বাগেরহাটের রামপালে গাঁজাসহ মাদক কারবারি আটক

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রাজু শেখ (২২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

আটক রাজুকে শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের সিমপ্লেক্স গেটের সামনে এসআই দিনেশ ঘোষ অভিযান পরিচালনা করেন।

ওই সময় গাঁজা বিক্রি কালে রাজুকে ৪৬ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এ বিষটি রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

বাগেরহাটের রামপালে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার ওয়ারেন্টভূক্ত তিন জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার ঝালবাড়ি গ্রামের জমির মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৭), মাদারদিয়া গ্রামের জালাল শেখে ছেলে লালমিয়া শেখ (৩৪) ও গৌরম্ভা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে নাহিদ আকুন্জি (৩০)। রামপাল থানা পুলিশ বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে।

বুধবার (২৬ অক্টোবর ) আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলায় ভ্যান চালককে হত্যার ১২ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ‍্যান চালক কে হত‍্যার ঘটনায় হত‍্যাকারী কে আটক করেছে পুলিশ।

জানাযায়, বাগেরহাটের মোংলা  পৌরসভা এলাকায় মামার ঘাট এলাকায় ভ্যান চালক আল আমিন (৪২) ভ্যান চালিয়ে যাবার সময় পথচারী এক যুবকের পায়ে ভ্যানের চাকা লেগে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐ যুবক গ্রেফতারকৃত আসামী হেলাল ভূইয়া (২৪)  ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক আল আমিন কে মারধর করে। এই আঘাতে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এরপর আসামী নিজেই ভিকটিমকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দিয়ে দ্রুত পলিয়ে যায়।

এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো: রাসেলুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) জনাব মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শামসুদ্দীন এর অংশগ্রহণে মোংলা থানার একাধিক আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে তৎপর হয়। পরবর্তীতে টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে পুলিশ এর একটি চৌকস দল বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন আটজুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ভান্ডারখোলা গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় আসামীকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় মোংলা থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রামপালে সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অর্থবাণিজ্যের অভিযোগ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালের সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের ৪ টি শুন্য পদের বিপরীতে সভাপতি বিধান চন্দ্র পালের বিরুদ্ধে নিয়োগের নাম করে মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা লিখিতভাবে অভিযোগ করেছেন। অভিযোগকারীরা হলেন, বিদ্যুৎসাহী সদস্য শেখ কালিমুল্লাহ, দাতা সদস্য নরেন্দ্র নাথ পাল, সদস্য মোজাফফর হোসেন, দেবাশীষ পাল, নিত্য পাল। গত রবিবার (১৫ অক্টোবর) ম্যানেজিং কমিটির ওই ৫ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ তারিখে ৪টি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিধান পাল চাকুরী প্রার্থীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনৈতিক লেনদেনের মাধ্যমে অযোগ্য প্রার্থিদের চাকুরী দেওয়ার চেষ্টা করছেন। এমন অভিযোগ পেয়ে ম্যানেজিং কমিটির সদস্যগণ সভাপতিকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করলেও সে কোন রকম অনিয়ম থেকে ফিরে আসছে না বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয় ।

আভিযোগে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে এবং বিদ্যালয়ের ভাবমূর্তী নষ্ট হচ্ছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করলেও সভাপতি বাবুর দোহাই দিয়ে তিনি‌ এ বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারবেন‌ না বলে জানান।

এমতবস্থায়, অভিযোগকারীরা বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও সঠিকভাবে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান শিক্ষক তুহিন বাদশার কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন অভিযোগ আমিও শুনেছি। এখানে অনৈতিক অর্থবাণিজ্য হচ্ছে, তাই আমি চাই এলাকাবাসীকে সাথে নিয়ে বিষয়টি সুষ্ঠু সুরাহা হোক।

এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি বিধান চন্দ্র পালের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার নামে কেন অভিযোগ হয়েছে তা আমি জানি না, তবে অভিযোগকারীরা আমার সুনাম ক্ষুন্ন করতে এ ধরনের মিথ্যা অভিযোগ এনেছেন।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অভিযোগের বিষয়গুলি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেছেন।

বাগেরহাটের রামপালে মাদকসহ বিভিন্ন মামলায় আটক- ৩

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ বিভিন্ন মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে। আটককৃতদের সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।

