রামপালে বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলা প্রশাসন ও ব্রাকের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, ব্রাকের জেলা সমন্বয়কারী এস, এম ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এ্যাসোসিয়েট অফিসার জেসমিন আক্তার প্রমুখ। সভায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইনি সহায়তা বিষয়ে, কিশোর কিশোরীদের পিতা-মাতাদের নিয়ে অভিভাবক সভা, কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা, ইউনিয়ন সমন্বয় কমিটির সভসহ সকল সভার কার্যবিবরণী তুলে ধরা হয়। আগামীতে রামপাল উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়।

ইসি’র তফসিল ঘোষণায় রামপালে যুবলীগের আনন্দ মিছিল

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ইসি’র তফসিল ঘোষণায় আওয়ামী যুব লীগের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়েছে।  বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা সদরের মসজিদ মোড়ে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামীম নূরী, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, আওয়ামী লীগ নেতা বেলাল ব্যাপারী, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম, আলমগীর হোসেন, সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সঞ্চালক চয়ন মন্ডল, আবু বকার প্রমুখ। আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রামপালে ২৪ লাখ টাকার ২ টি পাবলিক টয়লেট দীর্ঘদিন তালাবদ্ধ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল সদরের খেয়াঘাটে ও পুরাতন বাসস্ট্যান্ডে মোট ২৩ লক্ষ ৭৮ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মিত দুইটি পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় তা কোন কাজেই আসছে না। পথচারীদের স্যানিটেশনের সুবিধার্থে টয়লেট দুইটি নির্মাণ করা হয়। আদৌ পাবলিক টয়লেট দুটি নির্মাণে এত টাকা ব্যায় করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডে ও সদর খেওয়াঘাটের জনসাধারণ ও পথচারীদের স্যানিটেশন সমস্যার সমাধানে টয়লেট নির্মাণ প্রকল্প দুইটি বাস্তবায়ন করা হয়েছে। রামপাল উপজেলা এলজিইডি ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে। এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. গোলজার হোসেন জানান, ইউটিএনআইডিপি’র প্রকল্পের অধীনে গত ইংরেজি ২০১৯ সালে নির্মাণ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মঞ্জু এন্টারপ্রাইজ খুলনা ১০ লক্ষ ৫৫ হাজার ৯১১ টাকা ব্যায়ে নির্মাণ সম্পন্ন করে। চলতি বছরের জুন মাসে নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। পার্বতীতে টয়লেটসহ টিউবওয়েলটি উপজেলা প্রশাসনের কাছে বুঝে দেওয়া হয়। এরপর সেটি কি অবস্থায় রয়েছে বা মেইনটেইনেসের জন্যে কমিউনিটির কারো কাছে হস্তান্তর করা হয়েছে কি না সেটি তিনি জানাতে পারেননি।

রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন জানান, পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধীনে গত ২০২০ সালে ওয়েলকাম মটরস্ নামরে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩ লক্ষ ২৩ হাজার টাকা ব্যায়ে নির্মাণ শুরু করে। গত ইংরেজি ৩১-১২-২০২১ তারিখ নির্মাণ সম্পন্ন করে তা হস্তান্তর করে। এটি স্হানীয় এখলাস গাজী নামের একজন দেখভাল করেন বলে জানা গেছে। তবে তার প্রতিনিধি একরামত দোকান্দার জানান, এখানে লোক সমাগম না থাকায় দিনের অধিকাংশ সময় টয়লেটটি বন্ধ থাকে।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, বিপুল পরিমাণ টাকা ব্যায়ে টয়লেট দুইটি নির্মাণ করে তা তালাবদ্ধ রাখা হয়েছে। এতে মানুষের কোন কাজেই আসছে না। পথচারীরা মাঠে ঘাটে যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে। এতে পরিবেশের দারুণ ক্ষতি হচ্ছে। দ্রুত তালা খুলে পথচারীদের জন্য টয়লেট দুইটি উম্মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করেছেন পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্প দুটির বিষয়ে তার কাছে কোন রেকর্ড নেই। খোঁজ খবর নিয়ে জানাতে পারবো। তবে তিনি জানান, পাবলিক টয়লেট তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করবো।

বাগেরহাটের ফকিরহাটে বিদেশি মদ গাঁজা ইয়াবাসহ নারী কারবারী আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের ফকিরহাটে গাজা, ইয়াবা ট্যাবলেট ও বিদেশী মদ সহ ফারজানা আক্তার ইভা (৩২) নামের এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে ফকিরহাট থানা পুলিশ।

