ভারত সরকারের লাইন অফ ক্রেডিটের আওতায় রূপসা সেতুর কাজ সম্পন্ন

//দৈনিক বিশ্ব ডেস্ক//

খুলনা-মংলা বন্দর রেল লাইন প্রকল্পের অধীন রূপসা সেতুর কাজ সম্পন্ন হয়েছে। ভারত সরকারের লাইন অফ ক্রেডিট (এলওসি) -এর আওতায় এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়।

ভারতীয় ইপিসি ঠিকাদার মেসার্স এলএন্ডটি এই ৫.১৩ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ সিঙ্গেল-ট্র্যাক রূপসা রেল সেতু নির্মাণ করে, যা খুলনাকে মংলা বন্দরের সাথে রেল লাইনের মাধ্যমে সংযুক্ত করেছে। গত ২৫ জুন এই সেতুর কাজ শেষ হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেতুটি উত্তাল রূপসা নদীর ওপর নির্মিত হয়েছে এবং প্রকৌশলগত দিক থেকে এটি একটি অনন্য কীর্তি কারণ এটির পাইলিংয়ের জন্য বেস গ্রাউটিং নামক একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভায়াডাক্ট সেকশনে ৮৫৬টি পাইল ফাউন্ডেশন নির্মাণ করা হয়েছে এবং ৭২টি পাইল ফাউন্ডেশন স্টিল ব্রিজ সেকশনের জন্য নির্মাণ করা হয়েছে যার গড় পাইল দৈর্ঘ্য ৭২মিটার।

এছাড়া, নদীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেতুটির রয়েছে অতিরিক্ত বৈশিষ্ট্য যেমন, নেভিগেশন ফেন্ডারপাইল, যা রয়েছে পায়ারের নিচের দিকে। মূল সেতুর নেভিগেশনাল ক্লিয়ারেন্স স্ট্যান্ডার্ড হাই-ওয়াটার লেভেল থেকে ১৮ মিটারেরও বেশি। স্টিলের তৈরি এই সুপারস্ট্রাকচার সেতুটির নির্মাণসামগ্রী ভারত থেকে সড়ক, সমুদ্র ও আভ্যন্তরীণ নদীপথে আমদানি করা হয়েছিল।

হাইকমিশন জানিয়েছে, রূপসা রেলওয়ে সেতু এবং খুলনা-মংলা বন্দর রেললাইনটি পণ্য পরিবহণে ব্যাপক সুবিধা সৃষ্টি করবে। মংলা বন্দরের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যসহ অনায়াসেই স্থানীয় বাজারগুলোতে ব্যবসা করার সুযোগ পাবে। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশিষ্ট স্থানগুলিতে পর্যটনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।

ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে ৭.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চারটি লাইন অফ ক্রেডিট দিয়েছে। এই লাইন অফ ক্রেডিট -এর আওতায় এখন পর্যন্ত ৪২টি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যার মধ্যে ১৪টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ভারতের অর্থবছর শেষের হিসেবে এই লাইন অফ ক্রেডিটগুলোর অধীনে ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের মাইলফলক স্পর্শ করেছে এবং ৩০ জুন ২০২২-এ বাংলাদেশের অর্থবছরের শেষের হিসাবে সেটা ১,১৫৫ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছবে।

 

তালতলীতে প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ৬০ বছরের বৃদ্ধা

//সাইফুল্লাহ নাসির, আলতলী, বরগুনা//

বরগুনা তালতলীতে রবিবার সাপ্তাহিক হার্টের দিন হওয়ার সুযোগে ৬০ বছরের বৃদ্ধার সর্বস্ব নিয়ে গেল প্রতারক চক্র।

আজ ০৩ জুন (রবিবার) সাপ্তাহিক বাজার হওয়ায় বাজার করতে আসেন বৃদ্ধা বিকাশ থেকে টাকা উত্তোলনের সময় প্রতারক চক্র তার পিছনে এক পর্যায় প্রতারক চক্রের প্রতারণা শিকার হন ৬০ উর্দু বৃদ্ধা তার সাথে থাকা পাঁচ হাজার টাকা স্বর্ণের কানের দুল ও একটি মোবাইল সেট নিয়ে যায় প্রতারক চক্ররা।

বৃদ্ধা মহিলা তালতলী থানায় স্বাভাবিকের থেকে অচেতন অবস্থায় উপস্থিত হলে তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বাজার মনিটরিং সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন এবং চক্রের তিন সদস্য ও একটি মোটরসাইকেল দেখা যায় কিন্তু তাদের এখনো শনাক্ত করা যায়নি।

মাসে ১২০ কোটি টাকার ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ একাই…!

