জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের দাবীতে তালতলীতে মানববন্ধন

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাহাজ ভাঙ্গা শিল্প স্থাপনে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন ও নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্হা গ্রহণের দাবীতে বরগুনার তালতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তাদের দাবী এ শিল্প তৈরীর জন্য তালতলীই অন্যতম উপযুক্ত স্থান বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী তালতলীতে এ শিল্প স্থাপনে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের দাবী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত জাহাজ ভাঙ্গা শিল্প স্হাপন করে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারী ২৩) সকাল ১১ টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময়ে বক্তারা আরো বলেন, তালতলীতে জাহাজ শিল্প তৈরী প্রকল্পে হতে না দেওয়ার জন্য দেশী-বিদেশি একাধিক স্বড়যন্ত্র চলছে।একটি কুচক্রী মহল শিল্প নির্মাণে বিঘ্ন ঘটাচ্ছে। এটি স্থাপিত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বক্তারা উল্লেখ করেন, তেঁতুলবাড়িয়ার পায়রা নদীর পাশের মাটির সড়ক (ওয়াপদা রাস্তা,বেড়িবাঁধ) ভেঙে যাওয়ায় এখানকার মানুষ জনজীবন ঝুঁকিতে রয়েছে। তাদের জীবনের নিরাপত্তার জন্য এবং নদী গর্ভ থেকে জমি সুরক্ষার জন্য এখানে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাশার বাদশা তাং, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ হাজার হাজার জনসাধারণ।

আমতলী অনলাইন প্রেস ক্লাব (ওপিসি)’র ২০২৩ সালের কমিটি গঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি’র ২০২৩ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল এগারোটায় ওপিসি’র আহবায়ক মোঃ রেজাউল করিম রনি মল্লিক এর সভাপতিত্বে সাধারণ পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অনলাইন প্রেস ক্লাব ওপিসি’র ২০২৩ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।

এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে দৈনিক আজকের বসুন্ধরার আমতলী উপজেলা প্রতিনিধি খান মোঃ সাইফ উদ দৌলা কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ রেজাউল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক কারা হয়েছে।

কমিটির অন্যরা হলেন,সহ- সভাপতি-মোঃ রেদোয়ান (দৈনিক বাংলার আলো),যুগ্ন সম্পাদক-বৃষ্টি আক্তার (দৈনিক কলম কথা),সাংগঠনিক সম্পাদক-আবু তাহের (সময় ২৪. কম),অর্থ ও দপ্তর সম্পাদক- মোঃ নাজমুল আহসান (দৈনিক দেশ সেবা), তথ্য,প্রচার,প্রকাশনা ও গবেষণা সম্পাদক-সুমাইয়া ইসলাম শীলা (ক্রাইম ইনভেস্টিগেশন),নির্বাহী কমিটির সদস্য’রা হলেন,মল্লিক মোঃ জামাল (দৈনিক কর্মক্ষেত্র ),মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক বরিশাল ক্রাইম), মোঃ হায়দার হাওলাদার (দৈনিক প্রতিদিনের কাগজ) ও হাসান মাহমুদ (দৈনিক সমাচার)।

দন্ডপ্রাপ্ত হয়েও বহাল তবিয়তে আমতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত হয়েও বহাল তবিয়তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান শিক্ষিকার (চলতি দায়িত্ব) চাকুরী করছেন আমতলী পৌর শহরের বাসিন্দা ফেরদৌসী বেগম।

ফেরদৌসী বেগম উপজেলার হরিমৃতন্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চলতি দায়িত্ব পালন করছেন।

ফেরদৌসি বেগমের ছেলের স্ত্রীর করা যৌতুক মামলায় আর্থিক দণ্ডপ্রাপ্ত।

ঐ মামলার বাদী আদালতের রায়সহ ব্যবস্থা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমতলী উপজেলা ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত আবেদন করেছেন।

ভুক্তভোগী নাজমুন নাহার ও মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টেপুরা গ্রামের মোঃ আবুল হেসেনের মেয়ে নাজমুন নাহারের সাথে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আফাজ উদ্দিন চুন্নু মিরার ছেলে সৈয়দ ইজাজ উদ্দিন হাদি সজিবের সাথে ২০০৯ সালের ১৭ নভেম্বর বিয়ে হয়।সজিবের মা ফেরদৌসী বেগম হরিমৃতুঞ্জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চলতি দায়িত্বে রয়েছেন।

নাজমুন নাহারের বিয়ের সময় মেয়ের বাবা ছেলেকে নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ ঘরের আসবাবপত্র সহ যাবতীয় মালামাল দিয়ে মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর প্রায়ই যৌতুক লোভী ইজাজ মা ভাইয়ের প্ররোচনায় স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক এবং একটি মোটর সাইকেল কিনে দেওয়ার দাবি করেন। যৌতুক দিতে অস্বীকার করায় স্বামী ইজাজ,শাশুড়ি ফেরদৌসি এবং দেবর শাহরিয়ার ঘরের দরজা বন্ধ করে নাজমুন নাহারকে মারধর করে।

মারধরের সময় স্বামী ইজাজ জ্বলন্ত সিগারেটের আগুন দিয়ে নাজমুন নাহারের সারা শরীর ঝলসে দেয় এবং লাঠি দিয়ে আঘাত করলে নাজমু নাহার মেরুদণ্ডে আঘাত প্রাপ্ত হন। মেয়ের এ খবর পেয়ে নাহারের বাবা মা তাকে বাড়ি নিয়ে যান।

পরবর্তীতে এ ঘটনায় নাজমুন নাহার বাদী হয়ে ২০১৯ সালের ১০ অক্টোবর আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী শিশু নির্যাতন ও যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর মামলার রায় প্রদান করা হয়।

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান এর দেওয়া রায়ে স্বামী সৈয়দ ইজাজ উদ্দিন সজিবকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তার মা প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগমকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। শাশুড়ি ফেরদৌসি বেগম আদালতের ওই আদেশ মেনে জরিমানার টাকাও পরিশোধ করেছেন।

বাদী নাজমুন নাহার আদালতের  দেওয়া আদেশের পর বাদী নাজমুন নাহার মামলায় দন্ডপ্রাপ্ত  তার শাশুড়ি ফেরদৌসি বেগম সরকারি চাকরিজীবী হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাতমিক শিক্ষা কর্মকর্তা ও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট আবেদন করেন।

অভিযোগ এর বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসি বেগম বলেন,আমি উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

অভিযোগ কারী নাজমুন নাহার বলেন,আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি।আমার শাশুড়ি সরকারি চাকরিজীবী হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে সদ্য বদলী হওয়া আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বলেন,যৌতুক মামলায় আদালতের রায়ে ফেরদৌসি নামে এক শিক্ষকের আর্থিক দণ্ড হয়েছে। রায়ের কপিসহ বাদীর একটি আবেদন পেয়েছি। মতামতসহ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনটি জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আদালতে একজন শিক্ষকের যৌতুক মামলায় আর্থিক দণ্ডপ্রাপ্ত হয়েছে এবং সকল কাগজপত্রও পাওয়া গেছে। সরকারি চাকুরি বিধি অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Daily World News

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার আর্থিক সহায়তা প্রদান

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার আর্থিক সহায়তা প্রদান

/?সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা কারিতাস এর আইসিডিপি প্রকল্পের আওতায় দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩০শে জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কারিতাস সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো এর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) মি:উচোমেন, সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।

উক্ত প্রকল্পের অধীনে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৪৮জন সদস্যের মাঝে ২০০০ টাকা করে মোট ৯৬,০০০ হাজার টাকা প্রধান করা হয়।

বরগুনার আমতলীতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি// 

বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য উপস্থিত ছিলেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান,সদর উপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান,আঠারগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম রিপন,হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভেকেট এইচ,এম মনিরুল ইসলাম মনি,আমতলী পৌর সভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান,এম,ইউ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শাহ আলম কবির,এম,ইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান,সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার সহ আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে সকলে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ভাঙ্গারি ব্যবসায়ীর দখলে মাদ্রাসার মাঠ – ভোগান্তিতে শিক্ষার্থীরা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

