সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে-সংসদে বিল পাশ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করার আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এমন বিধান রেখে মঙ্গলবার সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩ জাতীয় সংসদে পাশ হয়েছে।

বিলে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা, অবসর-সুবিধা সরকারি চাকরি আইনের আওতায় আনা হয়েছে।

বিরোধী দলের সদস্যরা এই আইন পাশের তীব্র বিরোধিতা করেন। যদিও তা আমলে নেওয়া হয়নি। বিলটি জাতীয় সংসদে পাশের জন্য তোলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে সংসদে পাশ হয়।

সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩-এ বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ ধারার বিধান স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

২০১৮ সালের আইনের ১৫ ধারায় বলা আছে, সরকারি গেজেট আদেশের মাধ্যমে কোনো সরকারি কর্মচারীর বা সব সরকারি কর্মচারীর বা সরকারি কর্মচারীর কোনো একটি অংশের জন্য বেতন, ভাতা, বেতনের গ্রেড বা স্কেল, অন্যান্য সুবিধা ও প্রাপ্যতা বা অবসর-সুবিধা সম্পর্কিত শর্তাদি নির্ধারণ করতে পারবে সরকার।

আর ৪১ ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত অভিযোগে করা ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের আগে তাকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

বিলের বিরোধিতা করে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, এই আইন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। তিনি বলেন, ফৌজদারি মামলায় অভিযোগ গঠনের আগে যে কাউকেই গ্রেফতার করা হয়। এ জন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সরকারি কর্মচারীদের অভিযোগ গ্রহণের আগে গ্রেফতার করা যাবে না, এটা আইনের চোখে সবাই সমান- এই নীতির পরিপন্থি।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, জনপ্রশাসনে আজ চরম বিশৃঙ্খলা। তারা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স মানেন না। প্রজাতন্ত্রের কিছু কর্মচারী নিজেকে স্বঘোষিত মার্শাল আইয়ুব খান বা তার অনুসারী ভাবেন। তাদের ইচ্ছামতো স্বাধীন ও জনস্বার্থের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে জনগণ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অবস্থান নেন।

তিনি বলেন, কোনো কোনো মন্ত্রণালয়ে গেলে দেখা যায় সচিব, অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব মন্ত্রীর স্বাক্ষর থাকার পরও ঠিকমতো কাজ করেন না, গুরুত্ব দেন না। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কোথাও গেলে তাদের গাড়ির বহর দেখে মনে হয় সরকারের কোনো উচ্চপর্যায়ের মন্ত্রী সেখানে গেছেন। বেশির ভাগ দপ্তরে জনপ্রতিনিধিদের প্রাপ্য সম্মান দিতে ইতস্ততবোধ করেন। কিছু ক্ষেত্রে মন্ত্রী মহোদয়দেরও অসহায় দেখা যায়। তাদের (মন্ত্রী) ইচ্ছা বা নির্দেশনা বাস্তবায়ন করতেও গড়িমসি করেন।

মোকাব্বির খান বলেন, সরকার মনে করে জনপ্রশাসন নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের হেফাজত করবে। এটা ভালো লক্ষণ নয়। এতে জনপ্রশাসনে বিশৃঙ্খলা আরও বাড়বে। প্রতিষ্ঠানগুলোর ভিত্তি দুর্বল হবে, জনস্বার্থ বিঘ্নিত হবে। কীভাবে কিছু আমলার কাছে আমাদের সংসদ সদস্যরা হেয়প্রতিপন্ন হন। এটার ব্যাপারে দিকনির্দেশনা দিলে জনপ্রতিনিধি ও জনগণ সম্মানিত হবেন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে নিম্নপর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।

বিয়ে করবেননা ভেবেছেন….! তাহলেই পাবেন ভাতা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

