//জাহিদুর রহমান বিপ্লব, ডূমুরিয়া সংবাদদাতা//
খুলনা-বগেরহাট-সাতক্ষীরা- গোপালগঞ্জ- পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে বোরো ধান উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ এপ্রিল জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ভেলকামারি বিলে বৈশাখী টেলিভিশনের খুলনা প্রতিনিধি শেখ হেদায়েতুল্লাহর জমিতে চাষকৃত বিআর ২৮ জাতের ধান কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-খুলনা-বগেরহাট-সাতক্ষীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও খুলনা মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস।
প্রকল্প পরিচালক বলেন, আমাদের দেশে প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। জলবায়ু পরিবর্তনন জনিত কারণে জমিতে লবণাক্ততার পরিমান বাড়ছে। তাই ফসল উৎপাদনে মাটির গুণাগুণ পরীক্ষা করে পরিমাণ মত সুষম সার কীটনাশক প্রয়োগ করলে ফসলের ফলন অনেকটাই বাড়বে। তিনি আরো বলেন, আবাদি জমির পরিমান কমলেও জনসংখ্যা বাড়ছে তাই খাদ্যের চাহিদাও বাড়ছে এজন্য আমাদের রকমারি ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বিআর-২৮ জাতের ফলনে সন্তোষ প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না, মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের শেখ রফিকুল ইসলাম । মাঠদিবসে ভেলকামারি বিলের প্রায় ৫০জন বোরো ধান চাষী উপস্থিত ছিলেন।

