অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল রপ্তানি বন্ধ ঘোষণা করেছে রাশিয়া

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের প্রায় সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। তবে এর আওতার বাইরে থাকবে চারটি দেশ। ফলে অন্যান্য দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছেনা।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাশিয়ার নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার বেড়ে গিয়েছিল।

ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই ‘সাময়িক’ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই চারটি দেশই মস্কোর নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। ফলে ক্রেমলিনের এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়বে।

শুক্রবার বিকেলে লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়েছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬২ ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *