বরগুনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি ও সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনা সদর উপজেলার লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলীর অনিয়ম-দুর্নীতি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে রবিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত।

লিখিত বক্তব্যে লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমতিয়াজ হোসেন সোহেল পঞ্চায়েত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী তার বিরুদ্ধে শিক্ষককে মারধর,বিদ্যালয়ের গাছ কাটা, টাকা লুটের যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট,উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। তিনি এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,এ বিষয়ে সভাপতিসহ ম্যানেজিং কমিটির কারো কোন সম্পৃক্ততা নেই। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করিয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির বিরুদ্ধে গত আগস্ট মাসে যে গাছ কাটার মামলা হয়েছে তা থেকে বিজ্ঞ আদালত নভেম্বর মাসে মিথ্যা প্রমাণিত হওয়ায় ম্যানেজিং কমিটির সকলকে অব্যাহতি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী এই বিদ্যালয়ে ২০১৪ সালের জুন মাসে যোগদান করার পর থেকেই বিভিন্ন মামলা-মোকদ্দমা জড়িয়ে যান এবং বিদ্যালয়ের অর্থ অবৈধভাবে আত্মসাৎ করেন। সভাপতি হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করার পরে তার অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিলে তিনি আমার উপর অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়ে আমার মান সম্মান ও সামাজিক অবস্থানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগেন। গত আগস্ট মাসের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ম্যানেজিং কমিটি কর্তৃক বিধিমত তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের টাকা ফিরিয়ে পাওয়ার জন্য ২০ আগস্ট ২০২৩ তারিখে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। যার নং সিআর ১০৫৩/২৩ (বর)। বর্তমানে এই মামলাটি পিবিআইতে তদন্তনাধীন রয়েছে।

তিনি বলেন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী এনটিআরসিএ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় উত্তীর্ণ সহকারী শিক্ষক (বাংলা) মোঃ ইসমাইল হোসেনকে বিদ্যালয় যোগদান করতে না দিলে তৎকালীন এডিসি মহোদয়ের নির্দেশক্রমে নিয়োগ দিতে বাধ্য হন এবং ইসমাইল হোসেনের নিকট থেকে আর্থিক সুবিধা ভোগ করেন। তিনি ২০১৫ সাল থেকেই দুর্নীতির সাথে জড়িত। তিনি লেবুয়া খাজুরা পিকে মাধ্যমিক বিদ্যালয়টিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের অভিভাবকদের সাথে সবসময় দুর্ব্যবহার করেন বিধায় বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী অন্যত্র গিয়ে লেখাপড়া করছেন।

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে কার্যক্রমের মাধ্যমে ধানের চারা রোপন রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বরগুনা  জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম।

আজ মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ এর আয়োজনে আমতলীর মানিকজুড়িতে আয়োজিত অনুষ্ঠানে  অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া,ড. আবু সৈয়দ মো: জোবাইদুল আলম,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামার বাড়ী বরগুনা,এসএম বদরুল আলম অতিরিক্ত উপ পরিদর্শক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী,বরগুনা, মো: ইকবাল হোসেন অতিরিক্ত উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (পিপি) খামারবাড়ী বরগুনা, সিএম রেজাউল করিম অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বরগুনা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ ইছা উপজেলা কৃষি অফিসারসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা। কৃষি জমিতে যন্ত্রের ব্যবহার সহজতর করতে শুরু হলো সমলয় পদ্ধতিতে বোরো ধানের চাষাবাদ। বিশেষ এই পদ্ধতিতে কৃষক উৎপাদিত ধানের চারা যন্ত্রের মাধ্যমেই রোপন ও যন্ত্রের মাধ্যমেই কাটা শেষে ফসল ঘরে তুলতে পারবে।

কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে শ্রমিক সংকট ছাড়াও উৎপাদন খরচ কমবে। রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে শ্রমিক ছাড়াই বোরো ধানের চারা রোপন করা হচ্ছে। সনাতন পদ্ধতিতে মাটিতে ধানের চারা রোপন করতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। কিন্তু সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে সঠিক পরিমাপে ও দূরত্বে চারা রোপন সম্ভব হয়। এই পদ্ধতিতে একদিকে যেমন শ্রমিক সংকট দূর হবে, অন্যদিকে একর প্রতি উৎপাদন খরচ কমছে প্রায় ৫০ ভাগ। শুধু তাই নয়,এই পদ্ধতিতে ফসলি জমিতে পোকা মাকড়ের বিস্তার রোধ, রোগ-বালাই দমন সহজ হবে। চলতি মৌসূমে কৃষি বিভাগের সহায়তায় সমলয় পদ্ধতিতে সদর উপজেলার ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে বোরো ধানের চাষ করা হচ্ছে।

