//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
র্যাব- ৬ খুলনা ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের অভিযানে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চেচুড়ি বাজার এলাকা হতে অতিথি পাখীসহ আটক ফারুক সরদার(৪৫) কে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও জব্দকৃত পাখি উন্মুক্ত করেছে ভ্রাম্যমান আদালত।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার(স্পেশাল কোম্পানী) সিনিয়র এ,এস,পি পহন চাকমার নেতৃত্বে গোয়েন্দা টীম ভোর ৬ টা হতে অভিযান চালিয়ে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেচুড়ি বাজার এলাকা থেকে ২৮ পিচ বিভিন্ন প্রজাতির অতিথি পাখিসহ শিকারী কপালিয়া গ্রামের বাসিন্দা ফারুক সরদার কে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ২৪ ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। আদালত পরিচালনার সময় উপস্হিত ছিলেন নবাগত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আফরোজ শাহীন খসরু,বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের খুলনা সদর রেঞ্জ অফিসার লুৎফার পারভেজ,উপজলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপসহকারি প্রশাসনিক কর্মকর্তা আবুজার হোসাইনসহ র্যাব সদস্যবৃন্দ।

