খুলনায় কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

 

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে খুলনা জেলায় দুইশত ৯৭ জন কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইলে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছেন। করোনা মোকাবেলার সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিক সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

অনুষ্ঠানে মেয়র প্রত্যেক কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।

 

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের ত্রাণসামগ্রী বিতরণ

 

বাঁশখালী- করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বাঁশখালীর ৭৪০ অসহায় পরিবারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৮ এপ্রিল) বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার কাথরিয়া, বাহারছড়া, সরল, চাম্বলসহ বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রণি, শিক্ষানবিশ আইনজীবি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশে করোনা মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। তাই সরকার জনগণের স্বার্থেই লকডাউন দিয়েছে।

সবাইকে লকডাউন মানতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কারো খাবারের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করবো। কেউ যেন না খেয়ে না থাকে। উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

// আ: জব্বার, চট্রগ্রাম প্রতিনিধি//

ঠাকুরগাঁও রাণীশংকৈলে লটারির মাধ্যমে কৃষকের ভাগ্য নির্ধারণ

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে ৩ হাজার ২ শত ৬৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত গম সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে। ২৮ টাকা কেজি গমের মূল্য নির্ধারন করা হয়েছে।
২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান শুরু করা হবে। এ লক্ষ্যে (২১ এপ্রিল বুধবার) সকালে উপজেলা হলরুমে লটারির মাধ্যমে ১৮ হাজার ৮ শত ১২ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২ শত ৬৫ জন কৃষক লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ”র সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতম সাহা , মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেস ক্লাব পুরাতন”র সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি , উপখাদ্য পরিদর্শক কর্মকর্তা নোবাব হোসেন, প্রমুখ ।
// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি //

লেবুর বাড়তি দামে বেজায় খুশি দক্ষিণ চট্টগ্রামের কৃষক মহল

চলমান করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যের জন্য ফলদায়ক লেবু। আর পাশাপাশি চলমান রমজানে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় লেবুর কদর অনেকাংশে বেড়েই চলছে। চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় লেবুর ফলন ভালো না হলেও উৎপাদিত লেবুর চাহিদা বাড়তি হওয়ায় দক্ষিণ চট্টগ্রামে প্রতিটি লেবু ১০-১৫ টাকা ও প্রতি ডজন ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার   খরনা, শ্রিমাই, লালাখিল, হাইদগাঁও, বোয়ালখালী উপজেলার  জৈষ্টপুরা, কানুঙ্গুপাড়া, পাহাড়ীয়া এলাকা চন্দনাইশ উপজেলার লালুটিয়া, লট এলাহাবাদ, কাঞ্চননগর, ধোপাছড়ি পাহড়ীয়া এলাকা, আনোয়ারা উপজেলার    মোহসেন আউলিয়া, চাতুরী চৌমুহুনীর পাহাড় ও কাপকোর এলাকাধিন পাহাড়, লোহাগাড়া উপজেলার, পুটুবিলা, চরম্বা, ফাসিয়ালী, চুনুতী, বড় হাতিয়া পাহাড়িয়া এলাকা, সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত, কেউচিয়া, মাদার্শা, ছদাহা, বাজালিয়া পাহাড়িয়া এলাকা, বাঁশখালি উপজেলার কালিপুর পাহাড়ীয়া এলাকায় ছোট বড় ৪ শাতধিক লেবুর বাগান রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়।

লেবুর প্রতি ভার ১ হাজার থেকে ১২শ টাকায় বিক্র হচ্ছে। লেবুর বাগানের পাশাপাশি আদা, ও অন্যান্য শাক সবজির চাষ একই সাথে হয়ে থাকে তবে চলতি মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় অন্যান্য চাষাবাদ তেমন একটা না হলে ও লেবুর কদর কোন আংশে কমেনি। করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্যে মুসলিম সমাজ প্রতিদিন লেবুর শরবত, অগ্রাধিকার দিচ্ছে।