বিয়ে করবেননা ভেবেছেন….! তাহলেই পাবেন ভাতা

এবার অবিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সরকারের। রোববার খট্টর জানান, তার সরকার রাজ্যে ৪৫ থেকে ৬০ বছর বয়সি অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, এদিন হরিয়ানার করনাল জেলার কমলপুরা গ্রামে ‘জন সংবাদ’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন খট্টর। সেখানে ৬০ বছর বয়সি অবিবাহিতদের পেনশন প্রকল্প চালু নিয়ে জনগণের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

তারই প্রতিক্রিয়া স্বরূপ খট্টর বলেন, ‘রাজ্য সরকার শিগগিরই অবিবাহিতদের জন্য পেনশন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে।’ সরকার এক মাসের মধ্যে সেই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানিয়েছেন। হরিয়ানা সরকারের প্রস্তাবিত প্রকল্পের ফলে সে রাজ্যের প্রায় দুই লাখ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

ওই কর্মসূচি চলাকালীন খট্টর হরিয়ানায় বার্ধক্যভাতাও ২৫০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করেন। মনে করা হচ্ছে, অবিবাহিতদের পেনশন প্রকল্পের টাকার পরিমাণ বার্ধক্যভাতার সমান অর্থাৎ মাসিক ৩ হাজার করে হতে পারে।

তবে এই প্রকল্পে ঠিক কত টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অবিবাহিত পেনশনের মাপকাঠিই বা কী, তা এখনো পরিষ্কার নয়। হরিয়ানায় ইতোমধ্যেই রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা, প্রতিবন্ধী, বামন এবং রূপান্তরকামীদের জন্য পেনশন প্রকল্প চালু করছে সরকার। তার মধ্যেই আবার অবিবাহিতদের পেনশন প্রকল্পের কথা ঘোষণা করল খট্টর সরকার।

বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত: ঘাতক আটক

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাগেরহাটে কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রির নিহত হয়েছে। রবিবার রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় এঘটনা ঘটেছে। ছুরিকাঘাতকারী আব্বাস শেখ (৪৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের মাঠ রাড়ীপাড়া গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে রাজমিস্ত্রির আনোয়ার মোল্লা রবিবার (২জুলাই) রাতে স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে হেঁটে টর্চলাইট নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাইকেলে আসা উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে আব্বাস শেখের মুখে আনোয়ার মোল্লার টর্চলাইটের আলো পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে আব্বাস তার কাছে থাকা ছুরি দিয়ে আনোয়ারের বুকে আঘাত করেন।

এসময় আনোয়ারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আব্বাসকে ধরে ফেলে এবং আনোয়ারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান আরো জানায়, আব্বাস খুবই দুর্দান্ত প্রকৃতির লোক। সব সময় তার কাছে ছুরি থাকে। আজকে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে আনোয়ার মোল্লাকে মেরে ফেলেছে। এর আগেও কয়েক জনকে মারধর করার অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বাীকারে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস শেখকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

 

শালিখায় বিদেশি অস্ত্রসহ আটক ৩

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //

মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশনায় উপ পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এ এস আই লিটন হোসেন,এ এস আই রিপনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর সাঁকো ঘাটে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ,গুলি ও ম্যাগাজিনসহ ৩ কিশোরকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক কৃতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উজেলার খাঁনপুর গ্রামের শাহিনুর রহমানের পুত্র মোঃ ইয়াছির আরাফাত(১৯),একই গ্রামের মোঃ সাইফুল মোল্যার পুত্র মোঃ জিসান মোল্যা(১৯),বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খাঁনের পুত্র মাহিম খাঁন মিরাজ (১৮)

শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার সাংবাদিকদের অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিন জন আটকের তথ্য নিশ্চিত করেন এবং জানান তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।

ভারত থেকে দেশে ঢুকল আরও ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ- কমল দাম

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর প্রথমদিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬ ট্রাকে আরও প্রায় ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ ঢুকেছে দেশে।

রোববার বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচের তিনটি চালান বেনাপোলে প্রবেশের পর রাতেই তা ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