//দৈনিক বিশ্ব ডেস্ক//

২০ হাজার ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মোস্ট ওয়ান্টেড ও আলোচিত ইয়াবা মাফিয়া খ্যাত রোহিঙ্গা শফিউল্লাহ। রোহিঙ্গা শফিউল্লাহ একাই প্রতি মাসে ১২০ কোটি টাকা মূল্যের ৪০ লাখ ইয়াবা আনেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

শনিবার রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া (ক্যাম্প-১ ডব্লিউ) আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে শফিউল্লাহকে (৩৮) গ্রেফতার করে উখিয়া থানা পুলিশ।

শফিউল্লাহ লম্বাশিয়া আশ্রয় শিবিরের ই-ব্লকের ২ নম্বর শেডের বাসিন্দা আবদুস সালামের ছেলে। তার বিরুদ্ধে ৮টি মাদকের মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে শফিউল্লাহ  জানিয়েছে- তিনি একাই প্রতি মাসে মিয়ানমার থেকে কমপক্ষে ৩০-৪০ লাখ ইয়াবা দেশে এনে বিক্রি করে থাকেন। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শফিউল্লাহকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিজেই প্রতি মাসে ৯০ থেকে ১২০ কোটি টাকার দামের ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানা কৌশলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসেন। এরপর এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

ওসি বলেন, শফিউল্লাহ আরও কয়েকজন বড়মাপের রোহিঙ্গা ইয়াবা মাফিয়াদের নাম পুলিশের কাছে বলেছে। তাদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

শফিউল্লহ ইয়াবা, আইসসহ ৮টি মাদক মামলার পলাতক আসামি  উল্লেখ করে তার কাছ থেকে আরও তথ্য পেতে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

সাধারণ রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা ক্যাম্পে শফিউল্লাহ মতো ১০ থেকে ১৫ হাজার বড়মাপের ইয়াবা কারবারি রয়েছে। তাদের আইনের আওতায় আনা গেলে ক্যাম্পে পরিপূর্ণভাবে ইয়াবা ব্যবসা বন্ধ হয়ে যাবে।

নাম প্রকাশ না করার শর্তে একজন শীর্ষ রোহিঙ্গা নেতা বলেন, শফিউল্লাহ প্রশাসনের চোখে অনেক বড় ইয়াবা কারবারি। কিন্তু আমরা রোহিঙ্গারা জানি- তার চেয়ে অনেক বড়মাপের অন্তত ১০ থেকে ১৫ হাজার মাদক কারবারি ক্যাম্পে রয়েছে। তারাই মূলত বাংলাদেশে ইয়াবা, আইস ও স্বর্ণের চোরাচালান নিয়ে আসে। তাদের আইনের আওতায় আনা গেলে বাংলাদেশে মাদকের আগ্রাসন বন্ধ হয়ে যাবে বলে দাবি তার।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্যমতে, গত জুনে মিয়ানমার থেকে পাচারের সময় বিজিবি, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অন্তত ৬ কেজি আইস ও ২১ লাখের বেশি ইয়াবা উদ্ধার করে।

এছাড়া চলতি ২০২২ সালের প্রথম চার (জানুয়ারি-এপ্রিল) মাসে মিয়ানমার থেকে পাচারের সময় আরও প্রায় ১ কোটি ইয়াবা এবং ৫০ কেজির বেশি আইস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিজিবি উদ্ধার করে ৪২ কেজি আইস।

অন্যদিকে পুরো ২০২১ সালে বিভিন্ন বাহিনীর হাতে উদ্ধার হয়েছিল ২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯৫০ ইয়াবা ও ২৩ কেজি ৮০২ গ্রাম আইস।

Daily World News

পাগলা মসজিদের দানবাক্সে ৯০ দিনে মিললো প্রায় ৪কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে ৯০ দিনে মিললো প্রায় ৪কোটি টাকা

মোঃ হোসেন গাজী।।

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ বস্তা টাকা । মসজিদের নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। এবার ৩ মাস ২০ দিন পর আজ শনিবার (০২ জুলাই) দান সিন্দুকগুলো খোলা হয়েছে। সিন্দুকগুলো থেকে রেকর্ড ১৬ বস্তা টাকা পাওয়া গেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মো. গোলাম মোস্তফা টাকা গণনার সত্যতা নিশ্চিত করেছেন। টাকা গণনার কাজে রুপালি ব্যাংকের এজিএম ও অন্যান্য কর্মকর্তা, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক- শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।এর আগে সর্বশেষ ১২ মার্চ দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

এবার ৩ মাস ২০ দিন পর দান সিন্দুকগুলো খোলা হলো।মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়েছে। দান সিন্দুকগুলো খুলে ১৬টি বস্তায় টাকাগুলো আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন।

