কিস্তি পরিশোধ নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া: অভিমান করে গরীব মায়ের আত্মহত্যা

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল সংবাদদাতা //

বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ছেলে।

এ কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। রোববার (২৮ মার্চ) রাতে ওই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রুমা বেগম (৪৫) বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসার চালানোর জন্য একটি সমিতি থেকে কিস্তি তোলেন নিহত রুমা বেগম। ২ দিন আগে কিস্তি পরিশোধের টাকা নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া হয় তার। ঝগড়ার পর ছেলে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এ কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মা। পরে মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, নিহত রুমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। এ কারণে অপমৃত্যু মামলা হয়েছে।

মাগুরায় মাইক্রোর ধাক্কায় বৃদ্ধ নিহত। চালক ইউপি সদস্য ।।

মাগুরা সংবাদদাতা ।।

বালিদিয়া ইউনিয়নের ইউপি  সদস্য মাইক্রোবাস চালানো শেখার সময় ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে

ছটু বিবি (৬৫) এক নারী নিহত হয়েছে, তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামের বদর উদ্দিনের স্ত্রী।

ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য শ্যামলী মুরাদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ছেলে শহিদুল ইসলাম।

তিনি বলেন, “রোববার বিকালে আমাদের বাড়ির পাশের কানুটিয়া হাইস্কুল মাঠে মাইক্রোবাস চালানো শিখছিলেন ইউপি সদস্য শ্যামলী। এ সময় আমার মা মাঠের পাশে একটি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠছিলেন। হঠাৎ মাইক্রোবাসটি তাকে চাপা দেয়। মাকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান শ্যামলী ও তার সঙ্গীরা।

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল করোনা পজেটিভ

অনলাইন ডেস্ক।।

রবিবার নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এদিকে, আজ সোমবার পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।

 

জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। কিন্তু নিশ্চিত হতে আবার করোনার নমুনা জমা দিয়েছেন আশরাফুল। সেই পরীক্ষার ফল নেগেটিভ হলে সোমবার মাঠে নামবেন তিনি। বিকেএসপিতে কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল।

নির্বাচনী প্রচারে ক্লান্ত নুসরাত বললেন- মুখ্যমন্ত্রীর জন্যও এত করি না

অনলাইন ডেস্ক।।

দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে ‘বাড়তি আবদারে’ বেকে বসলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। দলের তরফেই একটু বেশি সময় ধরে প্রচার চালিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছিল তাকে। কিন্তু নুসরাত সাফ জানিয়ে দেন, আর পারবেন না তিনি। শুধু তাই নয়, মুখের কথা শেষ হওয়ার আগে গাড়ি থেকেও নেমে যান।

শনিবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে যান নুসরাত। খাঁ খাঁ রোদের মধ্যেও এক ঘণ্টার উপর হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। তার পরেও আরও কিছুক্ষণ তাঁকে প্রচার করার অনুরোধ জানাতেই অভিনেত্রী বেঁকে বসেন বলে।

দলীয় কর্মীদের সঙ্গে নুসরাতের কথোপকথনের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা গেছে, দলীয় কর্মীদের মধ্যে কেউ এক জন নুসরাতকে বোঝাচ্ছেন, সামনে বড় রাস্তা। আর আধ কিলোমিটার গেলেই হবে।

 

কিন্তু গাড়ির পিছনের রড ধরে দাঁড়িয়ে থাকা নুসরাত হাত নেড়ে না বলতে থাকেন। তাতেও ওই কর্মী না থামায় চটে যান তিনি। বলেন, ‘‘এক ঘণ্টার উপর শোভাযাত্রা করছি’’। এ কথা বলেই রডের নিচ দিয়ে মাথা গলিয়ে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হন নুসরাত। তাকে রেগে যেতে দেখে, এতটা রাস্তা প্রচারের জন্য পাশ থেকে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান দলীয় কর্মীরা। পাশ থেকে ‘ঠিক আছে’ বলতেও শোনা যায় কয়েকজনকে।

তবে তাতেও থামেননি নুসরাত। বরং কোনও দিকে না তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। আর নামতে নামতেই বলেন, ‘‘এক ঘণ্টার উপর র্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না। ঠাট্টা করছ?’’

নীলবাড়ির লড়াইয়ে এর আগে একাধিক বার তৃণমূল নেত্রীর সঙ্গে বিভিন্ন সভা এবং মিছিলে দেখা গিয়েছে নুসরাতকে। তবে আচমকা কেন তিনি রেগে গেলেন, তার সদুত্তর এখনও মেলেনি। তৃণমূলও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

সরকার নমনীয় নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে মাত্র।। হেফাজতে ইসলামের তাণ্ডব প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

গত দুইদিন ধরে দেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার নমনীয় নয়, ধৈর্যের পরিচয় দিচ্ছে মাত্র। নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। কিন্তু এ অবস্থা আর থাকবে না।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ হুশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতিম ও ছোট্ট ছোট্ট শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করে উত্তেজনা তৈরি করা হচ্ছে। এগুলো থেকে বিরত না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অহেতুক এসব আচরণ কাম্য নয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভে হতাহতের ঘটনায় শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল ডাকে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি থানায় হামলা, ভাংচুর, অস্ত্র লুটসহ বহু হতাহতের ঘটনা ঘটেছে।

রোববার হরতালের দিনও ঢাকাসহ সারা দেশে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে তাদের ওপর হামলা, এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দিনভর। রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ করা হয়। এই দুই দিনে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রোববার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ১০ ও চট্টগ্রামে ৪ জন নিহত হয়েছেন।

 

