হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ বিমান কর্মচারী আটক

 

৭০ লাখ টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। তার নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

ডিসিএইচের এ,আর,ও শফিকুল ইসলাম রাসেল জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। তিনি বিমানে স্বর্ণ থাকার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ২১/সি সিটের হাতলের ভেতর স্বর্ণ থাকার বিষয় স্বীকার করেন। ওই হাতলের ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

অনলাইন ডেস্ক।।

সিরাজগঞ্জে ৯৯৯-এ ফোন পেয়ে শিশু ধর্ষককে আটক করলো পুলিশ

 

বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচির আল-আমিন সরকার সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই যুবককে আটক করে।

পূর্বে ওই যুবক এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের সময় স্থানীয়রা তাকে আটক করে। আল আমিন সরকার সোহেলের বাড়ি দৌলতপুর ইউনিয়নের চর ধুলগাগড়াখালী গ্রামে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে আল আমিন সরকার সোহেল বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও আল আমিন সরকার সোহেলকে আটক করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দেন। কল পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ধর্ষককে আটক করে। আর শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

।। সিরাজগঞ্জ সংবাদদাতা ।।

কাউনিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির ঘর নির্মাণের চেষ্টা

 

 

বরিশাল নগরীর কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশ অমান্য করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা শামসুদ্দিন গাজী জোরপূর্বক ভাইয়ের জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। গত ১৬ ই ফেব্রুয়ারি কাউনিয়া ১ নং ওয়ার্ড বিসিক এলাকায় মৃত আয়নাল গাজীর ছেলে মোঃ জানে আলম গাজী বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দিন গাজীকে আসামি করে মামলা করে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশালে এসিলেন্ট অফিসের সার্ভেয়ার কে তদন্ত করে আগামী ৩ মে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু আসামি ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি দলবল নিয়ে জানে আলম গাজীর জমি দখল নিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এসময়ে বাদী ও তার পরিবার বাধা দিলে তাদের খুন-জখমের হুমকি দেয় আসামি। গত ১৭ ই ফেব্রুয়ারি কাউনিয়া থানা পুলিশ আসামি ও বাদীপক্ষকে আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে কোন ধরনের কাজ না করার নির্দেশ দেন। উভয়পক্ষকে স্ব-স্ব স্থানে থাকার কথা বলেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বর্তমানে রাতের আধারে আসামি শামসুদ্দিন গাজী নিজের ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল।।

বিমান বন্দরে সৌদি ফেরত মায়ের ফেলে যাওয়া শিশুর কান্না থামালেন এক নারী পুলিশ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক কন্যাশিশুকে ফেলে রেখে গেছেন তার মা।  শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। প

শিশুটি কান্না করছিল, এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে।
শুক্রবার সকালে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনাল থেকে ফেলে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।  তার মা রাতে একটি ফ্লাইটে সৌদি থেকে দেশে আসেন।

তথ্যটি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।  তিনি গণমাধ্যমকে বলেন, ওই নারী বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সৌদি আরব থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন।

বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

ওই নারীর সঙ্গে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন।  ফ্লাইটে কান্নাকাটি করছিলেন ওই নারী।

শিশুটিকে মা ফেলে যাওয়ার পর কান্নাকাটি করছিল। এপিবিএনের কয়েকজন নারী সদস্য তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে।
সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তাকে না পাওয়া গেলে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে বিষয়টি জানানো হবে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক।।

বাগেরহাটের মোল্লাহাটে নির্বাচনী সহিংসতায় নিহত-১ আহত-২০

 

বাগেরহাটের মোল্লাহাটে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ (৭০) নামে একজন নিহত ও নারীসহ ২০ জন আহত হয়েছেন।

নিহত আসাদ শেখ চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মামুন শেখের চাচা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনার পরপরই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চলছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাষন গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ইউপি সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এক পর্যায়ে ইউপি সদস্য প্রার্থী কিবরিয়ার কর্মী-সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান ইউপি সদস্য মামুন শেখের চাচা আসাদ শেখ নিহত ও উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হয়।

নিহত আসাদ শেখ শাষন গ্রামের মৃত কানাই শেখের ছেলে। এরপর পরই গোটা এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর ও হামলা করা হয় বাড়ি ঘরে। পুলিশ আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।

এখনও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর চলছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

//এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি//

 

বাগেরহাট মোল্লাহাটে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক -র‍্যাব -০৬

 