মাদ্রাসার মাঠে অবৈধ মালামাল স্তুপ করে রাখায় মাঠ দিয়ে প্রতিদিন যাতায়াত করা শত শত শিক্ষার্থীরা ভোগান্তীতে পড়েছে। মাঠটি ভাঙ্গারি ব্যবসায়ীরা  লোহার প্লেট ও ব্রিজের অ্যাঙ্গেল ফেলে দখল করে রেখেছে। প্রতিদিন এই মাঠে মাঠঠিতে  শিক্ষার্থীরা খেলাধুলা করতো তাও বন্ধ হয়ে গেছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ জানালেও প্রতিকার মিলছে না।

বরগুনার তালতলী উপজেলার থানা রোড এলাকার মালিপাড়া সালেহিয়া ইসলামিয়া মাদ্রাসার মাঠটি দখল করে ব্যবসা করছেন ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর।মালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশিদ জানান,দীর্ঘদিন ধরে এই মালামাল মাদ্রাসার মাঠে পড়ে আছে। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে মাদ্রাসার মাঠটি দখল থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতেও পারছেন না। ভাঙ্গারি ব্যবসায়ী মশিউরকে কয়েকবার বলার পরও তিনি এসব মালামাল সরাননি।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনীয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তামার তার ও লোহার প্লেট, এঙ্গেল সহ বিভিন্ন মালামাল একটি চক্র লুটপাট করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে। এসব ব্যবসায়ীদের মালামাল রাখার নিরাপদ স্থান মালিপাড়া মাদ্রাসার মাঠে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।ভাঙ্গারি ব্যবসায়ী মো. মশিউর বলেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবিরের এসব মালামাল কাজে লাগবে এ কারণেই মাদ্রাসার মাঠে রেখেছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির বলেন, মাদ্রাসার মাঠে এসব মালামালের বিষয়ে আমি কিছু  জানিনা।

এ বিষয়ে তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিচ্ছি।

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে আজ শুক্রবার জুমার নামাজ বাদ সুইডেনের উগ্রপন্থী নেতা রামচন্দ্র তালুকদার পবিত্র কোরআন শরীফ’কে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে তালতলী উপজেলা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমার নামাজ বাদ বিক্ষোভ মিছিল বের হয়ে তালতলী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিম ঐক্য পরিষদের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তালতলী উপজেলার সদর রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর তালতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আফজাল হোসাইন,তালতলী মদিনা জামে মসজিদের ইমাম মুফতি মোঃ ইসমাইল বিন হুসাইন,ছোট ভাইজোড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ইসলামী সংগঠন, আলেম ওলামা ও ইমামগন প্রমুখ।

বরগুনার আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী পৌর শহরস্থ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তার আশপাশে সড়ক দখল করে অবৈধভাবে গড়ে ওঠা  মাছ বাজার,কাঁচা বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

রাস্তা দখল করে এ সকল  অবৈধ স্থাপনা গড়ে তোলায় চৌরাস্তা এলাকায় তীব্র যানজটের কারনে জন দুর্ভোগ পোহাতে হতো।

আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম এর নেতৃত্বে সড়ক পরিবহন আইন,২০১৮ ও ভোক্তা অধিকার আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে ৪০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, ট্রাফিক ইনস্পেক্টর ও পুলিশ সদস্যবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম বলেন,ভবিষ্যতে রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য করে মঙ্গলবার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়।

জানাগেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অমতলী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ঋণ খেলাপীর তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে ২০২১ সালের ১৭ ফেব্রয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘ শুনানী শেষে ওই বছর ৩১ আগষ্ট আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম পুর্বের রায়ের আংশিক বাতিল করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন।

মঙ্গলবার নির্বাচন কমিশন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন। আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধায্য রেখে মঙ্গলবার উপ- সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষনার খবরে আমতলী উপজেলার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃনির্বাচনের দিন ধায্য রেখে নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেছেন।

 বরগুনার তালতলীতে বোনের সাথে অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার তালতলীতে ছোট বোনের সাথে অভিমান করে ভাই ১৩ বছর বয়সী সজিব নামের এক স্কুল শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে উপজেলার সোনাকাটা ইউপির ছকিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, আপন ছোট বোন তানিশার সঙ্গে দরজা খোলাকে কেন্দ্র করে ভাই বোনের মাঝে মনোমালিন্যের এক পর্যায়ে অভিমান করে সজিব বিষপান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।