এর আগে রোববার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছে ভারত থেকে আমদানি করা ৬ ট্রাক কাঁচা মরিচ।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, রোববার ভারত থেকে তিনটি চালানের বিপরীতে ৬ ট্রাকে ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ এপারে ঢোকার অপেক্ষায় রয়েছে।

এদিন নিয়ে আসা কাঁচা মরিচের মধ্যে ঢাকার মেসার্স ঊষা ট্রেডিং দুটি ট্রাকে ২০ মেট্রিক টন ও এনএস এন্টারপ্রাইজ দুই ট্রাকে দেড় মেট্রিক টন এবং খুলনার এসএম করপোরেশন দু’টি ট্রাকে ১০ মেট্রিক টন আমদানি করে।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ বলেন, জরুরি ও পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো ঢোকার সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য শূন্য দশমিক ২১৫ মার্কিন ডলার (২২ সেন্ট)। টাকার অঙ্কে ২৩ টাকা ৯৩ পয়সা। আর প্রতি কেজির বিপরীতে কাস্টম শুল্ক দিতে হয়েছে দশমিক ৫ মার্কিন ডলার (৫০ সেন্ট), যা টাকার অঙ্কে ৩৮ টাকা ৮২ পয়সা।

আমদানিকারক ঊষা ট্রেডিংয়ের সিএণ্ডএফ এজেন্ট বেনাপোলের রয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল জানান, এদিন আমদানি হওয়া কাঁচা মরিচ তাদের রপ্তানিকারকরা বনগাঁসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করেছেন। আমদানি মূল্য ও কাস্টম শুল্ক ছাড়াও পরিবহনসহ দু’দেশের অন্যান্য খরচ মিলিয়ে তাদের ২০ টনের পণ্য চালানটি ঢাকার বাজারে পৌঁছাতে আরও এক লাখ টাকার উপরে গুনতে হবে। সবমিলিয়ে ঢাকার পাইকারের হাতে পৌঁছানো পর্যন্ত আমদানি করা ভারতীয় কাঁচা মরিচের দাম পড়বে ১৫০-১৬০ টাকার মত। এর সঙ্গে বাজারের টোল ও সামান্য লাভ যোগ করে পণ্য বিক্রি করবেন।

প্রসঙ্গত, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ঘাটতি ও উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

 

গত ৪ বছরে ১৪৮ ভবনের মধ্যে কাজ শেষ মাত্র ২ টির- কারণ নানা জটিলতা

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

আবশ্যকতা থাকলেও সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই হাতে নেওয়া হয়েছে ৩ হাজার ২৮৪ কোটি টাকার প্রকল্প। ফলে বাস্তবায়ন পর্যায়ে নকশা পরিবর্তনসহ নানা জটিলতায় বিরাজ করছে ধীরগতি। এক্ষেত্রে চার বছর পেরিয়ে গেলেও উপজেলা পর্যায়ে ১৪৮টি নতুন ভবনের মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র দুটির। কাজ চলছে ১৩৫টির। এর মধ্যে পাঁচটির অগ্রগতি এখনো শূন্য। মার্চ পর্যন্ত প্রকল্পের নির্মাণ ও পূর্ত কাজের অগ্রগতি দাঁড়িয়েছে ৩৫ শতাংশ। এদিকে বারবার বেড়েছে মেয়াদ। সেই সঙ্গে তৈরি হয়েছে নতুন করে মেয়াদ ও ব্যয়বৃদ্ধির ঝুঁকি। ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে বিরাজ করছে এ অবস্থা। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন ঘেঁটে পাওয়া গেছে এসব তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের আওতায় বিদ্যালয়গুলোর ভবন উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের বিষয়টি ছিল বিরাট আয়োজন। তাই আবশ্যিকভাবেই সম্ভাব্যতা যাচাই করা দরকার ছিল। কেননা প্রকল্প বাস্তবায়নের সময় কতটি ভবনের ঊর্ধ্বমুখী নির্মাণ কতটুকু হবে, কোন বিদ্যালয়ে কতটুকু অতিরিক্ত নতুন ভবন প্রয়োজন-এসব বিষয় আগে থেকেই জানা প্রয়োজন। অর্থাৎ কত বর্গফুট বা কত তলা হবে, ভবনের নকশা কেমন হবে-এসবের একটা বাস্তবভিত্তিক ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রকল্প তৈরি করা উচিত ছিল। আরও বলা হয়েছে, প্রকল্পের প্রধান অঙ্গ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ-উভয় ক্ষেত্রেই প্রতিটি স্থানের অবস্থার ভিত্তিতে নকশা তৈরি করা ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে আগেই সার্ভে থাকা দরকার। কিন্তু প্রকল্প তৈরির আগে এবং চলমান অবস্থায়ও সেটি করা হয়নি।

