রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

//দৈনিক বিশ্ব//

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থালে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক এসেছে। সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকের বিষয়েও কোনো তথ্য এখনো দেয়নি আইএসপিআর।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। আগুনে অনেকেই সেখানে দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেল

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ২৮ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তারা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।

ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। তাদের ইউনিটগুলো পৌঁছায় দুপুর ১টা ২২ মিনিটে। এখন  উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।

এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

কম্পিউটার জগতে কাট, কপি, পেস্টের নেপথ্য কারিগর কে এই ল্যারি টেসলার?

//দৈনিক বিশ্ব//

কম্পিউটার জগতে ‘কাট, কপি ও পেস্ট’ ছাড়া কাজ কল্পনাই করা যায় না। এ সাধারণ অথচ যুগান্তকারী ফিচারটির পেছনে ছিলেন এক অসাধারণ মানুষ-ল্যারি টেসলার। ১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম নেওয়া টেসলার ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন।

১৯৭৩ সালে তিনি যোগ দেন জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে (PARC)। এখানেই সহকর্মী টিম মটের সঙ্গে মিলে তৈরি করেন জিপসি (Gypsy) নামের টেক্সট এডিটর, যার মধ্য দিয়েই প্রথমবারের মতো আসে কাট, কপি ও পেস্ট কমান্ড। এ উদ্ভাবনের মধ্য দিয়ে কম্পিউটার ব্যবহারের জটিলতা অনেকটাই কমে যায়। ব্যবহারকারীবান্ধব প্রযুক্তির পথে এটি ছিল এক বিশাল ধাপ।

এরপর অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাকে দলে টেনে নেন। অ্যাপলে ১৭ বছরের কর্মজীবনে তিনি লিসা ও প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কারসরের ধারণা, গ্রাফিক্যাল ইন্টারফেসের প্রসার, সবকিছুর পেছনে ছিল টেসলারের দূরদর্শিতা। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি পৃথিবী ছেড়ে বিদায় নেন এ প্রযুক্তি কিংবদন্তি। তবে তার ছোঁয়া রয়ে গেছে আমাদের প্রতিদিনের প্রতিটি ক্লিকে।

‘এ-চালান’ এর মাধ্যমে অনলাইনে শুল্ক-কর জমা দেওয়ার সুবিধা চালু হলো 

//দৈনিক বিশ্ব//

অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে আমদানিকারক, রপ্তানিকারক এবং তাদের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি অটোমেটেড চালান সিস্টেমের (এ-চালান) মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। চালু হওয়া এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন।

আজ শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন বা অনলাইন উভয় উপায়ে করদাতারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন। এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে জমা হবে এবং রাজস্ব খাতে সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি পাবে।

 

আগে আটিজিএস পদ্ধতির মাধ্যমে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লাগত, যার ফলে সরকারের আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি হতো। নতুন ব্যবস্থায় সেই বিলম্ব দূর হয়ে ২৪ ঘণ্টা, সাত দিন যে কোনো স্থান থেকে অনলাইনে দ্রুততম সময়ের মধ্যে কর পরিশোধ ও পণ্য খালাস সম্ভব হবে।

এ-চালান সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। পাশাপাশি দেশের ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখা থেকে চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও শুল্ক-কর জমা দেওয়া যাবে। পরিশোধ শেষে সিস্টেম জেনারেট করা রসিদ নম্বর দিয়েই বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে।

চট্টগ্রাম কাস্টম হাউসে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়। এর আগে গত ২৩ এপ্রিল কমলাপুর আইসিডিতে এবং পরবর্তীতে পানগাঁও কাস্টম হাউসে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশনেই এ-চালান সিস্টেম চালু হবে। এনবিআর মনে করে, এই উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করবে, পণ্য খালাসের গতি বাড়াবে এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা নিয়ে আসবে।

 

খুলনার ফুলতলায় ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য রাজা গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে প্রকাশ্যে আন্দোলন কারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিরোমনিতে ছাত্র জনতার বিপক্ষে মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামীলীগ নেতা ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কেএমপির ডিবি ওসি তৈমুর আলম। তিনি বলেন রবিবার দুপুরে তাকে খুলনা সার্কিট হাউস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে । খুলনার জিরো পয়েন্ট এলাকায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে, ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের মধ্যে রাজা ছিলো সেটা শনাক্ত করা হয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবির ওসি তৈমুর আলম। মামলার এজাহারে বলা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ২০ এপ্রিল মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাুকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। উল্লেখ্য বর্তমানে জেলহাজতে আটক সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র এর কাছের লোক পরিচয়ে ইউপি সদস্য রাজা আওয়ামীলীগ সরকারের সময় একক আধিপত্য বিস্তার করেন।

