দুই হাজার বছর আগে পৃথিবীর প্রাচীনতম কম্পিউটারের রহস্য উন্মোচন

অনলাইন ডেস্ক : 

দুই হাজার বছর আগের একটি যন্ত্র আধুনিক উপকরণ ব্যবহার করে নতুন করে বানিয়েছেন বিজ্ঞানীরা। তখন এটি কীভাবে কাজ করত—তা নিশ্চিত হতেই এমনটি করা হয়েছে।

বিবিসির খবর বলছে, যন্ত্রটিকে বিশ্বের সবচেয়ে পুরনো কম্পিউটার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

১৯০১ সালে গ্রিসে রোমান যুগের ধ্বংসপ্রাপ্ত একটি জাহাজে যন্ত্রটি পাওয়া যায়। এরপর থেকেই অ্যান্টিখেতেরা ম্যাকানিজম নামের এই কম্পিউটার ধাঁধায় ফেলে দিয়েছে বিশেষজ্ঞদের।

হস্ত-চালিত প্রাচীন গ্রিক ডিভাইসটি চন্দ্র ও সূর্যগ্রহণ এবং জ্যোতির্বিদ্যার বিভিন্ন ঘটনাবলী নিয়ে পূর্বাভাস দিতে ব্যবহার করা হত বলে ধারণা করা হচ্ছে।

জাহাজের ধ্বংসস্তূপের মধ্যে যন্ত্রটির এক তৃতীয়াংশের মতো অবশিষ্ট পাওয়া গিয়েছিল। কিন্তু এটি কীভাবে কাজ করত—তা নিয়ে ধারণা না থাকায় বিজ্ঞানীরা বিপাকে পড়ে যান।

প্রাথমিক গবেষণায় এটির পিছনের কলাকৌশল নিয়ে ধারণা পাওয়া যায়। সমস্যা দেখা দিয়েছিল, সামনের অংশ নিয়ে। যন্ত্রটির জটিল পরিচালন পদ্ধতি বা গিয়ারিং সিস্টেমে গভীর রহস্যে পড়ে যান বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা মনে করেন—থ্রিডি কম্পিউটারের মডেল ব্যবহার করে তারা সেই রহস্যের গোড়ায় পৌঁছাতে পেরেছেন। কম্পিউটারটির সামনের অংশকে তারা নতুনভাবে নির্মাণ করতে সক্ষম হয়েছেন। যদিও এতে আধুনিক উপকরণ ব্যবহার করা হয়েছে।

শুক্রবার সায়েন্টেফিক রিপোর্ট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যাতে দাবি করা হয়, গিয়ারিং সিস্টেমের নতুন ডিসপ্লেতে কম্পিউটারটির জটিল অংশগুলোর বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়েছে।

প্রতিবেদনটির মূল লেখক অধ্যাপক টনি ফ্রিথ বলেন, সূর্য, চন্দ্র ও গ্রহ অসাধারণভাবে প্রদর্শিত হত এই প্রাচীন যন্ত্রটিতে। আমরা এর রহস্য উন্মোচন করতে পেরেছি।

নিয়ম ভেঙ্গে নজরদারিতে গুগল, ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

 অনলাইন ডেস্ক :  

ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে টেক জায়ান্ট গুগল। ফলে কোনো ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে ‘ইনকগনিটো মোড’ ব্যবহার করতে বলা হয়।

কিন্তু ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল- এমন অভিযোগে গত বছরের জুনে তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিশাল ব্যবসা পরিচালনা করে গুগল।

এমনকি ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ইনকগনিটো মোড চালু করলেও নজরদারি বন্ধ করছে না প্রতিষ্ঠানটি। মামলায় ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

মামলা বাতিল চেয়ে আবেদন করেছে গুগল। তবে মার্কিন বিচারক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লুসি কোহ শুক্রবার বলেছেন, ইনকগনিটো মোডে থাকার সময় ব্যবহারকারীকে না জানিয়ে তথ্য সংগ্রহের পথ খোলা রাখছে গুগল। এ জন্য গুগলকে ‘ক্লাস অ্যাকশন’ মামলার মুখোমুখি হতে হবে।

তবে গুগলের দাবি, ইনকগনিটো মানে অদৃশ্য নয়। এছাড়া ইনকগনিটো মোডে থাকলেও ব্যবহারকারীর কর্মকাণ্ডে নজর রাখতে পারে ওই ওয়েবসাইট অথবা তৃতীয় পক্ষের কোনো সেবা।

যদিও চলতি বছরের শুরুতে গুগল বলেছিল, তৃতীয় কোনো পক্ষের ট্র্যাকিং কুকি বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া কুকিজের বদলে একই ধরনের কোনো কিছু তারা চালু করবে না।

ইন্সটাগ্রামের লাইট ভার্সন উন্মুক্ত করল ফেসবুক

অনলাইন ডেস্ক :

ফেসবুক বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশে ইন্সটাগ্রাম লাইট অ্যাপ উন্মুক্ত করেছে। এই অ্যাপটি ইসরায়েলে থাকা ফেসবুকের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে ডেভেলপ করা হয়েছে। এর মধ্য দিয়ে মাত্র দুই মেগাবাইটের ইন্সটাগ্রাম লাইট অ্যাপ দিয়েই এ মাধ্যমটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ফেসবুক সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে থাকা প্রতিষ্ঠানটির একদল কর্মী করোনার মধ্যে ইন্সটাগ্রামের লাইট বা হালকা সংস্করণের অ্যাপের প্রয়োজনীয়তা অনুভব করেন। যেসব স্থানে ইন্টারনেটের গতি কম, সেখান থেকেও ব্যবহারকারীরা যেন ইন্সটাগ্রামের সব ধরনের ফিচার ব্যবহার করতে পারেন সে উদ্দেশ্য থেকেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ভিত্তিক স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্ল-স্টোর থেকে ইন্সটাগ্রাম লাইট ডাউনলোড করতে পারবেন। হ্যান্ডসেটে কম স্টোরেজ এবং দুর্বল ইন্টারনেট সংযোগ নিয়েও এর মাধ্যমে ইন্সটাগ্রামের বেশকিছু আকর্ষণীয় ফিচার ব্যবহার করা যাবে।