সমলয় পদ্ধতিতে ধান চাষের জন্য উপজেলা ৫০ কৃষককে বীজ, সার, ধানের চারা রোপন ও কর্তনের কাজ করে দেবে কৃষি বিভাগ।

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন তালতলীর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

//তামান্না ইসলাম, আমতলী, বরগুনা প্রতিনিধি//

রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন বরগুনার তালতলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৪)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তুলাতুলি মুজিব কিল্লায় অনুষ্ঠিত জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান সহ পুলিশের চৌকস সদস্যবৃন্দ।প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও জানাযার নামাজ শেষে বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি,স্ত্রী,দুই ছেলে, এক মেয়ে,নাতি-নাতনী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ যুদ্ধ পরবর্তী কালিন সমেয় অগ্রণী ব্যাংকের কেয়ারটেকার হিসেবে চাকরি থেকে অবসর নেন। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বরগুনাতে হুইল চেয়ার পেয়ে খুশি পিতা পুত্র সেলিম জাহিদুল তৈহিদুল

//তামান্না ইসলাম, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী তিন পিতা-পুত্রকে হুইল চেয়ার বিতরণ করেছে তালতলী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টার দিকে ‘বরগুনা জেলা প্রশাসন প্রদত্ত  তালতলী উপজেলা প্রশাসনের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম,ইউপি সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে সেলিম বলেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী আমার দুটি সন্তানও প্রতিবন্ধী চলাফেরা করতে না পারায় ঘরের বাইরের জগত কখনো দেখা হয়নি। এখন থেকে গাড়ি করে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারব এই গাড়িতে আমরা নতুন জীবন পেলাম। যারা আমাদের গাড়ি দিছে তাদের আল্লাহ নেক হায়াত দান করুক।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন,জেলা প্রশাসন ও  উপজেলা প্রশাসন সব সময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছে রয়েছে আমাদের এই সহযোগিতা সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের হুইল-চেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন জন জনে জনতা গড়ে তোলো একতা এ শ্লোগানকে সামনে রেখে  “বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব” এর নেতৃবৃন্দদের জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দরা নতুন বছরের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের  বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার কথাও আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন-বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নির্যাতিত সাংবাদিকদের পক্ষে কথা বলে। এই সংগঠনটি সারাদেশে সুপরিচিত।নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিকূলতা সৃষ্টি হয়। তাই বিজয়ী সংসদ সদস্য এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ মন্ত্রীদের আমরা সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করবো,যা নতুন বছরে বাংলাদেশ  সেন্ট্রাল প্রেসক্লাবের অগ্রগতিতে সহায়ক হবে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ. জেড.এম ওবায়দুর রহমান (সিনিয়র সহ-সভাপতি), আজিজুল হাকিম (সিনিয়র সহ-সভাপতি),সোহেল রানা (সহ-সভাপতি),শহিদুল ইসলাম সাগর(সাংগঠনিক সম্পাদক),শিহাব তালুকদার (সাংগঠনিক সম্পাদক) লায়ন আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম(আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ওয়ারেছ  আহমেদ (শিক্ষা বিষয়ক সম্পাদক) ফয়জুল্লাহ স্বাধীন দপ্তর সম্পাদক  রবিউল ইসলাম (শিল্প বিষয়ক সম্পাদক), সাখাওয়াত (সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক), নাজমুল আহসান (প্রকাশনা সম্পাদক),সালেহ আহমেদ (নির্বাহী সদস্য),লায়ন আক্তার হোসেন (সাংগঠনিক সম্পাদক), সাইদুর রহমান (নির্বাহী সদস্য),কাজী শফিউল ইসলাম (নির্বাহী সদস্য) সহ অনেকে।এছাড়াও বাংলাদেশ  সেন্ট্রাল প্রেসক্লাবের অন্যান্য দায়িত্বশীল  নেতৃবৃন্দরা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

(সাধারণ সম্পাদক) মাহিদুল সরকার মাহি,(সহ- সভাপতি) মোজাম্মেল হোসেন বাবু, (সাংগঠনিক সম্পাদক) রিয়াদুল মামুন সোহাগ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম নাছির উদ্দীন, সহ আরো অনেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পাঁচবারের এমপিকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ায় যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

//মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধি//

গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার পাঁচবারের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু বিজয়ী হওয়ায় তার সমর্থক ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক এক কলসি দুধ দিয়ে গোসল করে আনন্দ উল্লাস করেছে ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা দিকে বরগুনা সদর উপজেলার সদর ৮ নং ইউনিয়নে লেমুয়া বাজারে। মোঃ মশিউর রহমান মহরাজ (৩৪) ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম সারোয়ার রুস্তম এর ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক খান, যুবলীগের সহ-সভাপতি মোঃ মাহামুদুল হাসান মহসিন, ইউনিয়ন যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ আবু বকরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ মশিউর রহমান মহরাজ বলেন,আমাদের গ্রামটি বরগুনার মধ্যে সবচেয়ে অবহেলিত। এখানে রাস্তাঘাট এখনো পাকা হয়নি। বর্ষার সময় এখানকার মানুষ সব চেয়ে বেশি কষ্টে থাকে। তাই এ বছর আমরা এলাকাবাসী উৎক্যবদ্ধ হয়েছি, গোলাম সরোয়ার টুকুকে নির্বাচিত করব। আর তিনি নির্বাচিত হলে ১ কলসি দুধ দিয়ে গোসল করবো। তিনি নির্বাচিত হয়েছে তাই সেটা পুরন করলাম। নতুন এমপির কাছে আমাদের চাওয়া পাওয়া হলো এই এলাকার রাস্তাঘাট নির্মাণ করবেন এবং মাদক মুক্ত বরগুনা হবে।

নির্বাচনে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করা দেখতে এলাকার মানুষ ভিড় করেছে। দুধ দিয়ে গোসল শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নির্বাচনী জেড়ে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্প ভাঙচুর

//আমতলী, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেড়ে বরগুনা সদর উপজেলর ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির এর অস্থায়ী কার্যালয়  ও নৌকার ক্যাম্পে হামলা, ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ১১ টার দিকে চালিতাতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের কর্মী রাসেল, সোহেল ও তৈয়ব আলী বাজারে প্রবেশ করে এই হামলা চালিয়ে অফিসে থাক আসবাবপত্র ভাংচুর করে। বাঁধা দিলে অফিস সহকারী ইসমাইল হোসেন নান্নাকেও মারধর করে তারা। পরে ইউপি সদস্য নাসির মজলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ব্যপারে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. নাজমুল ইসলাম নাসির বলেন, গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায়, তার সমর্থকরা সেই উত্তেজনায় আমার অস্থায়ী কার্যালয় ও নৌকার ক্যাম্পে হামলা চালায়। আমি আওয়ামী লীগের নৌকা থেকে নির্বাচিত হয়েছি। আমার অন্য দলের নির্বাচন করার কোন সুযোগ নেই । এটাই হলো আমার অপরাধ। যার জন্য এই হামলা,ভাঙচুর ও আমার অফিস সহায়ককে   মারধর করা হয়েছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কেএম মিজানুর রহমান বলেন,খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলীতে গভীর রাতে ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন

মাহমুদুল হাসান, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে গভীর রাতে ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সারে ১১টার দিকে  এই ঘটনা ঘটে।

উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মোঃ আল-আমিন বলেন,রাত আনুমানিক সারে ১১টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা বলতে পারেননি।

বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের সংলগ্ন লোকজন বলেন,বস্তার ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

বরগুনা-১ এ জয়-পরাজয়ের ট্রাম কার্ড নতুন ভোটার

//মাহমুদুল হাসান,আমতলী, বরগুনা প্রতিনিধি//

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আসনের ৭৯ হাজার ৫০৯ তরুণ ভোটারই হতে পারে জয়-পরাজয়ের ট্রামকার্ড। এরা যাকে ভোট দিবে তিনিই হবেন এ আসনের সাংসদ। এ কারনেই তরুণ ভোটাররাই প্রার্থীদের কাছে অধিক প্রিয়।

জানাগেছে,দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে বরগুনা-১ আসনে মোট চার লক্ষ ৮৩ হাজার ৯১১ জন ভোটার রয়েছে।এরমধ্যে ৭৯ হাজার ৫০৯ জন তরুণ ভোটার। এ তরুণ ভোটাররাই ৭ জানুয়ারীর ভোটের জয় পরাজয়ের নিয়ামক। তরুণ ভোটাররা যে প্রার্থীকে ভোট দিবে তিনিই হবেন বরগুনা-১ এর সাংসদ। তাই প্রার্থীরাও তরুণ ভোটারদের টানতে জোর প্রচেষ্টা চালিয়েছেন।তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে,তরুণ ভোটাররা যে কোন প্রার্থীর দিকে ঝুঁকে পরতে পারে।এদের সাথে আলোচনা করে বোঝা যায় স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। বরগুনা-১ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামীলীগ প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু,বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান ও সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান।

এবারের ভোট নিয়ে কথা হলে তরুণ ভোটার কবির,সুজন, রোজিনা, শিলা,রাসেল,ফয়সাল ও রুবেল জানান,জীবনের প্রথম জাতীয় সংসদ নিবার্চনে ভোট দেব।তাই সবকিছু বুঝে শুনেই দেব।যাকে দিয়ে এলাকার উন্নয়ন,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তাকেই জীবনের প্রথম ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আমতলীতে বিএনপি’র সভা করে স্বতন্ত্র প্রার্থী থেকে টাকা নেওয়ায় নির্বাচন বানচালের আশংকা স্হানীয় আওয়ামী লীগের

সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের নির্বাচনে কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান এর কাছ থেকে আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দীন ফকির দলের সভা করে টাকা নেওয়ার ফাঁস হওয়া অডিওতে আমতলীতে তোলপাড় চললেও স্হানীয় আওয়ামী লীগ এটিকে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচাল করার পরিকল্পনা বলে মনে করছে।

স্হানীয় আওয়ামী লীগের দাবি,কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান বিএনপি ঘরানার।তার পিতা ও ভাইয়েরা বিএনপি’র রাজনীতির সাথে সংশ্লিষ্ট।এমনকি তার এক ভাই বর্তমানে পটুয়াখালী জেলা যুব দলের সভাপতি।এবং এদের সাথে রয়েছেন আমতলীর এক সাবেক জনপ্রতিনিধি যিনি এক সময় বিএনপি’র রাজনীতির সরাসরি সাথে যুক্ত ছিলেন।এখন সরাসরি যুক্ত না থাকলেও বিএনপির সাথে তার রয়েছে ঘনিষ্ঠতা। এদের মাধ্যমেই আমতলীর বিএনপি’কে বিশাল অংকের টাকা দিয়ে নির্বাচন বানচালের পরিকল্পনা করছে। তারা আরও দাবি করেন, বিএনপি ইতিপূর্বে আমতলীতে ঢাকাগামী বাসে অগ্নিসংযোগ সহ একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।তাই প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রেখে এ ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্হানীয় আওয়ামী লীগ।

এদিকে,ফাঁস হওয়া অডিও রেকর্ডটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফোরকান মিয়ার।এই প্রস্তাবটিই নিজ দলের নেতা-কর্মী ও সমর্থকদের সামনে তুলে ধরে প্রতিশ্রুত অর্থ পাইয়ে দেওয়ার কথা জানান আমতলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক জালাল উদ্দিন ফকির।

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আন্দোলন জোরদার কথা বলে উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির গত বুধবার উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাঁর এক আত্মীয়ের বাসায় ডেকে নেন।

ওই বৈঠকে জালাল উদ্দিন ফকির নেতা-কর্মীদের উদ্দেশে আরো বলেন, ‘এক স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে প্রস্তাব এসেছে-তাঁকে ভোট দিলে তিনি প্রত্যেক ইউনিয়নে খরচ বাবদ এক লাখ করে টাকা দেবেন। এই মুহূর্তে নেতা-কর্মীদের হাতে টাকা-পয়সা নেই।পদধারী ছাত্রদল,যুবদলসহ বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামতে পারবে না। তবে সাধারণ কর্মী ও সমর্থকরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবে।’

ঐ সভায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব তুহিন মৃধাকে বলতে শোনা গেছে, ‘এত অল্প টাকার জন্য কেন আন্দোলন-সংগ্রাম ছেড়ে কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে পাঠাবেন।’ এমন প্রশ্নের জবাবে জালাল ফকির বলেন, ‘আমার পেটে ক্ষুধা আছে। আন্দোলন-সংগ্রামে কেউ ৫০ হাজার,এক লাখ টাকা দিতে পারবেন?পারবেন মাত্র ৫ হাজার ১০ হাজার টাকা দিতে।’

১০ মিনিটের ওই অডিও ফাঁস হওয়ার পর একদিকে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে অপরদিকে স্হানীয় আওয়ামী লীগের আশংকা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন বানচাল করার।

এদিকে এ রিপোর্ট লেখার সময়ে জানা যায়,টাকা নেওয়ার বিষয়টি প্রকাশ হওয়ার পর কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক জালাল উদ্দীন ফকিরকে বহিষ্কার করা হয়েছে।