খুলনা ব্যুরো:
র্যাব-৬ অভিযান চালিয়ে খুলনায় পলাশ হাওলাদার (২৩) হত্যা মামলার আসামী সজীব কে গ্রেফতার করেছে।
পলাশ খুলনা সদর থানাধীন মাথাভাঙ্গা এলাকার শিউলি বেগম এর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর ২০২২ তারিখ পলাশ নিজ বাসা হতে বাজার করার উদ্দেশ্যে বের হয়।
পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সজীবসহ কয়েকজন আসামীরা তাকে ও তার বন্ধুকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় পলাশ ও তার বন্ধুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা পলাশ হাওলাদার (২৩)কে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার ৪ মে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মোঃ সজিবুর রহমান @ সজিব (২৩) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামী সদর থানার বাসিন্দা হওয়ায় তাকে খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
