মধুখালী টু মাগুরা রেল লাইন, মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিস্থাপন হয়েছে। আজ ২৭ মে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় সম্প্রসারিত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
প্রায় ১ হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার এ প্রকল্পের মধ্যে রয়েছে, বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত প্রায় ১৯ দশমিক ৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ এবং কামারখালী ও মাগুরার উভয় প্রান্তে দুটি নতুন স্টেশন নির্মাণ।
এছাড়া এ রেলপথে ছোট-বড় মোট ৩০টি সেতু নির্মাণ কাজ রয়েছে এই প্রকল্পের মধ্যে। বেলা পৌনে ১২ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং অপর প্রান্ত মাগুরায় সদর উপজেলার রামনগর হাইস্কুল মাঠে সরকারের রেলওয়ে মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বিরেন শিকদার, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মধুখালী থেকে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের ফলে এই এলাকার মানুষের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। মাগুরায় রেললাইন ছিলো না। আমরাই মাগুরায় রেল লাইন দিচ্ছি। রেল পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে” । বর্তমান সরকার দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
লক্ষ বাস্তবায়নে মাগুরা জেলাকে নতুন করে রেল সংযোগের আওতায় আনার মধ্যদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের জনপথকে রেলসেবা প্রদান করা সম্ভব হবে। মাগুরা জেলাকে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং দেশের অভ্যন্তরীণ যোগাযোগের উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
//সুজন মাহমুদ , মাগুরা জেলা প্রতিনিধি//
শুনতে অবাক লাগলেও এবার পাখির বাসার ‘ভাড়া’ পেলেন বাগান মালিকরা
