বরিশাল নগরীর আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা বিসিসি’র পরিচ্ছন্নতাকর্মী মো. আমির গাজীকে (২৪) হত্যা করে কিছু বখাটে।
অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারসহ কঠোর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত হয় এই মানব বন্ধন।
আমির গাজী হত্যাকারীদের কঠোর বিচার চেয়ে বক্তব্য রাখেন তার বাবা বৃদ্ধ আলতাফ গাজী, মা খাদিজা বেগম, চাচা জামাল গাজী, নানি জোহরা বেগম, চাচি নাজমা বেগম এবং স্থানীয় বাসিন্দা আ. ছালাম হাওলাদার ও জাকির হাওলাদার সহ আরো অনেকে।
মানববন্ধনে বলা হয়, নিহত যুবক আমির গাজী নগরীর আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার আলতাফ গাজীর ছেলে এবং সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
গত ২৬ জানুয়ারি একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে কিশোর সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। আমীর গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়।
এরপর গত ৪ এপ্রিল তার মা খাদিজা বেগম বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।
//পলাশ চন্দ্র দাস : বরিশাল/ /