সুন্দরবনে অভিযানে হরিণ ধরা ফাঁদ ও বরফ’সহ একটি ট্রলার আটক

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

সুন্দরবনের জ্ঞানপাড়া এলাকা থেকে ট্রলার বোঝাই হরিণ ধরার ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। তবে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২ মে) রাত ১২টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালান।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পরই সুন্দরবনের বিভিন্ন এলাকায় চোরা শিকারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর উদ্যোগ নেয়া হয়। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জ্ঞানপাড়া মাঝেরচরের পশ্চিম পাড় এলাকায় ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ট্রলার ও হরিণ ধরার ফাঁদ ফেলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ট্রলার ও আশপাশের এলাকা তল্লাশি করে ৬ বস্তা হরিণ ধরার ফাঁস, ১০ মণ বরফ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, আসামি শনাক্ত ও ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত হরিণ ধরার ফাঁদ এবং ট্রলারের বিরুদ্ধে বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, ‘বন, বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সর্বদা সচেষ্ট। চোরা শিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো বসতঘর

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়ি ও দুটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর বড়শিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিকটস্ত কচুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বসতবাড়ি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার বর্ষিবাওয়া গ্রামের মৎস্য চাষী সোহেল শিকদারের বসতবাড়িতে গভীর রাতে ১০/১২ জনের একটি দুর্বৃত্তকারি দল পূর্ব শত্রতার জের ধরে বসতঘরে অগ্নিসংযোগ করেছেন। দুর্বৃত্তদের আগুনে এ সময় সোহেল শিকদার ও তার ভাই রিয়াজ শিকদারের বসতঘরের দুটি কক্ষের মালামাল পুড়ে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে রিয়াজ শিকদারের স্ত্রী সালমা বেগম জানান। পাসেই তার বড় ভাই কাইয়ুম শিকদারের বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা করলে আংশিক ক্ষতি হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, বর্ষিবাওয়া গ্রামে দুটি পরিবারের পারিবারিক দ্বন্ধে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই রাতেই খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে দ্রত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে মাদকসহ একজনকে আটক করেছে র‍্যাব-৬

//জেনিভা প্রিয়ানা,  বিশেষ প্রতিনিধি//

বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে বিশেষ অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিএসসি জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০১ মে  র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার সদর থানাধীন কাঠাল গ্রামে একটি মূদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইং ০১ মে ২০২৫ তারিখ ১৫.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থনে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি তাহার সাথে থাকা ইঞ্জিন চালিত ভ্যান ও ভ্যানের উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামসহ পালানোর চেষ্টাকালে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল  আসামি  ১। আব্দুল হালিম হাওলাদার (৫৮), পিতা-মৃত আব্দুল মজিদ হাওলাদার, সাং-বাসাবাটী, পশ্চিম বাসাবাটী রোড, বাগেরহাট পৌরসভা, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাটকে ভ্যানসহ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সামনে ১৫০(একশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় এক প্রবাসীর ব্যাংক একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ

//জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি//

খুলনায় এক প্রবাসীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) এক নারী কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আফসানা শাহিন মুন্নি (৩৬) এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার মোহাম্মদ সানোয়ার হোসাইন মাসুম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার মুগদা এলাকা থেকে মুন্নিকে গ্রেপ্তার করে খুলনা থানার একটি বিশেষ টিম। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ তার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রির স্ত্রী আফসানা ইয়াসমিন তৃষ্ণা গত ১৮ এপ্রিল মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী অনলাইনের মাধ্যমে ২০২৩ সালের ১৩ নভেম্বর এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে বিভিন্ন সময় মোট ১০ লাখ ২ হাজার টাকা জমা রাখেন। চলতি বছরের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে টাকা উত্তোলনে গেলে দেখা যায়, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। বাকি ৭ লাখ টাকা ২০২4 সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস এর মাধ্যমে অন্য এক ব্যক্তির ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আরটিজিএস পদ্ধতিতে অর্থ স্থানান্তরের জন্য হিসাবধারীর উপস্থিতি বাধ্যতামূলক হলেও ওই সময় ভুক্তভোগী প্রবাসে ছিলেন। অভিযোগপত্রে দাবি করা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে কাগজপত্র জাল করে এ অর্থ আত্মসাৎ করে।

মামলার বাদী তৃষ্ণা আরও জানান, গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা মুন্নি তাদের অ্যাকাউন্ট খোলার কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং তাদের যাবতীয় তথ্য জানতেন। সেই সুযোগ নিয়ে একাধিকবার জালিয়াতির চেষ্টা করা হয়েছে। এমনকি তার নিজের অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ও অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা আত্মসাতের চেষ্টাও করা হয়, তবে তাৎক্ষণিকভাবে জানতে পারায় সেই টাকা রক্ষা পান।

ব্যাংক সূত্রে জানা যায়, আগেও ওই নারী কর্মকর্তা একাধিক গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছেন। একাধিক অভিযোগের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত করে।

এ বিষয়ে এসবিএসি ব্যাংকের খুলনা শাখার বর্তমান ম্যানেজার হাফিজ আহমেদ জানান, তিনি সদ্য যোগদান করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

মোড়েলগঞ্জ হাসপাতালের সংবাদ প্রকাশে চড়ে উঠলেন স্বাস্থ্য কর্মকর্তা,৪ সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্থাস্থ্য কম্পেক্সে দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ, বাস্ক বন্ধি এক্সেরে মেশিং, জনবল সংকটে আল্টাস্নোগ্রাফি ডাক্তার সংকট সহ নানাবিধ সমস্যা নিয়ে জনস্বার্থে একাধীক প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় তেলে বেগুনে জ্বলে উঠলেন স্থাস্থ্যও প: প: কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম। বিদ্যমান সমস্যা গুলোর সমাধাণ না খুজে সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় উল্টো মিথ্যা চাঁদা দাবীর অভিযোগ এনে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক ইকিলাব প্রতিনিধি মেজবা ফাহাদ ও দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি এম পশাল শরীফের বিরেুদ্ধে পৃথক পৃথক ভাবে দিয়েছেন লিগ্যাল নোটিশ।

বাগেরহাট বিজ্ঞ জজ আদালতের সিনিয়র এ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত গত ২১ এপ্রিল প্রাপ্ত এক লিগ্যাল নোটিশের মাধ্যমে বলা হয়েছে । উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম এবং হাসপাতালের প্রধান সহকারী মাতুব্বর মো: রেজোয়ান হোসেনের নিকট সাংবাদিকতার অজুহাতে তাদের নিকট ২লক্ষ টাকা চঁাদা দাবি করা হয়েছে। তারা টাকা না দেওয়ার কারনে গত ৬ এপ্রিল/২৫ তারিখে বিভিন্ন পত্রিকায় অসত্য সংবাদ প্রকাশিত করেছেন। অথচ ওই তারিখে হাসপাতাল সংক্রান্ত কোন সংবাদ প্রকাশিত হয়নি।

এ লিগ্যাল নোটিশে ৩ দিনের মাথায় উক্ত স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত স্বারক নং- উস্বাক/মোরেল/বাগের/২০২৫/১৯৫, তরিখ-২৩/৪/২০২৫ ইং প্রেসক্লাব সভাপতি বরাবরে ডআরোএকটি চিঠিতে বলা হয়েছে, উপজেলা স্থাস্থ্য কমম্পেক্সে কেন্দ্র করে ইদানিং কতিপয় সাংবাদিক অসত্য,বিভ্রান্তিকর উস্কানি মূলক, উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছেন। এ কারনে উপজেলা স্থাস্থ্য কম্পেক্সের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে।

এদিকে স্থস্থ্য কর্মকর্তা এ ধরণের মিথ্যা অভিযোগ এনে লিগ্যাল নোটিশ প্রদান ও প্রেসক্লাবে চিঠি প্রেরন করায় যা যথারিতি গনমাধ্যম কর্মীদেরকে হতভাগ করেছে। সংবাদ পত্রের বাক স্বাধীনতা হরন করা ও নগ্ন হস্তক্ষেপর সামিল। স্বাধীণ মত প্রকাশের বাধাগ্রস্থ করা হচ্ছে। উচ্চ পর্যায়ের একজন দ্বায়িত্ব শীল কর্মকর্তার কতটুকু সমিচীন হয়েছে তা নিয়ে সচেতন মহলে দেখা দিয়েছে নানা মুখি প্রশ্নের।