জঙ্গিদের হাতে মোজাম্বিকে হোটেলে ১৮০ জন জিম্মি

অনলাইন ডেস্ক।।

মোজাম্বিকের উত্তরাঞ্চলে একটি হোটেলে বিদেশি কর্মীসহ অন্তত ১৮০ জন আটকা পড়েছে। জঙ্গিরা হামলা চালানোর পর তিন দিন ধরে তাদের সেখানে জিম্মি করে রেখেছে।

শুক্রবার নিরাপত্তা সূত্র ও কর্মীরা এ তথ্য জানান। প্রত্যক্ষদর্শী সূত্র ও একটি মানবাধিকার গ্রুপ জানায়, কাগো দালগাদো প্রদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের কাছে পালমায় হামলার পর বেশ কয়েকজন নিহত হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, জঙ্গিরা বুধবার বিকেলে উপকূলীয় এ শহরে হামলা শুরু করে। এতে আতঙ্কিত বাসিন্দারা আশপাশের বনাঞ্চলে পালিয়ে যায় এবং এলএনজি ও সরকারি কর্মীরা আমেরুলা পালমা হোটেলে আশ্রয় নেন।

এলএনজি সাইটে থাকা এক কর্মী শুক্রবার সন্ধ্যায় টেলিফোনে বলেন, ‘জঙ্গিদের হামলায় প্রায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে।’

কক্সবাজারে ৩ কাউন্সিলর গ্রেফতার।। অপরাধ রোহিঙ্গাদের ভোটার করা

কক্সবাজর সংবাদদাতা।।

রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক।

রোববার ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে দুদকের দল। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২-এর উপপরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

দুদকের সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে এই গ্রেফতার চারজনের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিক ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলা করে দুদক, যার নং ১০/২০২১।

দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল, রফিকুল ইসলাম ও  দিদারুল আলম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করে। এমন তথ্য পায় দুদক।

এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় দুদক দল। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

উইঘুর ইস্যুতে চীন যুক্তরাজ্যে ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে…

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।।

মানবাধিকার চরম লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে যুক্তরাজ্য উইঘুর প্রসঙ্গে সোমবার (২২ মার্চ) চীনের ওপর নিষেধাজ্ঞা দেয়। এর পাল্টা জবাব দিয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে মিথ্যা ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনে পাঁচ সংসদ সদস্যসহ নয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

ব্রিটেনের এই নয় নাগরিক বরাবরই চীনের মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার। তারা এ বিষয়ে একাধিক কমিটিতে কাজ করতেন। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে সাবেক কনজারভেটিভ নেতা স্যার ইয়ান ডানকান স্মিথ। তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা ‘সম্মানসূচক ব্যাজের মতো’ পরিধান করবেন।’

এক টুইট বার্তায় এই নয় নাগরিকের পাশে থাকার আশ্বাস দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘চীন যদি অভিযোগ অস্বীকার করতে চায়, তাদের উচিত শিনজিয়াংয়ে জাতিসংঘের প্রবেশে অনুমতি দেওয়া।’

 

শিনজিয়াংয়ের উত্তর-পশ্চিম অঞ্চলের শিবিরগুলোতে চীন উইঘুরদের আটকে রেখে নির্যাতন, জোরপূর্বক শ্রম ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে বারবার। তবে সব অভিযোগ অস্বীকার করে চীন একে পুনঃশিক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে।

নিষেধাজ্ঞা থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন গবেষক ছাড়াও আরও আছেন টরি এমপি নুসরাত গানি ও টম ট্যুগেনডাট। নিষেধাজ্ঞার ফলে তারা চীনে প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, যুক্তরাজ্যই ছাড়াও শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা।

শেখ হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে জলবায়ু সম্মেলনে জো বাইডেনের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ জন গুরুত্বপূর্ণ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২২ ও ২৩ এপ্রিল ভার্চুয়াল এ সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে আরও আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

এ ছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিন পিং, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মতো ক্ষমতাধর নেতারাও রয়েছেন সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায়। গত ২৬ মার্চ প্রকাশিত হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, এই সম্মেলন আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি২৬) যাওয়ার পথে একটি মাইলফলক হবে।

 

এ সম্মেলন চলাকালে প্যারিস চুক্তির আওতায় ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ হ্রাসের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন আমন্ত্রিত নেতাদের এই সম্মেলনকে নিজ নিজ দেশে মজবুত জলবায়ু আকাক্সক্ষার রূপরেখা নির্ধারণের সুযোগ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আমন্ত্রিত ৪০ নেতার মধ্যে আরও রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ, অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন, চিলির প্রেসিডেন্ট সেবাস্টাইন পিনেরা, কলম্বিয়ার প্রেসিডেন্ট ডুকে মারকুয়েজ, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মিচেল, গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গ ওনডিমবা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট হুরু কেনইয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ডেভিড কাবুয়া, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ অব্রাদর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবেরগ, পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেয দুদা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লঙ্গ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাফোসা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান ও ভিয়েতনামের প্রেসিডেন্ট এনগুয়েন ফু ট্রঙ্গ।

বিশ্ব করোনায় একদিনে প্রাণহানি আরও ৯৫০০ জন

অনলাইন ডেস্ক।।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানিতে এখনও শীর্ষে ব্রাজিল। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৮৩ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস।

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আবারও দিশেহারা হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে আরও সাড়ে নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৭ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৭৭২ জনের। ৬৩ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। সাড়ে ৬শ’র ওপর মৃত্যু হয়েছে মেক্সিকোয়। সাড়ে চারশ’র মতো প্রাণ গেছে পোল্যান্ডে।

এছাড়া রাশিয়া ও ইতালিতেও ৪শ’য়ের কাছাকাছি প্রাণহানি। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি ২৭ লাখ ৮৮ হাজার ৭শ’য়ের ওপর। মোট আক্রান্ত ১২ কোটি ৭২ লাখ ৬১ হাজারের কাছাকাছি।