রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ আহত- ৬

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন। তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।

রামপালে ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ গ্রেফতার- ৭

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সোয়া ৯ টায় আদিল মাহামুদ নামের এক ভুক্তভোগী রামপাল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) ওই রাতেই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের প্রধান ও এক নারী সদস্যসহ সাতজন কে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের আত্মসমর্পণকৃত বনদস্যু রফিকুল ইসলামের ছেলে মো. শাহীন শেখ(২২), একই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ(২০), ইব্রাহিম মোল্লার ছেলে আসলাম মোল্লা আকাশ (২০), গোলাপ শেখের ছেলে ইমন শেখ (১৭), উজিরের ছেলে ফেরদৌস হাসান জয় (১৭), মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রমজান শেখ (১৭) ও টিটু মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার টিনা (১৮)। পলাতক রয়েছে সিয়ামসহ অজ্ঞাত ৩/৪ জন।

এজাহার সূত্রে জানা গেছে, বনদস্যু রফিকুল ইসলামের ছেলে শাহীন শেখ মোবাইল ফোন ব্যাবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদ পাতে। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ট্রাপে ফেলে। গত ইংরেজি ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে যেতে বলে। আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে বেদম ভবে মারপিট করে। এক পর্যায়ে আসামীরা তার কাছে থাকে নগদ টাকা, একটি টিভিএস মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ভিকটিমের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত নিয়ে নেয়। একইদিন রাত সাড়ে ১০ টায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। গত ইংরেজি ১৬ জানুয়ারী সকাল ৮ টায় ফয়লা স্টান্ডে গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।

এ বিষয়ে (রামপাল -মোংলা) সার্কেল এএসপি মুশফিকুর রহমান তুষার এবং রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের প্রধান হোতা শাহীনকে ও নারী সদস্যসহ সাত জনকে আটক করেছি। কয়েকজন পলাতক রয়েছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

রামপালে ৫ হাজার দুস্থের মাঝে কম্বল বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে সরকারিভাবে পাঁচ হাজার দুস্তকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ প্রমুখ।

এ সময় বিভিন্ন এতিমখানা, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমাম, মোয়াজ্জেম এবং অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতি ইউনিয়ন পরিষদে ২ শত করে কম্বল সহ ৫ হাজার কম্বল বিতরণ করা হয়।

ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাট ডিবি পুলিশের অভিযানে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মনিরুল ইসলাম মনি (৪২) বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইতলা গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একজন ব্যাক্তি একটি ট্রলি ব্যাগ নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ দৌড়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত জিজ্ঞাবাদের একপর্যায়ে তার কাছে ট্রলি ব্যাগের ভিতরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে বলে তিনি স্বীকার করেন।

পুলিশ ট্রলি ব্যাগের মধ্যে আকাশী রংয়ের পলিথিনে মোড়ানো বাদামী রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে পাঁচ কেজি গাজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) স্বপন কুমার রায় বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ্আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামপালে গাঁজাসহ কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে। আটক ইয়াছিন মোল্লা উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে।

রামপাল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ফোর্সসহ রবিবার (১৪ জানুয়ারী) রাত ১০ টায় গৌরম্ভা গ্রামের জনৈক ওমর ফারুকের বাড়ির সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক ইয়াছিনকে সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০  (৩৫ বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক কারবারিদের ধরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

রামপালে ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে কলেজ ছাত্রীসহ যুবকের আত্মহত্যা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে এক যুবক ও এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথকভাবে দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ভিকটিমেরা হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে মোংলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া মাহামুদা (১৮) ও উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্র নাথ বালার ছেলে সৌমজিৎ বালা (৩৪)।

রামপাল থানা পুলিশ ভিকটিমদের অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে আফিয়া মাহামুদা এ্যান্ড্রয়েড ফোন কিনতে ৯ হাজার টাকা চায়। দরিদ্র পিতা সাইফুল বলেন, কাছে টাকা নেই, টাকা পরে দিবো। এরপর সে অভিমান করে মঙ্গলবার (৯ জানুয়ারী) রাত অনুমান ৯ টার সময় সিংগড়বুনিয়া গ্রামের নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে চাদর পেচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে ওই একই তারিখ বিকেল সাড়ে ৫ টায় ভিকটিম সৌমজিৎ বালা বড় নবাবপুর গ্রামের নিজ বাড়ির ঘরের আড়ার সাথে সাদা নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ভাইপো লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ২ টার সময় তার কাকা ভিকটিম সৌমজিৎ তার কাকি পূর্ণিমা অধিকারী ও তার ছেলে প্রত্তুষকে শ্বশুর বাড়িতে রেখে বাড়িতে চলে আসে। ওইদিন বিকাল অনুমান ৫ টায় তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। তখন ডাক চিৎকার করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিকটিমকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে নামিয়ে সৌমজিৎকে মৃত্যু দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম সৌমজিৎ বালা মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন পূর্বে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সে মানসিকভাবে সুস্থ ছিল না বলে জানান তার ভাইপো বিজন কুমার বালা।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভিকটিম সৌমজিৎ বালার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বুধবার  (১০ জানুয়ারী) সকল ১০ টায় বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে। অপর ভিকটিম আফিয়ার পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