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-০৬, খুলনা।

মোল্লাহাট উপজেলার মাদারতলী এলাকার সপ্তপল্লী সার্বজনিন রক্ষাকালী দূর্গামন্দিরের দক্ষিন পাশে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন: মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামের মোঃ ইসাহাক ফকিরের ছেলে আঃ রহিম ফকির(৩১) এবং মাদারতলী গ্রামের মোঃ জাবেদ ফকিরের ছেলে আঃ আলীম (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোল্লাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

// এ এইচ নান্টু,  স্টাফ রিপোর্টার //

২২ লাখের বেশি জাল টাকাসহ হাতিরঝিলে গ্রেফতার ২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারি বিভাগ রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতদের নাম- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রং এর বোতল ৬টি, রং এর কৌটা ৫টি, টাকা তৈরির কাগজ ২ বান্ডিল, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় রামপুরার পশ্চিম উলন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকালে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

সূত্র: ডিএমপি নিউজ

দিন-দুপুরে অভিনব কায়দায় ইজিবাইক চুরি

সোমবার দুপুরের দিকে বাগেরহাটের মোল্লাহাটে চালককে অচেতন করে একটি নতুন ইজিবাইক চুরির অভিযোগ পাওয়া গেছে।  ওই ঘটনায় বাশি মোল্লা (৩৫) নামের অচেতন চালক’কে উপজেলার আংরা এলাকা হতে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাশি মোল্লা মোল্লাহাট উপজেলার গাওলা গ্রামের কায়কোবাদ মোল্লার ছেলে। চিকিৎসাধীন চালকের ছোটভাই সাদ্দাম হোসেন জানান, তার বড়ভাই নতুন একটি ইজিবাইক নিয়ে সোমবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে অজ্ঞাতনামা ২ব্যক্তি ছয়শত টাকায় ভাড়া করে কাহালপুর থেকে ডাব (নারিকেল) বোঝাই করে আংরা এলাকার দিকে যায়।

এরপর অনুমান ৩টার দিকে অচেতন অবস্থায় আংরা কালভার্টের কাছে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরো বলেন, তার বড়ভাই এখনো ভালোভাবে জ্ঞান ফিরে পান নাই, তাই ঘটনার বিস্তারিত জানাতে পারেন নাই। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী গোলাম কবির বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক//

 

চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত- পুলিশ সংঘর্ষ নিহত- ৪, আহত ১০

আবুল হাসেম, চট্টগ্রাম :

চট্টগ্রামের হাটহাজারীতে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলাকালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত ও ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজন মাদরাসার ছাত্র একজন পথচারী রয়েছেন। নিহত চার জনের মরদেহ এ রিপোট লেখা পর্যন্ত (সন্ধা ৭টা) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিন মাদরাসা ছাত্র হলেন, জাহাংগির আলম, মেরাজুল ইসলাম, রবিউল ইসলাম। নিহত পথচারীর  পরিচয় জানা যায় নি।

জানা যায়, আজ (শুক্রবার) জুমার নামাজের পর ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে হাটহাজারী মাদরাসা ও পাশ্ববর্তী কয়েকটি মসজিদ থেকে খন্ড খন্ড ভাবে বিক্ষোভ মিছিল শুরু করেন হেফাজতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি হাটহাজারী থানার দিকে এগুতে চাইলে পুলিশ বাধা প্রদান করলে পুলিশের সাথে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা টিয়ারসেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুড়লে সংঘর্ষ আরো বেড়ে যায়। বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে পুলিশ গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টার উভয় পক্ষের সংঘর্ষের এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামীর অনুসারীরা মিছিলের চেষ্ট কারে। পুলিশ বাধা দিলে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদরাসা থেকে হেফাজতের অনুসারীরা পুলিশের প্রতি ইট পাটকেল ছুড়েছে।

হেফাজতে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস দাবী করে বলেছেন পুলিশের গুলিতে কমপক্ষে ৭ জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

বিকালে চমেক হাসপাতালের জরুরী বিভাগে হামলা, ভাংচুর

আবুল হাসেম, চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরী বিভাগে হঠাৎকরে হামলা চালিয়ে ভাংচুর করেছে এক দল যুবক।

আজ (শুক্রবার) বিকালে ১৫-২০ জনের একদল যুবক হাসপাতালের জরুরী বিভাগে প্রবেশ করে ভাংচুর চালান বলে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির। তিনি বলেন, হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে ক্ষুদ্ধ হয়ে মরদেহের সঙ্গে থাকা স্বজনরা জরুরি বিভাগে হামলা করে ভাংচুর চালান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া জানান, ১৫-২০ জনের এক দল যুবক হঠাৎ এসে হাসপাতালে হামলা করে ভাংচুর করেন। এ সময় জরুরী বিভাগের ওয়ার্ড সর্দার মো: এনায়েত আহত হন।