সূত্র মতে, এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝপথে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে। মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল ওই সাধকের আস্তানায়। ওই পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকাবাসী।কিন্তু ওই সাধকের দেহাবসানের পর থেকে আশ্চর্যজনকভাবে এলাকা এমনকি দেশের দূর-দূরান্তের লোকজনের ভিড় বাড়তে থাকে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, স্বর্ণ ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার এ মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এ ইতিহাস প্রায় আড়াইশ বছরেরও অধিক সময়ের বলে জানা যায়।

বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ জমির ওপর মসজিদটি গড়ে উঠেছিল। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্য। মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবনও।

ইতোমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামি কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মসজিদটিকে ঘিরে চলছে ব্যাপক উন্নয়নযজ্ঞ। এছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

Daily World News

ডুমুরিয়ায় ১১ টি এতিমখানা ও শিশু সদনের  ১৭ লাখ ৪ হাজার টাকার চেক বিতরন শুরু

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস রেণুপোনাসহ আটক ১

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ একজনকে আটক  করা হয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিশেষ অভিযান  পরিচালনা করে। এ সময়  একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ লাখ ৯৫ হাজার পিস গলদা চিংড়ির রেণুপোনাসহ ট্রাকচালককে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে. এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত রেণু পোনার বাজার মূল্য প্রায় টাকা ১১ লাখ ৯০ হাজার টাকা। পোনাগুলো উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বরিশাল নগরের ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। আটক ট্রাকচালক ও ট্রাক কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিজের কিশোরী মেয়েকে কেন হত্যা করলেন বাবা…

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

প্রেমিকের সঙ্গে দেখা করার ‘অপরাধে’ নিজের কিশোরী মেয়ে বুকে শটগ্যান ঠেকিয়ে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। ইরানে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনাকে অনার-কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা হিসেবে দেখছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তারা জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর নুরাবাদে একজন যুবকের সঙ্গে দেখা করার ১৬ বছর বয়সী ওই কিশোরীকে গুলি করে হত্যা করেন বাবা।

বাবার সঙ্গে কথা কাটাকাটির পর মেয়েটি তার নানির বাড়িতে পালিয়ে যায়। সেখানেই বাবা উপস্থিত হয়ে মেয়েটিকে হত্যা করেন।

স্থানীয় রোকনা নিউজ ওয়েবসাইটকে মেয়েটির বাবা বলেন, আমি সত্যিই আমার মেয়েকে ইচ্ছা করে হত্যা করিনি। আমি অনিচ্ছাকৃতভাবে গুলি করেছি। আমি  শটগান নিয়ে সেখানে গিয়েছিলাম শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্য।

৪৩ বছর বয়সী বাবাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে রোকনার প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে, একজন বাবা তার সন্তানকে হত্যা করলে তার মৃত্যুদণ্ড হয় না বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানে অনার কিলিংয়ের কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে সংবাদ সংস্থা আইএসএনএ’র অনুমান প্রতি বছর দেশটিতে ৩৭৫ থেকে ৪৫০টির মতো অনার কিলিং এর ঘটনা ঘটে; যা দেশটির মোট হত্যাকাণ্ডের ঘটনার পঞ্চমাংশ।

 

পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের সর্ববৃহৎ স্থাপনা পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড হয়েছে। একদিনে ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে।

শুক্রবার এই টোল আদায় করা হয়। ২৬ জুন পদ্মা সেতুতে যান চলাচল চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে শুক্রবার থেকে টোল আদায় শুরু হয়েছে। সড়ক ও জনপথ সূত্র জানায়, প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।

এর মধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২৬ হাজার ৬৪। টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে যানবাহন পারাপার করেছে ১৫ হাজার ৬৫০টি। টোল আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

ডুমুরিয়ায় মাধ‍্যমিক শিক্ষক সমিতির উদ‍্যেগে মানববন্ধন কর্মসূচী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ছাত্র কর্তৃক নৃশংস হত‍্যা এবং নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিত করার ও প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ২রা জুলাই  শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা ম‍্যাধমিক শিক্ষক সমিতির উদ‍্যেগে ডুমুরিয়া  বাসস্টান্ড চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত  হয়েছে।