পুলিশ জানান, সোমবার রাত ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে এসআই বাদশা বুলবুল ও এএসআই আব্দুল্লা আল-মামুন সহ থানা পুলিশের একটি দল উপজেলার সুখদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় ফারজানা আক্তার ইভাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছে থাকা ২কেজি গাজা, ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪টি বিদেশী মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারীর স্বামী আহাদুজ্জামান শেখ পালিয়ে যায়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই নারী মাদককারবারীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ফারজানা আক্তার ইভা চর রূপসার বাগমারা গ্রামের আহাদুজ্জামান শেখ ওরফে সুমনের স্ত্রী।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত নারীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে। ওই দম্পত্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামী আহাদুজ্জামান শেখকে গ্রেপ্তারের অভিযান চলছে।

বাগেরহাটের রামপালে উপকূল দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

‘৭০-এর ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যাক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় রামপালে উপকূল দিবস পালিত হয়েছে। প্রেসক্লাব রামপালের আয়োজনে রবিবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় ক্লাব কক্ষে এ দিবস পালন করা হয়।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কান্না জড়িত এই দিনটি হোক উপকূল দিবস। দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উপকূলের ১৯ জেলা ও প্রায় শতাধিক উপজেলায় উপকূলবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছেন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশের উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের জলবায়ু ন্যায্যতার দাবী আরও জোরালো হোক এটাই উপকূলবাসীর প্রত্যাশা।

প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মহিউদ্দিন শেখ, বিশেষ অতিথির বক্তব্য দেন পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, শেখ আবজাল হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংবাদিক লায়লা সুলতানা, হারুন শেখ, মুর্শিদা পারভীন, জোছনা বেগম প্রমুখ।

 

বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা সহ আটক- ৩

 জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় বাগেরহাট শহরের খারদার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গাজাসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং চট্ট মেট্টো শ-১১-২৩৪১ জব্দ করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের ভিআইপি রোড মোড়ে খুলনা থেকে বাগেরহাট গামী একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে আসতে দেখে সিগন্যাল দিয়ে ভ্যানে থাকা যাত্রী কবির মিজান এবং খালিদ হোসেন লিপুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা কাভার্ড ভ্যানের কেবিন হইতে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বের করে দেয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের নির্দেশনা মোতাবেক জেলার সকল জায়গায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা ।

রামপালে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন এলাকায় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে মোংলামুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা রনসেন মাছের আড়ৎ এর সামনে নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাগেরহাট জেলার ফকিরহাট থানার বট্ট খামার এলাকার সত্তার এর ছেলে রাজ্জাক  নিহত হন এবং মোটরসাইকেলের অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোটরসাইকেলের যাত্রী রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার

মজিবর রহমান এর ছেলে মোঃ হারুন-অর- রশীদ ।  এ দূর্ঘটনার পরথেকে প্রাইভেটকার এর চালক পলাতক রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, দুর্ঘটনা কবলিত অনটেষ্ট মোটরসাইকেল ও প্রাইভেটকার যার  রেজিঃ নম্বর চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৩ তামার তার চোর আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তার চুরি কালে ৩ জন চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জাহিদ হাসান নামের এক ব্যক্তি বাদী হয়ে রামপাল থানায় একটি চুরি আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ১০ টায় আসামীদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় একদল চোর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটের পাশে চুরি করছে। এমন খবর পেয়ে রামপাল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। ওই সময় ১৫ কেজি তামার তারসহ তিন চোরকে হাতেনাতে আটক করে। এরা হলো রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের শুকুর ইজারদারের পুত্র রাজু ইজারাদার একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শরিফুল ইজারদার ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের মো.ইমরান মুন্সির ছেলে রেজাউল মুন্সি হৃদয়।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম চোরাই মালামালসহ তিন জনকে আটক ও তাদেরকে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

রামপালের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আ.লীগের কারণ দর্শানোর নোটিশ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

কারণ দর্শনোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশনা সত্বেও নির্দেশ অমান্য করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে প্রকাশ্যে জনসভায় অশালীন বক্তব্য প্রদান করেছেন। যাহার প্রমাণ জেলা আওয়ামী লীগের সভায় উত্থাপিত হয়েছে।

তার বক্তব্য অশালীন এবং অসাংগঠনিক। যাহা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে গত ইংরেজি ২৫-১০-২০২৩ তারিখে জেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে একমত পোষণ করেন।

এ জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন সংগঠন থেকে সাময়ীকভাবে বহিষ্কার করা হবে না তাহা পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে লিখিতভাবে জবাব জেলা আওয়ামী লীগ বরাবর প্রেরণ করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদের মুঠোফোন কথা বলার চেষ্টা করলেও  তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনের মুঠোফোনে কথা হলে তিনি কারণ দর্শনোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সাত দিন গত হওয়ার পরেও মো. আবু সাইদ কারণ দর্শনোর নোটিশের জবাব দেননি বলেও তিনি নিশ্চিত করেছেন।

রামপালে ধর্ষণে অন্তঃসত্বা তরুণীর আদালতে জবানবন্দি; মামলা তুলে নিতে হুমকি

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ধর্ষিতা অন্তঃসত্ত্বা তরুণী (১৭) এর পিতা বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন। আসামীর প্রভাবশালী পিতামহ তার লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অসহায় ভিকটিমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন।
জানা গেছে, রামপাল উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে (১৭) কে ধর্ষণ করে তারেক হাসান বাপ্পি নামের এক লম্পট। এ ঘটনায় বাদী হয়ে বাগেরহাটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত -২ এর আদালতে একটি মামলা করেন ভিকটিমের পিতা। আদালতের বিচারক গত ইংরেজি ১২ অক্টোবর শুনানি শেষে রামপাল থানা পুলিশের ওসিকে এজাহার করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। রামপাল থানার ওসি আদেশের কপি পেয়ে গত ইংরেজি ০১-১১-২০২৪ তারিখ মামলাটি রুজু করে গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীনকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তা রবিবার (০৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামপাল) এর আদালতে ভিকটিম অন্তঃসত্ত্বা তরুণীকে হাজির করে ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করিছেন।
বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ইংরেজি ১০-০৪-২০২৩ তারিখ উপজেলার গৌরম্ভা গ্রামের ইকবাল গাজীর ছেলে তারেক হাসান বাপ্পি ভিকটিমের কাছ থেকে ৪ হাজার টাকা ধার নেয়। আসামী বাপ্পী টাকা ফেরত দেওয়ার কথা বলে ওইদিন সন্ধ্যা ৭ টায় তাদের বাড়ির পাশে স্থাপিত গ্রামীণ ফোনের টাওয়ারের ফাঁকা পাহারাদারের রুমে নিয়ে যায়। টাকা দিতে একটু দেরি হবে বলে ভিকটিমকে অপেক্ষা করতে বলে। এদিকে সন্ধা গড়িয়ে রাত হয়ে যায়। আসামী বাপ্পী ভিকটিমকে জড়িয়ে ধরে বিভিন্ন প্রলোভন দেওয়ার এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম কান্না করতে থাকলে তাকে বিবাহ করবে বলে সান্ত্বনা দেয়। এরপরে সে বলে একথা কাউকে বললে তোমার মা বাবার ক্ষতি হবে বলে ভয় দেখায়। আর বেশী বাড়াবাড়ি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার ভিডিও ছেড়ে দিবো। এতে কলেজ পড়ুয়া ওই তরুণী ভীত হয়ে পড়ে। ওইদিন রাত ৯ টায় বাড়িতে গিয়ে ভিকটিম তার মাকে ঘটনা খুলে বলে। পরে ভিকটিমের পিতাকে ঘটনাটি জানালে সে হতবিহ্বল হয়ে পড়ে। পরে আসামী বাপ্পির পিতার কাছে গিয়ে অভিযোগ করেন। আত্ম সম্মানের চিন্তা করে আসামী বাপ্পী ও তার পিতা ইকবাল গাজীকে বিষয়টি জানিয়ে গোপনে মিমাংসার চেষ্টা করেন। লম্পট আসামীর পিতা তাদের তাড়িয়ে দেন।

গত ইংরেজি ২৮-০৮-২০২৩ তারিখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভিকটিমকে পরীক্ষা করালে ২১+ সপ্তাহের গর্ভবতী বলে ডাক্তার রিপোর্ট দেন। বর্তমানে ভিকটিম ২৯ সপ্তাহের গর্ভবতী। গরীব ও অসহায় বাদী আসামীর বাড়িতে গিয়ে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীর পিতা তাদের তাড়িয়ে দেন।
এরপর সমাজপতিদের দ্বারেদ্বারে ধর্ণা দিয়ে কোন ফয়সালা না পেয়ে অবশেষে বাগেরহাটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত তারেক হাসান বাপ্পীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা ইকবাল গাজীকে পাওয়া গেলেও তিনি সাংবাদিকদের বসতে বলে গা ঢাকা দেন, যে কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক গত ইংরেজি ২৬ অক্টোবর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাঠানো কপি হাতে পেয়েই মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ভিকটিম কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ইতিমধ্যে ২২ ধারার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আসামী আটকের জোর চেষ্টা করছি।