//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পাঁচ বাণিজ্যিক ব্যাংকের শাখায় নতুন টাকা বিনিময় করা হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জন্য বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা নতুন নোট ও মুদ্রা বিনিময়ের কর্মসূচি ঘোষণা করেছে।
গত সোমবার বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিটি শাখায় পুরুষ ও মহিলা আলাদা কাউন্টারের মাধ্যমে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময় করা যাবে। কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।
এছাড়া ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা ও প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখায় নতুন নোট বিনিময় করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

