//জাহাদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় এক অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ রোববার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অসহায় কিংকর বসাক।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা। দেশ স্বাধীনের পরে আমার বাবা নির্মল বসাক মারা যান। তখন আমার বয়স ছিল মাত্র সাত মাস। বিধবা মা চমৎকার রানী দুধের শিশু নিয়ে কোন রকমে চালাতেন অভাবের সংসার। এরই মধ্যে প্রতিবেশী কালিচরণ মল্লিকের ছেলে প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিকের নজর পড়ে বাবার রেখে যাওয়া শেষ সম্বল ৩৩শতাংশ জমির ওপরে।
ফন্দি করে আমার মেঝকাকা বিমল বসাকের নিকট থেকে দলিলে না দাবি উল্লেখ করে ওই সম্পত্তি লিখে নেন তিনি। আমি বড় হওয়ার পরে বুঝতে শিখে এ বিষয়ে অবগত হই। সেই থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে চেষ্টা চালাতে থাকি। কিন্তু প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিক সম্পত্তি নিয়ে তোড়জোড়ের খবর পেয়ে আমার ওপর নানা ভাবে হয়রানি ও হুমকি ধামকি অব্যাহত রেখেছেন।
সংবাদ সন্মলনে তিনি আরও বলেন, আমার মৃত বাবার জমি ওয়ারেশ সুত্রে আমার হওয়ার কথা। সেখানে কি করে আমার কাকা বিমল বসাক মালিক হলেন আর লিখে দিলেন। যা নিয়ে আমি সেটেলমেন্ট অফিসের দারস্থ হয়েছি। এছাড়াও ১/১২/২২ তারিখে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলাও রুজু করেছি। যার নং-৫০৩/২২। এদিকে জমি উদ্ধারে যেন বাড়াবাড়ি না করি এজন্য প্রভাবশালী রবীন্দ্রনাথ উঠেপড়ে লেগেছেন। যা নিয়ে আমি ১/৩/২০২৩ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন কিংকর বসাকের মা চমৎকার রানী, মামা পবিত্র মল্লিক, প্রতিবেশী উমাপদ বসাক ও সাবেক ইউপি সদস্য রাজু আহমেদ।