এ প্রসঙ্গে কথা হয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) প্রফেসর ড. একিউএম শফিউল আজমের সঙ্গে। রোববার তিনি যুগান্তরকে বলেন, পাঁচ বছর আগের প্রকল্প, তাই সমীক্ষা না করার দায় কার, সেটি বলা মুশকিল। তবে ওই সময় এখনকার মতো সমীক্ষার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। তাই হয়তো করা হয়নি। তবে প্রকল্প বাস্তবায়ন দেরি হওয়ার অন্যতম কারণ হলো-এটির বাস্তবায়ন শুরুর পর বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত বিদ্যালয়গুলো ৬ তলা থেকে ১০ তলায় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া। এছাড়া করোনাভাইরাস মহামারির সময় প্রকল্পে পুরো কাজই বন্ধ রাখতে হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন এবং আইএমইডির যৌথ সুপারিশ নিয়ে বাস্তবতা বিবেচনায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে।

আইএমইডি সূত্র জানায়, প্রকল্পটি ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। এটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় ব্যয়বৃদ্ধি ছাড়াই প্রথমবার মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। এতেও শেষ হয়নি কাজ। ফলে দ্বিতীয় দফায় আরও এক বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু এখনো বাস্তবায়ন সন্তোষজনক নয়। কেননা প্রকল্পের আওতায় সরকারি ৩২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, গ্রন্থাগার, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাবরেটরি, প্রার্থনা কক্ষ, হোস্টেল, শিক্ষকদের ডরমেটরি এবং প্রধান শিক্ষকের কোয়ার্টার নির্মাণের কথা।

এর মধ্যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুযায়ী, ১২৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণের লক্ষ্য আছে। কিন্তু প্রকৃতপক্ষে ১০২টি বিদ্যালয়ের বিদ্যমান ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণযোগ্য। বাকি ২৩টি বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মতো ভবনই নেই। তবে ১০২টির মধ্যে ৭৪টির সম্প্রসারণ কাজ শেষ হয়েছে। ২৮টির কাজ বিভিন্ন পর্যায়ে চলছে। নতুন ভবন তৈরির কাজ সন্তোষজনক নয়। সেই সঙ্গে জেলা ও বিভাগীয় শহরের নতুন ১৭২টি ভবনের কাজ বর্তমানে স্থগিত হয়ে আছে। এছাড়া ২৪টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হোস্টেল নির্মাণের লক্ষ্য রয়েছে। ইতোমধ্যেই ২১টির দরপত্র আহ্বান করে ১৮টির দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে। পণ্য হিসাবে প্রকল্প বাস্তবায়ন ইউনিটের আসবাবপত্র ও অফিস সরঞ্জাম কেনা হয়েছে। এছাড়া প্রকল্প অফিসের জন্য কেনা হয়েছে তিনটি জিপ এবং একটি মাইক্রোবাস।

আইএমইডির প্রতিবেদনে প্রকল্পের দুর্বল দিক হিসাবে প্রথমেই বলা হয়েছে সম্ভাব্যতা যাচাই না হওয়া। এছাড়া রয়েছে প্রকল্প বাস্তবায়নাধীন অবস্থায় জেলা ও বিভাগীয় পর্যায়ে ৬ তলা থেকে ১০ তলা করার সিদ্ধান্ত। প্রকল্প পরিচালক ও অন্যান্য জনবল নিয়োগে দেরি হওয়া। প্রকল্প তৈরির সময় যে রেট শিডিউল ধরা হয়েছে, বাস্তবায়ন শুরুর আগেই সেটির পরিবর্তন হওয়াও দুর্বল দিক। ঝুঁকি হিসাবে বলা হয়েছে, নির্মাণসামগ্রীর ঘনঘন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঝুঁকি তৈরি করেছে। এছাড়া প্রকল্পটির আশানুরূপ অগ্রগতি না হওয়ায় মেয়াদ ও ব্যয় বেড়ে যেতে পারে। পাশাপাশি কোনো কোনো এলাকায় অভিজ্ঞ ও যোগ্য ঠিকাদার এবং নির্মাণকর্মীর অভাব রয়েছে।

পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন-আল-রশীদ যুগান্তরকে বলেন, সম্ভাব্যতা সমীক্ষা না করেই প্রকল্প তৈরি করাটা অবশ্যই একটি অনিয়ম। কেননা দ্রুত প্রকল্প পাশ করিয়ে নেওয়ার মানসিকতা থেকেই তড়িঘড়ি করে এসব কাজ করা হয়। সমীক্ষা ছাড়া প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনা কমিশন যেমন দায়ী, তেমনই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও দায়ী। এরকম ক্ষেত্রে উভয় পক্ষকেই জবাবদিহির আওতায় আনতে হবে।

 

১৭ হাজার মুসল্লি গ্রেপ্তার হয়েছে হজ পালন করতে গিয়ে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

হজ পালন করতে সৌদি আরব যাওয়া ১৭ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্মীরা। অনুমতি না থাকা সত্ত্বেও হজ করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার পর্যন্ত তাদের গ্রেপ্তারে অভিযান চলে।

শনিবার সৌদি প্রেস এজেন্সি এক রিপোর্টে এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

সৌদি আরবের পাবলিক নিরাপত্তা পরিচালক এবং হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মাদ আল-বাসামি বলেন, তারা অবৈধভাবে হজ করতে এসেছিলেন। অবৈধভাব হজ করতে আসা ১৭ হাজার ৬১৫ জন মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসামি জানান, এর মধ্যে আবাসিক আইন ভঙ্গ, সীমান্ত নিরাপত্তা আইন না মানায় ৯ হাজার ৫০৯ জনকে এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনার দায়ে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। হজ করার জন্য তাদের কোনো অনুমিতপত্র ছিল না। এ ছাড়া লাইসেন্স না থাকা ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি গাড়ি মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

আল-বাসামি বলেন, পারমিট না থাকা হজযাত্রীদের পরিবহনকারী ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেটের অধীনে প্রশাসনিক কমিটিতে পাঠানো হয়েছে।

আল বাসামি বলেন, এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করেছে।

যশোরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পেটালেন সার্জেন্ট

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

যশোরের শার্শায় আসাদুর রহমান আসাদ নামের এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নাভারন হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে। আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার।

শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার নাভারন মোড়ে তাকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। তাদের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদকে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংবাদিক মহল। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিকরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে সার্জেন্ট রফিকুলের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

