মার্চ বিকালে জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানমালার দশম দিনের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যোগ দেবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যৌথভাবে উদ্বোধন করবেন ‘বঙ্গবন্ধু-বাপু যাদুঘর’। সেখানে মোদি তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন।

সফরের দ্বিতীয় দিন, ২৭ মার্চ সকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরিপুরে অবস্থিত যশোরেশ্বরী দেবী মন্দির পরিদর্শন এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ওরাকান্দি মন্দির পরিদর্শন করবেন।

বিকেলে, মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি ভার্চুয়ালি যৌথভাবে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। পরে, বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি ২৭ মার্চ সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৩ মে

অনলাইন ডেস্ক।।

মহামারি করোনার মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকায় স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৩ মে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণের ঊর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে তারিখ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবারই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৯ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করে আদেশ জারি করে সরকার।

বাগেরহাটের রামপালে গাঁজা ব্যবসায়ী আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি||

রামপাল থানা পুলিশের এসআই সঞ্জয় পাল বুধবার রাতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নজু নামের পেশাদারী এক গাঁজা ব্যবসায়ী কে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের হয়েছে। পুলিশ জানায়, পেশাদারী মাদক ব্যবসায়ী নজু গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে কালেখারবেড় গ্রামে অভিযান চালান।

এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন মামলা দায়ের ও আসামী আটক করে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

বাগেরহাটের মোল্লাহাটে শিশু রাইসা হত্যার বিচার ও আসামীদের ফাঁসির দাবিতে মানবন্ধন

 এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//

বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছর বয়সী শিশু রাইসা আক্তার হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোল্লাহাট উপজেলা সদরের চৌরাঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, মোল্লাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, রাইসার নানা ও হত্যা মামলার বাদী আব্দুল আলীম শেখ, শিশু রাইসার মামা কে,আর কলেজ ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ শেখ সহ আরও অনেকে। বক্তারা বলেন, সন্তানদের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে বাবা-মা। একজন বাবা হয়ে হুমায়ুন সরদার মহিউদ্দিন কিভাবে অবুঝ শিশু রাইসাকে হত্যা করল তা আমরা জানি না। এই ঘটনায় আমরা হতবাক হয়েছি।এই হত্যার পিছনে হুমায়ুনের ভাই সুজা সরদার, মোঃ রাজন সরদার এবং হুমায়ুনের মা বদরুন নাহারও জড়িত রয়েছেন। পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তিন আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। পারিবারিক কলহের জেরে ২২ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে সেনা সদস্য হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন নিজের কন্যাকে আছাড় দিয়ে হত্যা করেন।