কৃষকরা এলাকায়  হিমাগার নির্মাণের জন্য সরকারের যথাযথ কতর্ৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন। হিমাগার নির্মিত হলে করোনাভাইরাস প্রতিরোধসহ সস্তা দামে লেবুর চাহিদা পূরণ হবে অভিজ্ঞ মহল জানিয়েছেন।

//মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি //

সংসদ সদস্য সালাম মূশের্দীর পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট মাক্স ও গেঞ্জি হস্তান্তর

 

সংসদ সদস্য  আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে খুলনা জেলার পুলিশ সুপারের কাছে মঙ্গলবার দুপুরে এক হাজার মাস্ক হস্তান্তর করাসহ সালাম মূর্শেদী সেবা সংঘের গেঞ্জি উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, প্রিমিয়াম ব‍্যাংকের খুলনা শাখার ম‍্যানেজার মো: গোলাম হাবিব সুমন এবং সালাম মূশের্দী সেবা সংঘের টিম  লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু।

//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

চট্টগ্রামের গন্ডামারায় নিহত মাহমুদ রেজার পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত মাহমুদ রেজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার  (২০ এপ্রিল) সকালে জামায়াত আমীরের পক্ষে নিহতের পরিবারকে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর মাওলানা জাফর সাদেক।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা জাকারিয়া, বাঁশখালী উপজেলা দক্ষিণ সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখতার হোসাইন সিকদার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মরতুজা আলী, সাবেক ইউপি সদস্য মাওলানা ফারহাদ, মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

// আ: জব্বার, বাঁশখালী প্রতিনিধি//

পরিবহন মালিক-শ্রমিকদের দাবি মেনে নিল সরকার

 

সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়নের আগেই এতে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির মুখে আইনের কয়েকটি ধারা সংশোধনের খসড়া করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর ঘটনাসহ বিভিন্ন অপরাধে সাজা কমানো হচ্ছে। সম্প্রতি এ খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে সড়ক পরিবহন আইনটি পাশ হয়। কিন্তু এটি কার্যকর হয় ২০১৯ সালের নভেম্বর মাসে। ওই সময় পরিবহন নেতাদের চাপে কয়েকটি ধারা প্রয়োগ না করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর পরিবহন নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সড়ক পরিবহন আইনের এ খসড়া তৈরি করা হয়।

খসড়ায় সড়ক দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যু হলে তা অজামিনযোগ্য ধারায় বহাল রাখা হয়েছে। তবে মারাত্মক আহত হওয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক দণ্ড পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে তিন লাখ টাকা করা হয়েছে। কারাদণ্ড ৫ বছর আগের মতো রয়েছে। এতে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে এ ধারায় বিচার করা যাবে। কিন্তু মারাত্মক আহত হলে সেটি এ ধারার অপরাধ হিসাবে বিবেচ্য হবে না। শুধু তাই নয়, বিদ্যমান ৮৪ ও ৯৮ নম্বর ধারা দুটি জামিনঅযোগ্য বিধান থেকে কমিয়ে জামিনযোগ্য করা হয়েছে। ৯৮ ধারায় ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে চালানোর কারণে দুর্ঘটনায় মানুষ আহত হওয়ার বিধান রয়েছে। আর ৮৪ ধারায় মোটরযানের আকার পরিবর্তন সংক্রান্ত বিধান রয়েছে।

মোটরযান চলাচলের সাধারণ নির্দেশনাবলি ধারা-৪৯(১) লঙ্ঘনের অপরাধে সাজা ৩ মাস কারাদণ্ড থেকে কমিয়ে এক মাস কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। তবে অর্থদণ্ড আগের মতো ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে। মোটরযান পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামার সাজাও কমানো হয়েছে। এ অপরাধে বিদ্যমান আইনে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও খসড়া আইনে তা কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।

খসড়ায় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। তিন চাকার গাড়ির চালকের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করে অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি করা হয়েছে। অন্য পরিবহনগুলো চালানোর জন্য শিক্ষাগত যোগ্যতা অপরিবর্তিত থাকবে। তবে একজন সহকারী বা সুপারভাইজারের ১০ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে এবং ড্রাইভিং সক্ষমতা বোর্ড পাশ করলে তার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি শর্ত মানা প্রয়োজন হবে না বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া খসড়ায় ফিটনেস দেওয়ার ক্ষেত্রে কর্মচারীদের প্রত্যক্ষ সাজা বাদ দেওয়া হয়েছে। ২৫(২) ধারা অনুযায়ী ফিটনেসের অনুপযোগী কোনো মোটরযানের ফিটনেস সনদ দেওয়ার সঙ্গে কোনো কর্মচারীর সংশ্লিষ্টতা থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু খসড়ায় এটি বাদ দিয়ে বলা হয়েছে, ত্রুটিপূর্ণ মোটরযানকে কোনোভাবেই ফিটনেস সনদ দেওয়া যাবে না।

ট্রাফিক সাইন ও সংকেত লঙ্ঘনের অপরাধে সাজা কমিয়ে শুধুমাত্র এক হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। যদিও বিদ্যমান আইনে এ অপরাধে এক মাসের কারাদণ্ড ও অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে। একইভাবে কনট্রাক্ট ক্যারিজের মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায়, গণপরিবহনে ভাড়া চার্ট প্রদর্শন বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত অপরাধেও সাজা কমানোর প্রস্তাব করা হয়েছে।

// অনলাইন ডেস্ক //

খুলনায় করোনাকালে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন

 

করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে খুলনা জেলা প্রশাসনের আয়োজন শনিবার হতে দ্বিতীয় পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বরে কর্মহীনদের খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা সংক্রমণের শুরু থেকে ত্রাণ বিতরণে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, করোনাকালে সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সাবধানতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিটি মেয়র সরকারের পাশাপাশি এই কর্মসূচিতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। মেয়র এধরণের উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র তিনশত জন কর্মহীন ইজিবাইক-থ্রি হুইলার শ্রমিক ও দোকান কার্মচারীর প্রতি জনের মাঝে সাত কেজি চাল, এক কেজি আলু, ডাল ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম ও সবজিসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

  //আ: রাজ্জাক শেখ, খুলনা  ব্যুরো//

শোক সংবাদ

 

মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রুস্তুম আলী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

//শ্যামল বিশ্বাস, মোহাম্মদপুর, মাগুরা প্রতিনিধি//

মুন্সিগঞ্জের টেঙ্গারচর ইউনিয়নে ইফতার উপহার সামগ্রী বিতরণ

 

মরণঘাতী করোনা ভাইরাসের আক্রমনের আতঙ্কে দিনযাপন করছে সারাদেশ। তাই সবচেয়ে বেশি কষ্টের মধ্যে দিন পার করছে গরীব অসহায় খেটে খাওয়া মানুষগুলো।

এই দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার  সমাজ সেবক আসন্ন ইউপি নির্বাচনে টেঙ্গারচর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এখলাছুর রহমান।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সামাজিক দুরত্ব বজায় রেখে এখলাছুর রহমান এর নিজস্ব অর্থায়নে টেঙ্গারচর গ্রামে নিজ বাস ভবনের সামনে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া প্রায় ১৫০০জন মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার উপহার সামগ্রি বিতরণ করেন।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল চাল মুড়ি চিনি ছোলা তেল সেমাই খেসারি ডাল ডিটারজেন্ট পাউডার ও মশার কয়েলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।

এসময় এখলাছুর রহমান এর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতারের উপহার বিতরণকালে এখলাছুর রহমান বলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। করোনা বিপর্যয়ে সাধারণ মানুষেরা ঘরবন্দী কর্মহীন। করোনা কালে রমজানে প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিপীড়িত মানুষের পাশে দাড়ানো আহবান জানান।

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ//