//সুজন মাহমুদ, মাগুরা//
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অদ্য ৩০ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সভায় যোগ দেননি বলে জানাগেছে। সভায় অনুপস্থিত থাকার কারণ জানান নি কোনো চেয়ারম্যান। এনিয়ে সুধি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানাগেছে- পূর্ব নির্ধারিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সভা আজ বৃহস্পতিবার পরিষদের মিনি সম্মেলন কক্ষে সকাল ১১টায় শুরু হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন উপস্থিত ছিলেন, স্ব-স্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ , থানার অফিসার ইনচার্জের পক্ষে একজন অফিসার সভায় যোগদান করেন। সভায় বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ২০২১-২২ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন করেন। সভায় উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে নানা ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মর্মে সভায় যোগদানকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান।
এদিকে সভার গুরুত্বপূর্ণ সদস্য অত্র উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সভায় আসেননি। এনিয়ে দিনভর নানা গুঞ্জন চলছে।