সংগঠনের সভাপতি  বীরেশ্বর কুমার বৈরাগী সভাপতিত্বে ও হিরণ‍্য মন্ডলের পরিচালনায় মানববন্ধনে বক্তব‍্য দেন শিক্ষক  সমিতির সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক  আব্দুর রাজ্জাক, অধ‍্যাপক বিকাশ রজ্ঞন মল্লিক, নিত‍্যানন্দ মন্ডল, গৌতম রায়, ব্রজেন হালদার, চন্ডী দাশ মন্ডল, রবীন্দ্রনাথ মিত্র, অশোক কুমার বিশ্বাস, আরশাফুল ইসলাম, অনুপ কুমার, তুষার কান্তি বিশ্বাস, মাইকেল মল্লিক, অবণী সরকার, গৌতম কুমার, সনৎ কুমার, মহেশ্বর হালদার, জিএম মামুন পারভেজ, প্রদীপ কুমার, আবু তাহের, মো: আল আমিন, প্রশান্ত মন্ডল, আবু হানিফ, অসিম মন্ডল, সোনালী চ‍্যটাজী বিমল মল্লিক, ইন্দ্রজিত কুমার, বিশ্বজিৎ কুমার, আব্দুল্লাহ আল মামুন  প্রমুখ।

সভায় বক্তরা বলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর হামলা ও হত‍্যা করা হচ্ছে। এটা সঠিক বিচার হওয়া উচিত।

 

নারী মানবাধিকার কর্মীকে চেয়ারম্যানের সামনে পেটালেন ইউপি সদস্য

//দৈনিক বিশ্ব ডেস্ক//

কুমিল্লার মুরাদনগরে পূর্ব বিরোধ ও ভোট না দেয়ার অজুহাতে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সালিশে মরিয়ম বেগম নামে এক মানবাধিকার কর্মীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

উপজেলার নবীপুর (পশ্চিম) ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেনের সামনে ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও তার দলবল এ ঘটনা ঘটিয়েছেন। বর্তমানে আহত ওই নারী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের উত্তর ত্রিশ এলাকার একটি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। মারধরের সময়ে ধারণকৃত সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুমিল্লার মুরাদনগরে পূর্ব বিরোধ এবং গত ইউপি নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগ এনে গত ২৮ জুন রাতে মুরাদনগর উপজেলার ত্রিশ গ্রামের নারী মানবাধিকার কর্মী এবং ইন্টারন্যাশনাল লিগ্যাল এইড ফাউন্ডেশনের কর্মী মরিয়ম বেগমকে লোক মারফত কোম্পানীগঞ্জ বাজারে ডেকে আনেন ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন। এ সময় এক ব্যবসায়ীর দোকানে সালিশে বসেন।

ভিডিওতে দেখা যায়, সালিশ চলাকালে নবীপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভিপি জাকির হোসেনের উপস্থিতিতে ইউপি সদস্য দেলোয়ার হোসেন তার দলবল ওই নারীকে শ্লীলতাহানিসহ মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষায় ওই নারী এদিক সেদিক ছোটাছুটি করলেও হামলাকারীরা তাকে নির্যাতন করেন।

নির্যাতনের শিকার মরিয়ম বলেন, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে সালিশে বসেন‌। এ সময় চেয়ারম্যানের সামনেই তার ভাতিজা ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তার দলবল আমাকে শ্লীলতাহানি এবং নির্যাতন করেন। আমি আত্মরক্ষার্থে সালিশ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে ধরে এনে ব্যাপক নির্যাতন করেন। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

ভুক্তভোগী বলেন, এ ঘটনায় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নির্দেশে থানায় মামলা নিচ্ছে না পুলিশ। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

হামলাকারী ইউপি সদস্য দেলোয়ার হোসেনের দাবি, তাকে গালমন্দ করায় মারধর করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন বলেন, পূর্বের সামান্য একটি বিরোধ নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। এ সময় আমরা তা মীমাংসা করে দিয়েছি। ভিডিওতে দেখা নারীকে মারধরের বিষয়টি তিনি এড়িয়ে যান।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, ওই নারী শুরুতে একটি সাধারণ ডায়েরি করতে এসেছিলেন। কিন্তু এ বিষয়ে আমরা তাকে নিয়মিত মামলা দেয়ার পরামর্শ দিয়েছি। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। সূত্র: বিডিজা

Daily World News

ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ফেনীর ফুলগাজীতে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে ৩০ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় মুন্সিরহাটে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা চলাকালে এই হামলা চালানো হয়। শনিবার (০২ জুলাই) ভোর ৬টা থেকে ফুলগাজী উপজেলা এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর ৬টা থেকে ফুলগাজী উপজেলা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, শনিবার (২ জুলাই) ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি ছিলো।

কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেনের আশার কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ জুলাই) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপির একটি প্রস্তুতিসভা ফুলগাজীর মুন্সিরহাটে আয়োজনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম-আহবায়ক গোলাম রসুল গোলাপ, নরুল হুদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ দিদার, শিমুল, রবিউল হক বাবু, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রতন মুত্তরসহ ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের।

এ বিষয়ে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। তার পরবর্তীতে দুপক্ষের মধ্যে সামান্য ধাওয়া পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বলেন, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বিডিজা

Daily World News

বরিশালে পালিত হলো রথযাত্রা উৎসব