/এইচকে/

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার প্রতি অনাস্থা প্রস্তাব আসায় অপসারণের সিদ্ধান্ত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় ড. রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার দলটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ জরুরি সভা থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে অন্য সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক নিজেই অনুপস্থিত থাকেন। এ অবস্থায় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে সভার সভাপতি হিসাবে নির্বাচন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহ্বায়ককে অপসারণ ও চলমান সংকট নিরসনে জরুরি পরিস্থিতি বিবেচনায় ১০ জুলাই দলের উচ্চতর পরিষদ ও জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কাউন্সিলের আগ পর্যন্ত ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে রাশেদ-নূরদের সভাকে কোরামবিহীন উল্লেখ করে তা অবৈধ বলে দাবি করেছেন ড. রেজা কিবরিয়া। গণঅধিকার পরিষদের সহ-দপ্তর সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার আহ্বানে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা হওয়ার কথা ছিল।

কিন্তু তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার মতো জীবননাশের হুমকি পেয়ে তিনি লাইভে এসে বক্তব্য দিয়ে পথিমধ্যে ফিরে যান। পরবর্তী সময়ে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে একটি কোরামবিহীন সভা অনুষ্ঠিত হয়, যা অবৈধ।

সভায় ৪২ জন উপস্থিত ছিলেন এবং অনেকে রেজুলেশনে স্বাক্ষর করেননি। তারপরও ৮৬ জন উপস্থিত দেখিয়ে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। সভা চলাকালীন নুরুল হক নূর ঈদ শুভেচ্ছা বিনিময় করার নামে বহিরাগত লোকজন জড়ো করে একটা অস্থিতিশীল পরিস্থিতির তৈরির পূর্বপরিকল্পনা ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গঠিত তদন্ত কমিটির চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত করার হীনউদ্দেশ্যে নুরুল হক নূর খুবই তৎপর। তদন্ত কমিটি দেশবাসীর সামনে সত্য উপস্থাপন করবেন বলে আমরা প্রত্যাশা করি।

সম্প্রতি দলের আর্থিক অস্বচ্ছতাসহ নানা ইস্যুতে রেজা কিবরিয়ার সঙ্গে নুরুল হক নূরের মতপার্থক্য তৈরি হয়।

মাগুরায়”দ্য জিনিয়াস ক্লাব”এর গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

আজ ১ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় মাগুরা মহম্মদপুর উপজেলাধীন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দ্য জিনিয়াস ক্লাব কৃতক গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের পরিচালক কৃষিবিদ ড. মোঃ আলী আফজাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.আশরাফুল আলম,মোঃ বেলাল হোসাইন,মোঃ শফিকুল ইসলাম,মোঃ মফিজুর রহমান,জনাব শফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান। অনুষ্ঠানটি বাস্তবায়িত করেছেন সরকারি বীর মুক্তিযোদ্ধা আহাদুজ্জামান কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন।অনুষ্ঠানটি সম্পাদনা করেন দ্য জিনিয়াস ক্লাব এর সভাপতি মোঃ মিশর মিয়া ও সাধারণ সম্পাদক শামীমা ইয়াসমিন শান্তা।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কৃতি শিক্ষার্থী মোঃ তাওফিক কালাম অভি,দূর্জয় সাহা।এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দ,বিশেষ অতিথি বৃন্দ ও সম্মানিত প্রধান অতিথি কৃষিবিদ ড. আলী আফজাল মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং কৃষিবিদ গ্রুপের পক্ষ থেকে দ্য জিনিয়াস ক্লাব এর মাধ্যমে সবসময় এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাথে কাজ করবেন ও সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এসময় তিনি তরুণ প্রজন্মের সকলকে মোবাইল ফোনে আসক্ত না হয়ে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে দেশের সম্পদ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে অনুরোধ করেন।এসময় কৃষিবিদ গ্রুপের ডাইরেক্টর মোঃ গাজী শাহিদ সংক্ষিপ্ত ভাবে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন।

আজকের অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন গুনী কৃষকের মাঝে দ্য এশিয়ান এন্ড প্যাসিফিক সীড এসোসিয়েশনের পক্ষ থেকে বীজ ও জৈবসার প্রদান করা হয়েছে।