ইউক্রেনে অস্ত্রের চালান ঢোকা মাত্র হামলা করবে রাশিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনে অস্ত্রের কোনো চালান আসলেই সেটির ওপর হামলা করার হুশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া ন্যাটোভুক্ত কয়েকটি দেশ সোভিয়েত যুগের অস্ত্র ইউক্রেনে পাঠানোর ব্যাপারে ভাবছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কয়েকটি দেশ এমন ঘোষণা দেওয়ার দুইদিনের মধ্যে কঠোর হুশিয়ারি দিয়েছে রাশিয়া।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের মধ্যে অস্ত্রের চালান নিয়ে কোনো কার্গো আসলে সেটিকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে রাশিয়া।

এ ব্যাপারে সের্গেই ল্যাভরভ বলেন, আমরা খুব পরিস্কারভাবে ঠিক করেছি যে ইউক্রেনে কোনো কার্গো প্রবেশ করলেই সেটিকে আমরা অস্ত্রে ভরপুর কার্গো হিসেবে ধরে নেব এবং এটির ওপর হামলা চালাব। কারণ এটিকে আমরা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব।

ল্যাভরভ আরও জানিয়েছেন, সোভিয়েত ও রাশিয়ার তৈরি অস্ত্র যে সকল দেশের কাছে আছে সেসব দেশ তৃতীয় কোনো দেশের কাছে এসব অস্ত্র পাঠাতে পারবে না। এটা অবৈধ।

সূত্র: সিএনএন

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

 

১ হাজার চেচেন যোদ্ধা পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা।

বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন চেচেন রামযান কাদিরভ। খবর এএফপির।

টেলিগ্রাম পোস্টে রামযান কাদিরভ জানান, তার আত্মীয় আপটি আলাউদ্দিন এই যোদ্ধাদের নেতৃত্বে রয়েছেন।

কাদিরভ বলেন, আপটি আলাউদিনভ এক হাজার স্বেচ্ছাসেবককে নেতৃত্ব দিচ্ছেন। তারা ইউক্রেনে নাৎসিবিরোধী অভিযানে অংশ নেবে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ যুদ্ধের ২৩তম দিন।

ইউক্রেনের মারিওপোল শহর রুশ সেনাদের দখলে যেতে পারে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। শিগগিরই এটি রুশ সেনাদের হাতে পতন হতে পারে।

যুক্তরাষ্ট্রের একটি থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুদ্ধবিষয়ক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, বৃহস্পতিবার অন্য কোনো শহরে রুশ সেনারা উল্লেখ করার মতো কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তবে রুশ সামরিক বাহিনীর ক্রমাগত হামলার মুখে ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিওপোল আগামী সপ্তাহগুলোর মধ্যে পতনের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার রুশ সেনাদের অগ্রাভিযান থেমে থাকা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা মূল্যায়নে একই তথ্য দেওয়া হয়েছে।

মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্কটি আরও বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার রাজধানী কিয়েভের আশপাশে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এছাড়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং গত বুধবারই ১০টি রুশ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্য মতে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রথম ২০ দিনে রাশিয়া হয়তো নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো ভাণ্ডার শেষ করে ফেলেছে। এছাড়া সিরীয় যোদ্ধাদের যুদ্ধে অংশ নেওয়ার বিষয়টি আলোচনায় আসার পর মস্কোর ক্ষয়িষ্ণু মনোবলের দিকটি সামনে চলে এসেছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা চলছে।  আজ যুদ্ধের ২৩তম দিন।  রাশিয়ার তথ্যমতে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে ১২ সহস্রাধিক রুশ নিহত হয়েছেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার রূপসায় বঙ্গবন্ধুর ১০২তম  জন্মবার্ষিকী পালিত

 

রাশিয়া আরব আমিরাত একসঙ্গে কাজ করবে আন্তর্জাতিক তেল বানিজ্যে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আন্তর্জাতিক বাজারে তেলের যোগান নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কাজ করবে আরব আমিরাত।