আটককৃতরা হলো খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রণজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের পুত্র মো.  আকরাম শেখ (৩৫), রামপাল উপজেলার কৈগরদাসকাঠি গ্রামের মাইনুর হাওলাদারের পুত্র ইব্রাহিম হাওলাদার (২১) ও ফকিরহাট উপজেলার জলিল বয়াতির পুত্র জামাল হোসেন বয়াতি (৩৮)। আটককৃতদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি আসামিদের আটক ও বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাটের রামপালে কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন এসপি ফরহাদ হোসেন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ডক্টর ফরহাদ হোসেন দাখিল মাদ্রাসার অন্তর্ভূক্ত নূরানী ইবতেদায়ী ক্যাডেট কিন্ডারগার্টেন এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীরম্ভা গ্রামে কিন্ডারগার্টেন কক্ষে এ ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সরকার শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা গ্রামের অজপাড়াগাঁয়ের শিশুদের মাঝে আইসিটি শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছি। যাতে করে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়ন হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে এবং তারা সুশিক্ষায় শিক্ষিত ও হবে। এ জন্য এলাকার মানুষদেরও এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মাদরাসা সুপার আ. রউফের সভাপতিত্বে ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ছাড়াও বক্তব্য দেন, ডাক্তার লিয়াকত আলী, মো. সেকেন্দার হোসেন, মো. মাসুম গাজী, মো. মাহামুদ সরদার প্রমুখ। কম্পিউটার প্রদান করেন, হাজী নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার।

রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে পালিত হলো দিবসটি। দিবসের মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। এরপর রামপাল ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অগ্নি নির্বাপণে কারণীয় বিষয়ে কারণীয় কি সে সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম।

মহড়া পরিচালনা করেন রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান। উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই রিফাজ হোসেন, অধ্যাপক মো. বজলুর রহমান, সিডিপি’র সিরাজুল ইসলাম, সাংবাদিক হারুন শেখ, মুরশিদা পারভীন প্রমুখ।

রামপালে ইয়াবা কারবারিসহ আটক- ২

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা কারবারিসহ দুইজনকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলো, খুলনা জেলার বটিয়াঘাটা থানার মৃত আহাদ শেখের পুত্র মো. আকরাম শেখ (৩৫) ও মোড়েলগন্জ উপজেলার জিউধরা গ্রামের মো. আলী শেখের পুত্র মারপিটে মামলার আসামি হৃদয় শেখ (২০)।

রামপাল থানা পুলিশের এসআই লিটন কুমার বিশ্বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় রামপাল সদরের খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিস ইয়াবাসহ আকরামকে আটক করা হয়। ওই সময় চিহ্নিত কিছু সহযোগী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। সুত্র জানায়, রামপাল থানা পুলিশ তাদের হণ্যে হয়ে খুঁজছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দুই জনকে আটক ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

রামপাল-মোংলার যত উন্নয়ন শেখ হাসিনার অবদান// ফায়ার স্টেশনের উদ্বোধনে হাবিবুন নাহার

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সারাদেশের গ্রাম বাংলাসহ বাগেরহাটের রামপাল-মোংলার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার অবদান, এখানে অন্য কোন সরকারের অবদান নেই।

বৃহস্পতিবার (১২ অক্টোবর)বেলা ১১ টায় বাগেরহাটের রামপাল উপজেলায় নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন রামপাল ও মোংলা উপজেলার বাগেরহাট জেলার মধ্যে সব থেকে ঝুকিপূর্ণ ও দুর্যোগ প্রবন এলাকা। এখানকার মানুষ প্রকৃতিক নানা দুর্যোগ মাথায় নিয়ে বসবাস করেন। আজকে এই ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের নিরাপত্তা বাড়বে। এসময় তিনি ফায়ার স্টেশনের কর্মীদের যে কোন দুর্যোগ মোকাবেলায় আন্তরিকতার সাথে মানুষের পাশে থাকার আহবান জানান।

ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব জাহিদুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর খুলনা বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাগেরহাটের রামপালে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ফয়লাহাট মেডিল্যাব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারে সভা অনুষ্ঠিত হয়৷

রামপাল পল্লী চিকিৎসক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এনামুল কবীর বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের তৃণমূল মানুষকে সেবা দিলেও তারা নিজেরাই অবহেলিত৷ তারা বলেন, রাতে বা দিনে অসুস্থতায় গ্রামের দরিদ্র অসহায় মানুষ আমাদের কাছে ছুটে আসে৷ মানবিকতার কারনে আমাদেরকে অনেক সময় বিনা পয়সায় তাদের চিকিৎসা সেবা দিতে হয়৷ সরকার আমাদের চিকিৎসা সেবা দিতে কোনো বাধাঁ নিষেধ না রাখলেও আমরা নানা সময় হয়রানির শিকার হই৷ পল্লী চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিলে তৃণমূলে চিকিৎসা সেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হবে৷ তাই পল্লী চিকিৎসকদের সহযোগীতার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান৷

সভায় বক্তৃতা করেন সহ সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক অমিত পাল সহ সংগঠনের নেতৃবৃন্দ৷

সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এর কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং এ ধরনের ঔষধ ব্যাবহারে সচেতন হতে নানা বিষয়ে পল্লী চিকিৎসকদের নির্দেশনা দেন সংশ্লিষ্টরা৷