//দৈনিক বিশ্ব ডেস্ক//
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কানাডার উদ্দেশে রওয়ানা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহর গড়া সংগঠন আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সূত্রে জানা গেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাছিমা খাতুন, ৯ ছেলে-মেয়ে জামাতাসহ ১১ জনকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে।
২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুবৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে কাজ করছিলেন এবং রোহিঙ্গাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেন।