রাশিয়া সফরে গিয়ে এমন কথা বলেছেন বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান।

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর তেলের বাজারে এর প্রভাব পড়েছে।  ফলে এখন তেলের সংকট সমাধানে সৌদি আরব ও আরব আমিরাতের দিকে ঝুঁকতে চাইছে তেলের ক্রেতারা।

বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তেলের উৎপাদন বাড়িয়ে দেয়।

কিন্তু যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশগুলো। তারা বলেছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের সঙ্গে তারা চুক্তিবদ্ধ। এই চুক্তিতে রাশিয়াও রয়েছে।

ওপেক প্লাসে থাকা দেশগুলো চুক্তি করেছে তারা প্রতিদিন ও প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ তেল উত্তোলন করবে।

মূলত বাজারে তেলে দাম পড়ে যাওয়ার পর এমন চুক্তি করেছিল তারা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করার আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তেল বাণিজ্যে রাশিয়ার সঙ্গেই থাকবেন তারা।

এ ব্যাপারে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি ও খাবারের বাজারে স্থিতিশীলতা রাখা প্রয়োজন।

তাছাড়া তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্ব শেষ করতে আরব আমিরাত মধ্যস্থতা করতেও প্রস্তুত আছে এবং তারা চেষ্টাও করবে।

সূত্র: আরব নিউজ

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরিশালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক এবং জাতীয় শিশু দিবস উদযাপিত

নকল জেলেনস্কির ভিডিওতে কি বলা হয়েছিল…?

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে তাকে ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাতে দেখা যায়। মুহূর্তেই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে পরে অবশ্য জানা যায় ওই ব্যক্তি জেলেনস্কি নন। এবং ভিডিওটি ও নকল।

এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, জেলেনস্কির মতো দেখতে একজন কথা বলছেন। ভিডিও ফুটেজের সঙ্গে মিল রেখে ঠোঁটও নড়ছিলো তার। তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছিল তার শরীরের সঙ্গে মাথার সামঞ্জস্য ছিলো না। আর ভিডিওতে বলা কথার সঙ্গে জেলেনস্কির কণ্ঠস্বরের কোনো মিলও পাওয়া যাচ্ছিল না।

ইউক্রেনের টিভি চ্যানেল ইউক্রেনিয়া ২৪-এর ওয়েবসাইটে নকল ওই ভিডিও থেকে নেয়া একটি ছবি প্রকাশিত হয়েছিলো। এ ছাড়া ভিডিওতে দেয়া বার্তা টিভিতেও সম্প্রচার করা হয়। তবে পরে ইউক্রেনিয়া ২৪ একটি বিবৃতি দিয়ে জানায়, হ্যাক করার মাধ্যমে টেলিভিশনের নিচে বার্তা সম্প্রচার ও ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করা হয়েছিলো।

এ নিয়ে পরে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে তার ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়ে জানান, তার নামে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ভুয়া। ভিডিওতে যাকে কথা বলতে দেখা যাচ্ছিল সেটা আসলে তিনি নন।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের নয় তিনি শুধু রাশিয়ার সেনাদের অস্ত্র ফেলে ঘরে ফেরার আহ্বান জানাতে পারেন।

বিবিসি বলছে, জেলেনস্কির নামে প্রচারিত ওই ভিডিও ফুটেজ ভুয়া। মূলত প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কোনো একজনের ছবিতে জেলেনস্কির মাথা লাগিয়েই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় ‘ডিপফেক’। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটির প্রেসিডেন্টকে নকল করে তৈরি এই ভিডিও ফুটেজই প্রথম ‘ডিপফেক’।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বাস-মাইক্রোবাসের দুর্ধর্ষ সংঘর্ষে নরসিংদীতে নিহত ৩ জন

ইউক্রেনে রুটি কিনতে গিয়ে প্রাণ হারাল ১০ জন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের চেরনিহিভে বুধবার স্থানীয় সময় সকালে রুটির দোকানের সামনে লাইন ধরেছিলেন সাধারণ মানুষ।

রুটির দোকানের সামনে দাঁড়ানো মানুষকে লক্ষ্য করে রকেট অথবা মর্টার শেল ছোড়ে রুশ সেনারা। তাদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এমন দাবি করেছে কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

তারা একটি টুইটে জানায়, রাশিয়ার সেনারা চেরনিহিভে ১০ জনকে  হত্যা করেছে। যারা রুটি কিনতে লাইনে দাঁড়িয়েছিল। এমন ভয়ানক আক্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা করার দরকার তার সবই করার চেষ্টা করছি আমরা।

যে স্থানে হামলায় ১০ জন নিহত হওয়ার কথা বলা হচ্ছে সে স্থানটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম সিএনএন। তারা জানিয়েছে, সাধারণ মানুষের একটি দলের ওপর রকেট বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছে ওই হামলায়  ১০ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর প্রথম হামলা করে রাশিয়া। ওইদিন বিশেষ সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া হামলা করার পর তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ইউক্রেনীয়রাও। ফলে  দিন গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়তে থাকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

সঙ্কটের মুহূর্তে বিশ্বনেতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার আবেদন জেলেনস্কির

//আন্তর্জাতিক ডেস্ক//

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে পার্ল হারবারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা এবং ৯/১১ সন্ত্রাসের সঙ্গে ইউক্রেনে রুশ হানাদারির তুলনা করলেন ভোলাদিমির জেলেনস্কি। বুধবার আমেরিকার কংগ্রেসে ভার্চুয়াল বক্তৃতায় জো বাইডেন এবং ওয়াশিংটনের কাছে ‘সঙ্কটের মুহূর্তে বিশ্বনেতার ভূমিকা’য় অবতীর্ণ হওয়ার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

পার্ল হারবারের ঘাঁটিতে জাপানি হামলার পরেই সক্রিয় ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল আমেরিকা। দু’দশক আগে নিউ ইউর্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়দা হানা আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে পেন্টাগনের লড়াইকে নতুন মাত্রা দিয়েছিল।

রুশ বাহিনীর হামলায় রাজধানী কিভ-সহ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ক্যাপিটল কমপ্লেক্সে আমেরিকার আইন প্রণেতাদের কাছে জেলেনস্কির আবেদন, ‘‘আমাদের এখনই আপনাদের সাহায্যের প্রয়োজন।’’ আমেরিকার প্রেসিডেন্টের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনার কাছে আমাদের আবেদন, শান্তি ফেরাতে রাশিয়ার উপর অর্থনৈতিক আঘাত হানা প্রয়োজন।’’

যুদ্ধের সূচনাপর্বে জেলেনস্কি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর কাছে রুশ হামলা ঠেকাতে ‘সামরিক সক্রিয়তা’র আবেদন জানিয়েছিলেন। কিন্তু যুদ্ধের ২২তম দিনে তাৎপর্যপূর্ণ ভাবে শান্তি ফেরানোর উপরেই জোর দিতে চেয়েছেন তিনি। কিভ থেকে আমেরিকার কংগ্রেসে তাঁর ভার্চুয়াল বক্তৃতার পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ন্যান্সি পোলেসি বলেন, ‘‘ভোলোদিমির জেলেনস্কি ইউক্রেনের গর্ব।’’

উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নিন্দা করলেও যুদ্ধে সরাসরি অংশ নিতে চায় না আমেরিকা। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বাইডেনের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথম কারণ অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সব চেয়ে বড় এই যুদ্ধে অংশ নিলে অতিমারিতে বিধ্বস্ত আমেরিকার অর্থনীতি আরও টাল খাবে। আমেরিকার কোনও সীমান্তও নেই ইউক্রেনের। তা ছাড়াও, আমেরিকা কূটনীতিকদের ব্যাখ্যা, রাশিয়া ও আমেরিকার মতো দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যুদ্ধে লিপ্ত হলে তার ফল আখেরে সারা বিশ্বের পক্ষেই ক্ষতিকর হবে।

English Dainikbiswa

পড়ুণ দৈনিক বিশ্ব

চাঁদপুরের হাইমচর গাজীপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

আজ জটিল ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিয়েভ- মেয়র

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেছেন, শহরটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছে। তিনি ৩৫ ঘণ্টার জন্য কিয়েভজুড়ে কারফিউ জারির ঘোষণা দেন।

এরইমধ্যে কিয়েভে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা বাড়িয়েছে রাশিয়া। শহরটির বেসামরিক স্থাপনাগুলোও এসব হামলা থেকে রেহাই পাচ্ছে না।

মেয়র সতর্ক করে বলেন, ‘আজ জটিল ও ভয়ঙ্কর’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কিয়েভ।

বিবিসির খবরে বলা হয়, সোমবার দিবাগত রাতভর কিয়েভের আবাসিক এলাকা লক্ষ্য করে এবং মেট্রোরেল স্টেশনগুলোতে বিমান হামলা চালায় রুশ বাহিনী।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, আবাসিক ভবনে বোমা হামলায় অন্তত দুজন নিহত হন। এ হামলার পর ওই আবাসিক ভবন থেকে অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।

কিয়েভের সোভিয়াতোশিঙ্কি জেলায় নয়তলা ও ১৬ তলা বিশিষ্ট দুটি ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় পোদিলস্কি জেলায় ১০তলা একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ক্রেমলিনের ঘোষণা উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটি বলছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসাবে মস্কো মোট ১৩ জন জন আমেরিকানের ওপর এই নিষেধাজ্ঞা দিচ্ছে।

তালিকায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকিও রয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও রাশিয়ার এই নিষেধাজ্ঞার তালিকায় ঢোকানো হয়েছে।

আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে একইসাথে বলা হয়েছে, রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছেনা।

ক্রেমলিনের বিবৃতি উদ্ধৃত করে আরটি বলছে নিষেধাজ্ঞার তালিকায় “অদূর ভবিষ্যতে” আরো নাম ঢুকবে।

বলা হয়েছে, আমেরিকার “যেসব কর্মকর্তা, সাময়িক কর্মকর্তা, আইন-প্রণেতা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্ব রুশোফোবিক (রুশ বিদ্বেষী) অথবা রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোতে ভূমিকা রাখছেন” তাদেরও কালো তালিকাভুক্ত করা হবে।

আমেরিকাও এর আগে রাশিয়ার বেশ কজন ব্যবসায়ী এবং মিডিয়া ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

রাশিয়া এই সিদ্ধান্ত ঘোষণার আগে যুক্তরাষ্ট্র রুশ বেশ কজন সিনিয়র রুশ প্রতিরক্ষা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। তাদের মধ্যে রাশিয়ার বেশ কজন উপমন্ত্রী এবং সরকারি একটি নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানের মহাপরিচালক রয়েছেন।

অন্যদিকে কানাডাও সোমবার ১৫ জন সিনিয়র রুশ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় ঢুকিয়েছে। সূত্র: বিবিসি

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন-২০২২অনুষ্ঠিত, সভাপতি-নাহিদ খান, সম্পাদক- হামিদুল ইসলাম

বরগুনা তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায়”প্রতিবাদ্য নিয়ে বরগুনার তালতলী উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে।

আজ বুধবার (১৫ মার্চ) তালতলী উপজেলা পরিষদ থেকে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবসের র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় তালতলীতে কোথাও যদি অতিরিক্ত দরে পণ্য বিক্রি হয় তাহলে সংবাদদাতাকে ভ্রাম্যমান আদালতের জরিমানাকৃত ২৫% টাকা পুরস্কার স্বরুপ প্রদান করার ঘোষণা করেন নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও সভায় তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তপু, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়,তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন আর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।