বাগেরহাটের রামপালে ভূমিহীন – গৃহহীনরা পেল আপন ঠিকানা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ভূমিহীন-গৃহহীন ২০ পরিবার পেল আপন ঠিকানা। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হয়ে ভার্চ্যুয়ালী এসব ঘর হস্তান্তর করেছেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সারাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হয়েছে। সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার রামপালে ২০ টি পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, পল্লী বিদ্যুতের সাব জোনাল কর্মকর্তা নওশের আলী, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, ওসি তদন্ত রাধেশ্যাম, পিআইও মো. মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, তপন কুমার গোলদার, তালুকদার সাবির আহমেদ, মুন্সি বোরহান উদ্দিন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, সি,সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। #

উল্লেখ্য, এ উপজেলায় প্রথম পর্যায়ে ১০ টি, দ্বিতীয় পর্যায়ে ৪০ টি, তৃতীয় পর্যায়ে ১০৫ টি ও চতুর্থ পর্যায়ে ২০ টি ঘর প্রকৃত হতদরিদ্র ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। বাকি আরো ১০০ টি ঘরের কাজ চলমান রয়েছে।

বাগেরহাটের রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের চত্বরে এ মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক মো রফিকুল ইসলাম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, পিআইও মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, উপকূলীয় এ এলাকায় তীব্র লবনাক্ততার কারণে কৃষিতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। সরকার কৃষকদের জলবায়ু উপযোগী কৃষি ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃষি বিজ্ঞানীরা লবন সহিষ্ণু জাতের ধান উৎপাদন ও বিভিন্ন জাতের হাইব্রিড বীজ উৎপাদন করেছেন। কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ের কৃষকদের কৃষি উপকরণ, বীজ, সার যন্ত্রপাতি সরবরাহ করেছে। পতিত জায়গা ফেলে না রেখে শাক-সবজি ও ফলের চাষ করতে হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বাগেরহাটের রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের বেতকাটা-২ গ্রামের সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন গ্রামবাসী।বেতকাটা গ্রামের ৮৮ জন বাসিন্দার স্বাক্ষর করা আবেদন পত্রে দেখা যায়, উপজেলার ভাগা বেতকাটা-২ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার চলাচলের সরকারি রাস্তাটি এক ব্যক্তি ঘিরে রেখেছেন।

সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিল্ব রঞ্জন মন্ডল রাস্তার বেশ কিছু অংশ ঘিরে রেখেছেন। শ্মশান ও মন্দিরে যাওয়ার সহজ পথটি দখলে থাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তিনি অন্য স্থান দিয়ে রাস্তার জায়গা দিয়ে সরকারি রাস্তা আটকে দেয়ার চেষ্টা করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। আবেদনকারী হরিপদ পাল ও উত্তম কুমার মন্ডল বলেন, আমাদের দাবী চিহ্নিত সরকারি রাস্তার উপরে মাটি দিয়ে সংস্কার করা হোক। এ বিষয়ে অভিযুক্ত বিল্ব রঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বাইরে থাকায় বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই রাস্তায় সরকারি বরাদ্দে সংস্কার হচ্ছে। নিয়ম মেনে রাস্তার জায়গা দিয়েই রাস্তা করা হবে।

আবেদনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্পের বরাদ্দে সরকারি রাস্তার উপর দিয়েই রাস্তা সংস্কার করা হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

বাগেরহাটের রামপালে জাতীয় ভোটার দিবস পালিত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।

এর পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, মো. ফোরকান বিল্লাহ, মাহাবুবা সুলতানা প্রমুখ।

সভায় নির্বাচন কর্মকর্তা আ. সাত্তার জানান, রামপালের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ১১ হাজার ৬৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৫ হাজার ৮২৯ জন।

রামপালে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯২২ জন ও নারী ভোটার ৬৯ হাজার ৬১৩ জন।

নাশকতার মামলায় বিএনপির ড. ফরিদসহ ১১ জনের উচ্চ আদালতে জামিন লাভ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