এই নির্বাচনে আমার বড়ো শক্তি জনগণ: রামপালে নির্বাচনী সভায় উপমন্ত্রী হাবিবুন নাহার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

অবহেলিত এই রামপাল মোংলাকে পরিশ্রমের মাধ্যমে উন্নতি করেছি। আজ যারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা মূলত নৌকার কর্মী নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। আমরা কাজ করি সাধারণ মানুষের জন্য। এই নির্বাচনে আমাদের শক্তি জনগণ। আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে গ্রহণযোগ্য দেখাতে উল্লেখযোগ্যভাবে ভোটকেন্দ্র উপস্থিত হয়ে ভোট দিতে হবে।

আমি জানি আমাকে অনেকেই পছন্দ করেন না ও অযোগ্য মনে করেন কিন্তু যারা এই কথা বলেন তারা নিজেরা নিজের দিকে তাকিয়ে নিশ্চয়ই একথাগুলো বলেন না। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলালের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ড. এ.কে. আজাদ ফিরোজ টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাক্ষ মোতাহার রহমান, ভাগা সুন্দরবন মহিলা কলেজের অধ্যাক্ষ খালিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লা, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা পারভীন, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রীগের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর পথ সভা জনসভায় রূপ নিয়েছে

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের এক পথসভা জনসভায় রূপ নিয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায় বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পথ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের বৃহৎ অংশ দলীয় প্রচারে অংশ নেওয়ায় মূলত আওয়ামী লীগের সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। বৃহৎ অংশ স্বতন্ত্র প্রার্থীর সাথে থাকায় অস্বস্তিতে পড়েছে ক্ষমতাশীন দলের প্রার্থী। শেষমেশ ভোটের মাঠে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে বলে এমন আভাস মিলেছে।

বাশঁতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট সেচ্চাসেবক লীগের আহবায়ক শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।

রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, অধ্যাপক সওকত আলী হাওলাদার, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো.নাসির  উদ্দিন, চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, চেয়ারম্যান রাজিব সর্দার, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, বাইনতলা ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সরদার মুজিবর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সর্দার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পথসভায় জনতার ঢল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ।

পথ সভায় আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও দলের প্রথম সারির বিপুল সংখ্যক নেতা কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন। বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথ সভায় গিয়ে দেখা যায় এমন চিত্র। পথ সভা জনসভায় রূপ নিতে দেখা যায়। বক্তারা বলেন, বিগত সময় আওয়ামী লীগের হেভিওয়েটরা এলাকার মানুষের জন্য তেমন কাজ করেনি। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে দলের কিছু লোকদের স্বার্থ রক্ষা করেছেন। নেতৃবৃন্দ মানুষের মুক্তি নিশ্চিত করতে ঈগল প্রতীককে বিজয়ী করার জন্য অনুরোধ করেছেন।

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের পথসভায় জনতার ঢল

এ্যাডভোকেট গাজী রেজাউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, বাগেরহাট জেলা যুব মহিলালীগের  সহ সভাপতি মোসাঃ আজিজা সুলতানা রিনি,

রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির  উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল বিশ্বাস, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ মজুমদার, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।

রামপালে নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের সংঘর্ষে আহত- ১১

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

 বাগেরহাটের রামপালে নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের সমর্থকদের ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায়  ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীরা হলেন, উপজেলার বড় কাটালী গ্রামের গাজী জহুরুল ইসলাম (৫২), জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৫৮) ও মো. আল আমীন হাওলাদার (৪২)।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড়কাটালী গ্রামে ঈগল প্রতীকের আলীমুল্লাহ নামের এক সমর্থকের ফেসবুক আইডিতে একটি ভিডিও ছবি পোস্ট দেওয়ার ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

আহতরা হলেন নৌকা প্রতীকের সমর্থক কোরবান আলী হাওলাদার (৩৮), আবু সাইদ ইজারাদার (৩৬), হুমায়ুন হাওলাদার (৫০), জুলকার শেখ (৭২) ও হালিম শেখ (৪৫) অপরদিকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীক সমর্থক আহত সোহাগ আইকন (৪৮), জিলানী শেখ (২৫), ফিরোজ খান (৩৬), জিহাদ খান (৪০), শামীম শেখ(৩৬) ও জহুরুল গাজী (৪০। আহতদের সকলকে মোংলা ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি ভিডিও ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃত তিন আসামীকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে।