//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা পাঠিয়েছেন। আর তিনি ব্যক্তিগতভাবে এ বার্তা মোদির কাছে পৌঁছে দিতে চান।
শুক্রবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যায় মোদির সঙ্গে দেখা করেন লাভরভ। এরপর ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পুতিনের বার্তা পৌঁছে দেন।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ও পশ্চিমারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পর ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনছে।
এর মাধ্যমে কার্যত রাশিয়াকে সহায়তা করছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটি।
ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ। তার ওপর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য।
ফলে ভারতকে কাছে রাখতে চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। কিন্তু ভারত নিরপেক্ষ থাকছে। তারা সরাসরি রাশিয়ার বিপক্ষে কিছু বলছে না।
কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার সঙ্গেই আছে ভারত।
এটি আরও পরিস্কার হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর জাতীয় ও কূটনৈতিক সম্পর্কের সম্পাদক সুহাশিনি হায়দারের একটি টুইটের মাধ্যমে।
তিনি তার টুইটে জানিয়েছেন, গত দুই সপ্তাহে যুক্তরাজ্য, চীন, অস্ট্রিয়া, গ্রিস এবং মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারত সফরে এসেছেন।
তাদের কারো সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ৪০ মিনিট সময় দিয়েছেন মোদি।
এর মধ্যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস লাভরভের সঙ্গে একই সময়ে ভারতে অবস্থান করছেন। কিন্তু ট্রাসকে মোদি সময় দিতে পারেননি বলেই জানা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লাভরভকে বিশেষ সময় দেওয়ার ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার প্রতি ভারতের শক্ত সমর্থন রয়েছে।
এদিকে লাভরভের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পর একটি বিবৃতি দিয়েছে ভারত। সেই বিবৃতিতে জানানো হয়েছে, মোদি পূর্বেও যেমন সংঘাতের দ্রুত সমাধান চেয়েছেন, লাভরভের সঙ্গে ফের একই কথা জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের মধ্যে শান্তি আনতে অবদান রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র: দ্য গার্ডিয়ান, এনডিটিভি
প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
ইমরান খান বিকল্প হিসেবে কি আগাম নির্বাচন চান,,,?