৫০ শয্যা এ হাসপাতালটি এ উপজেলার প্রায় ৪লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে অপারেশন থিয়েটারে সাড়ে তিন বছর ধরে সকল প্রকার অপাশেন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। নতুন এক্সেরে মেশিংটি সরকারের অনেক টাকা অর্থ ব্যায়ে বরাদ্ধের পর এখনও রয়েছে বাস্ক বন্ধি অবস্থায়। আল্টাস্নোগ্রাম হচ্ছেনা সদ্য মাত্র ব্যবহৃত পানি সরবরাহের মটারটি মেরামত করে পানি সাফলাইয়ের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এছাড়াও বৃদ্ধমান সমস্যগুলো এখনো দৃষ্যমান রয়েছে।
এ সম্পর্কে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: এ এস এম মাহাবুবুল আলম বলেন, মোরেলগঞ্জ হাসপাতালের সমস্য গুলো দীর্ঘদিনের, সমাধানের চেষ্টা চলছে। তবে সাংবাদিকদের লিগ্যাল নোটিশের বিষয়ে তিনি অবহিত নয়। সরকারি চাকুরি জীবিদের ক্ষেত্রে আইনি প্রক্রীয়ায় উর্ধতন কতর্ৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে কিনা তা আমার ভাল জানা নেই।

বাগেরহাটের মংলায় আত্মহত্যার আগে ধর্ষিত, মূল হোতা গ্রেফতার

//বিশেষ প্রতিনিধি জেনিভা প্রিয়ানা//

মোংলা শহরে কিশোরী (১৪) আত্মহননের ঘটনার ভিন্ন মোড় নিতে শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রচার পেলেও এখন জানা যাচ্ছে, বখাটে যুবক অষ্টম শ্রেণি পড়ুয়া এই কিশোরীকে সুন্দরবনের করমজল পর্যটন স্পষ্টে নিয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও এর ভিডিও করে রাখে।

পরে ওই ভিডিওর ভয় দেখিয়ে হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। লজ্জা ও বখাটেদের হাত থেকে রক্ষা পেতে এক পর্যায়ে আত্মহননে বাধ্য হয়।

এ ঘটনার প্রায় চার মাস পর নিহতের বাবা এক নারীসহ তিন জনকে অভিযুক্ত করে বাগেরহাট আদালতে গত ৭ই এপ্রিল ধর্ষণ ও আত্মহননে প্ররোচনার দায়ে এজাহার দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গত ২১শে এপ্রিল মোংলা থানা পুলিশ এজাহারটিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচিত সংক্রান্ত ধারায় মামলা রেকর্ড করেন।

এদিকে পুলিশ এ মামলার প্রধান আসামি আসহাবুল ইয়ামিনকে (২৪) বিশেষ অভিযান চালিয়ে বন্দর কর্তৃপক্ষের মাধবী কলোনি এলাকা থেকে গত ২২শে এপ্রিল গ্রেফতার করে। গ্রেফতার যুবকের বাবা সোহেল রানা মোংলা বন্দর কর্তৃপক্ষের একটি নৌযানে মাস্টার পদে কর্মরত রয়েছেন।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, ওই কিশোরী পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় বেশ পারদর্শী ছিল। অত্যন্ত চটপটে এই কিশোরীর ক্রিকেট খেলার সুবাদে মোংলার বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল। বিভিন্ন জায়গায় খেলার সূত্র ধরে আসহাবুল ইয়ামিন ও তার কয়েক সহযোগীর সঙ্গে পরিচয় হয়।

কিছু দিন পর আসহাবুল ও তার সহযোগীরা তাকে ফুঁসলিয়ে ট্রলারে করে সুন্দরবনের করমজল পিকনিক স্পষ্টে বেড়াতে নিয়ে যায়। সেখানে নেশা জাতীয় কিছু খাইয়ে আসহাবুল ধর্ষণ করে। এক পর্যায়ে সে দৃশ্য ও নগ্ন ছবি-ভিডিও নিয়ে রাখে। এরপর ব্ল্যাকমেল করতে থাকে।

ভিডিও-ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। এভাবে দিনকে দিন অত্যাচারের মাত্রা বেড়ে যেতে থাকে। এক পর্যায়ে গত ১৪ই ডিসেম্বর তাকে এক সহযোগীর মোটরসাইকেলে করে আসহাবুল কাইনমারী এলাকায় একটি কফিশপে ডেকে নেয়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দিলে আসহাবুল তিরস্কার, লজ্জাজনক ও অপমানমূলক নানা কথাবার্তা বলাসহ তাকে বিয়ে করতে অস্বীকার করে। এতে ঘরে ফিরে আত্মহত্যা করে কিশোরী।

এদিকে এ ঘটনায় প্রথমে মোংলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। পরে নিহতের অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে এসব ঘটনা জানতে পেরে আসহাবুলসহ তার কয়েক সহযোগীর বিরুদ্ধে বাগেরহাট আদালতে গত ৭ই এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচিত সংক্রান্ত ধারায় এজাহার দাখিল করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, ইতিমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনার অন্যতম হোতা আসহাবুল ইয়ামীনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আসহাবুল পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা ও তার নিজের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।