গত ২৫ ফেব্রুয়ারী সকালে বাগেরহাট বিএনপির পদযাত্রায় নাশকতার অভিযোগে সদর মডেল থানা পুলিশ মামলা দায়ের করে। মামলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় ৪৮ জন নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার সকালে হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট ১১ জনকে জামিন মঞ্জুর করেছেন। শুনানীতে উপস্থিত ছিলেন এ্যাডঃ নিতাই রায় চৌধুরী, বারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, এ্যাডঃ মিজানুর রহমান প্রমূখ। আদালত প্রঙ্গনে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জামিন প্রত্যাশি নেতৃবৃন্দ। উচ্চ আদালত থেকে নেতৃবৃন্দ জামিন লাভ করায় রামপাল ও মোংলা বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

বাগেরহাটের রামপালে নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক লাশ উদ্ধার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের নদী থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য বয়সী (৪০) এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় রামপাল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে ঘোষিয়াখালী নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রামপাল থানা পুলিশ ও রোমজাইপুর গ্রামের মহিলা ইউপি সদস্য রিনা বেগমের তথ্যমতে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২ টায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রোমজাইপুর গ্রামের পশ্চিম পাশ দিয়ে ভেসে যাচ্ছিল। খবর পেয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, এসআই খন্দকার মমিন, এসআই দেলোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।

পরে ঘোষিয়াখালী নৌ পুলিশ থানার ওসি শরিফুল ইসলামের কাছে লাশটি হস্তান্তর করে। লাশের পরনে খয়েরী কালো ফুলপ্যান্ট, সাদা গেঞ্জির নিচেয় ও পিত্ত রংয়ের ফুল গেঞ্জি গায়ে ছিল। তবে তা পা খালি ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছিল। তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না তা সনাক্তসহ ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করা হবে বলে জানানো হয়। লাশটি গ্রহণের বিষয়টি নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় এর অনুমতিক্রমে লাশের পরিচয় সনাক্ত ও কি কারণে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ গত ২৪ জানুয়ারি রোমজাইপুর গ্রামের নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছিল রামপাল থানা পুলিশ। পরে তার পরিচয় সনাক্ত করে রামপাল থানা পুলিশ।

বাগেরহাটের রামপালের উজলকুড় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে। বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন না হওয়ায় অবশেষে কমিটি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
জানা গেছে, গত ইংরেজি ২২-২-২০২৩ তারিখে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন হোসেন ২৯০ জন অভিভাবকের একটি ভোটার তালিকা প্রস্তুত করেন। ওই তালিকায় তিনি দুইজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি একই ব্যক্তিকে দুইবার ভোটার ও একজন শিক্ষার্থীকে দুই শ্রেনীর শিক্ষার্থী দেখিয়ে তার বাবা ও মাকে ভোটার করেন।

ওই তালিকা অনুযায়ী গত ইং ২৩-৪-২০২২ তারিখে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। ত্রটিপুর্ণ ভোটার তালিকায় নির্বাচন বিধি সম্মত হয়নি এমন দাবী করে মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড য়শোর বরাবর একটি অভিযোগ করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বাগেরহাট জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।

এরপর জেলা শিক্ষা অফিসার তদন্ত করে গত ইং ৮-১২-২০২২ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রবিধান ২০০৯ এর ০২ ও ১০ (ঘ) ধারা লঙ্ঘিত হওয়ায় অনুমোদিত ম্যানেজিং কমিটি কেন বাতিল করা হবে না তার জবাব চেয়ে প্রধান শিক্ষককে পত্র দেয়া হয়। প্রধান শিক্ষক জবাবও দাখিল করেন। ওই জবাব সন্তোষজনক না হওয়ায় ম্যানেজিং কমিটি প্রবিধান-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী গত ইং ২২-২-২০২৩ তারিখ যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে কমিটি বাতিল করে প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যপারে প্রধান শিক্ষক মহাসিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন লাইনে এমন একটি আদেশ দিয়েছে বলে শুনেছি। আমি এখনও দেখিনি। স্কুল খুললে আমি দেখে আপনাকে জানাবো। বর্তমান কমিটির সভাপতি খুলনা জেলা সেবচ্ছাসেবক লীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ বলেন, যশোর শিক্ষা বোর্ড যে কমিটি বাতিল করেছে সেই কমিটি বোর্ড অনুমোদন দিয়েছিল। তখন কেন ভোটার তালিকার ত্রটি ধরা পড়েনি ? আমি জোর করে কিংবা ইচ্ছা করে সভাপতি হইনি। এলাকার মানুষের অনুরোধে এবং বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সভাপতি হয়েছিলাম।

বাগেরহাটের রামপালে বৃদ্ধ’র জমি দখল চেষ্টার অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের ভাগা গ্রামের ৭০ বছরের নৃপেন্দ্রনাথ পাল নামের এক বৃদ্ধ জমির দখলমুক্ত চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না।

প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় থাকা জাফর শেখ নামের এক ব্যক্তি মাছ ও মৎস্য চাষের কথা বলে জমি লিজ নেয়। ভাগা মৌজার ৩১৫ খতিয়ানের ৯০৭ দাগের ৮৮ শতক জমির কিছু অংশে বাসা করে সে ঘের পাহারা দিতো। কথা ছিল সে দুই বছর ঘের করবে। এরপর ওই জমির মালিক কৃপেন্দ্রনাথ তার জমি মাটি দিয়ে ভরাট করেন। জমিতে থাকা জাফরকে জমি ছেড়ে দিতে বললে সে আর জমি ছাড়তে চাইছে না।

জমি দখলে নিতে জাফর হিন্দু ওই পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন। বাধ্য হয়ে জমির মালিক জমির দখল মুক্ত করতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের বরাবর আবেদন করেছেন। গত ইংরেজি ১৩ আগষ্ট আবেদন করার পরেও প্রতিকার না পাওয়ায় ন্যায়সংগত অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। তিনি বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের আশু সমাধান কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাফর শেখের সাথে কথা বলার জন্য ওই বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে তার স্ত্রী বলেন তাদের জমি না, এটা নৃপেন বাবুর জমি। আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের থাকতে দিয়েছে। এ বিষয়টি অস্বীকার করে বৃদ্ধ নৃপেন্দ্রনাথ বলেন ওরা অসত্য কথা বলে আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি কোন প্রতিকার চেয়ে প্রতিকার পাচ্ছি না।

রামপালে পুলিশের অভিযানে চোরাই সোয়া লক্ষাধীক টাকা স্বর্ণালঙ্কারসহ নারী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের মৃত মো. ইলিয়াস শেখের পুত্র দুর্ধর্ষ চোর মো. সুলতান মামুন ওরফে গোলাম শাহেনশাহ ওরফে আলফা ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করেন রামপাল থানা পুলিশের ওসি (তদন্ত) রাধেশ্যাম ও এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় মামুনের ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জোহরা বেগম (৩৫)’র কাছে থাকা নগদ ১ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা, দুই জোড়া কানের দুল ও ৩ টি রূপার নুপুর উদ্ধার করেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মামুন একটা দুর্ধর্ষ চোর ও প্রতারক। বড় সন্নাসীর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের বাড়ীতে চুরির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকদিন পূর্বে মামুনকে গ্রেফতার করা হয়েছে।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টি চুরি ও ২ টি মাদক মামলাসহ খুলনায় বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া সোয়া লক্ষাধীক টাকা ও স্বর্ণালংকার ও রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ওই মামুন গত ইউপি নির্বাচনে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়েছিল।

রামপালে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ফরহাদ, সম্পাদক বেলাল

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান, বেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে মাধ্যমিক শিক্ষক সমিতির মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

এর পূর্বে সকাল ১০ টায় সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী হাবিবুন নাহার ভাগা সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং নবনির্মিত আইসিটি ভবনসহ ৩ টি নির্মাণাধীন ব্রীজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র খালেক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতো। রামপালে শিক্ষকরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে পিছনে পড়ে আছেন। তাদের মেধা ভিত্তিক উৎকর্ষতায় অনেক পিছিয়ে পড়েছেন। তারা অনেক দূর্বল। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন না।  আমাদের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এর কারণ শিকার মান নিম্নগামী। এটা হতাশাজনক। আপনারা পাঠদানে আরও বেশি মনোযোগী হবেন এটাই প্রত্যাশা। একই কথা বলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, শক্তিশালী সংগঠন করলে হবে না। পাশাপাশি পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আপনারা আপনাদের বাড়ির সন্তানদের মত মনে করে তাদের পাঠ দান করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন।