কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রির নিহত হয়েছে। রবিবার রাতে কচুয়া উপজেলার মাঠ রাড়িপাড়া এলাকায় এঘটনা ঘটেছে। ছুরিকাঘাতকারী আব্বাস শেখ (৪৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের মাঠ রাড়ীপাড়া গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে রাজমিস্ত্রির আনোয়ার মোল্লা রবিবার (২জুলাই) রাতে স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে হেঁটে টর্চলাইট নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাইকেলে আসা উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে আব্বাস শেখের মুখে আনোয়ার মোল্লার টর্চলাইটের আলো পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে আব্বাস তার কাছে থাকা ছুরি দিয়ে আনোয়ারের বুকে আঘাত করেন।
এসময় আনোয়ারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আব্বাসকে ধরে ফেলে এবং আনোয়ারকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান আরো জানায়, আব্বাস খুবই দুর্দান্ত প্রকৃতির লোক। সব সময় তার কাছে ছুরি থাকে। আজকে তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে আনোয়ার মোল্লাকে মেরে ফেলেছে। এর আগেও কয়েক জনকে মারধর করার অভিযোগ রয়েছে আব্বাসের বিরুদ্ধে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বাীকারে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস শেখকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।

