//এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//
মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় ২১ জুলাই ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই উপলক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলার “প্রেসক্লাব রামপাল” এর সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন এর লিখিত বক্তব্যে বলেন, “আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” এই স্লোগানে সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে রামপালে ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের ঘরগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ২১ জুলাই সারা দেশের ন্যায় ৩য় পর্যায়ের তৃতীয় ধাপের বাগেরহাটের রামপাল উপজেলায় মোট ১০৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। ইতোপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে রামপালে ১০টি ,২য় পর্যায়ে ৪০ টি এবং ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরো ১০৩২ টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
রামপাল উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শণের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি নূরুল হক লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেখ সালাউদ্দিন দিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাহিনূর রহমানসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

