আবহাওয়া অফিস|| দাবদাহ নিয়ে দুঃসংবাদ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার যেমন থাকবে আবহাওয়া: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আগামী শুক্রবার যেমন থাকবে আবহাওয়া: চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বিরাজমান তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। আগামী ৫ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

ডুমুরিয়ায় লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের ধান প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ার টিপনা ব্লকে উন্নত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে লবণ সহনশীল ব্রিধান-৯৯, ৬৭, হাইব্রিড ব্রিধান-৩ ও ৮ জাতের প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় সকাল ১০ টায়  টিপনা আঙ্গারদহা ব্লকে এ দিবস অনুষ্ঠিত হয়।

ধান গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড, মোঃ শাহজাহান কবীর এর সভাপতিত্বে  ও সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা ড,প্রিয়লাল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এর অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন  অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোসাদ্দেক হোসেন,সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ড, দেবজিৎ রায়,বিএডিসি যুগ্ম পরিচালক মোঃ লিয়াকত আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা ড, মোঃ মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদ সদস্য হাসনা হেনা, আদর্শ কৃষক শেখ মনজুর রহমান, সাবেক চেয়ারম‍্যান খান রহমত আলী, ইউপি সদস্য শেখ মহসিন হোসেন, প্রমূখ।

অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।

মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান

আ: রাজ্জাক শেখ, বিশেষ প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। তিনি একজন মানবিক  মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।  বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি রূপসায় যোগদানের আগে দেশের বিভিন্ন স্থানে সফলতার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার ভূমির  দায়িত্ব পালন করেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি। যোগদানের পর থেকে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন। নিবার্হী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি। ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।

জানা গেছে,  এ উপজেলায় যোগদানের কিছুদিন পর শুরু হয় জাতীয় সংসদ  নির্বাচন। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করেন। তার নজরদারির কারণে নির্বাচনী পরবর্তী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। মনোরম  পরিবেশে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।  উপজেলায় ইভটিজিং,মাদক,খাবার হোটেল, নিষিদ্ধ কারেন্ট জাল,  লোকাল ট্রাক চলাচল, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন; অবৈধ বালু ব্যবসা বন্ধ করার জন্য তাঁর রয়েছে বিশেষ নজরদারি। রাস্তাঘাট নির্মাণ, সরকার কর্তৃক বরাদ্দ সকল উপহার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিসহ ঘর হস্তান্তরে রয়েছে তার বিশেষ সুনাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। রূপসায় দরিদ্র শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়া খরচ বাবদ দিয়ে যাচ্ছেন হাজারও টাকা। এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক।

উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আশ্রয়ণ প্রকল্পের গৃহহীনদের ঘর দেওয়া কার্যক্রম তার কার্যালয় থেকে সরাসরি পরিচিত হয়ে আসছে।

এ প্রকল্পে উপকারভোগীদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা মিটিংসহ সরকারি যাবতীয় অনুষ্ঠান  পালন করতে দেখা গেছে। এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম কোনো ধরনের ঝামেলা বিহীনভাবে চলে আসছে।

এছাড়াও তার কার্যালয়ে কোন ধরনের অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে। ইউএনও কোহিনুর জাহান সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

আমতলীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে আমতলীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার।

প্রধান শিক্ষক আনোয়ারুল কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, সোহেলী পারভীন মালা প্রমুখ।

রমজানের শেষ জুমা মুসলিমবিশ্বের কাছে জুমাতুল নামে পরিচিত – উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল

//মোল্লা জাহাঙ্গীর আলম//

জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী”মো.জামিল খানের
নিজ ফেসবুক আইডি’র পোস্টে লেখা কিছু কথা তুলে ধরা হলো।

উল্লেখিত, ফুরিয়ে এলো রমজান। চলে যাচ্ছে পবিত্র দিনগুলো। বিদায় নিচ্ছে মহিমান্বিত মেহমান। ৫ এপ্রিল ২০২৪ রমজানের শেষ শুক্রবার বা পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা মুসলিমবিশ্বের কাছে জুমাতুল বিদা নামে পরিচিত।

রমজানের আখেরি এ জুমার মাধ্যমে পবিত্র এ মাসকে অনেকটাই বিদায় জানানো হবে। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয় রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনোদিন আর পাওয়া যাবে না।

সুতরাং এ পুণ্যময় দিনটির যথাযথ সদ্ব্যবহার করা উচিত। রমজানকে বিদায় জানাতে এ দিনে মসজিদ গুলোয় বিশেষ মোনাজাতের ব্যবস্থা থাকে।

আমরা মনে করে থাকি রহমত,মাগফিরাত ও নাজাতের মাস রমজানের মহিমা জুমাতুল বিদার মধ্য দিয়ে আরও বেশি মহিমান্বিত হয়। রমজানের শেষ জুমা হিসাবে মুসলিম উম্মাহর কাছে দিনটির বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে।

জুমার দিনের স্বতন্ত্র ফজিলত অনেক বেশি। রমজানের প্রতিটি জুমা ফজিলত ও তাৎপর্যের দিক থেকে অনন্য। বিদায়ি জুমা হিসাবে জুমাতুল বিদার মর্যাদা ও ফজিলত আরও বেশি।

রমজান ও রোজার প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মাঝে তাকওয়া বা খোদাভীতির যোগ্যতা অর্জন করানো। আল্লাহ্ রহমানুর রহিম, আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন-আমিন।

মো. জামিল খান,খুলনা জেলা এর রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে বাসিন্দা। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও বর্তমানে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী।

আওয়ামী লীগ নেতা, মো. জামিল খান,খুলনা জেলা ও রূপসা উপজেলা বাসী সহ দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সেই সাথে তিনি, রূপসা উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন এ নির্বাচনে।

সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে র্যাবের ঈদ সামগ্রী বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় তাদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করে র‍্যাব-৮। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র‍্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন ঈদের এই উপহার বিতরণ করেন।

আসন্ন পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তার মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলা ৫৮ জন।

এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন।

র‍্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন বলেন,আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

এসময় র‍্যাব ফোর্সেস এর সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে র‍্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পণকারীরা।

ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের জনপ্রিয় ইউপি চেয়ারম‍্যান বিমল কৃষ্ণ সানা রাষ্ট্র সেবা পুরষ্কারে ভূষিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

তৃনমুল রাজনীতি এবং সামাজিক ও সাস্কৃতিক ধমীয় কর্মকান্ড অসামান্য অবদানের জন‍্য খুলনার ডুমুরিয়া  উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের চার বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম‍্যান বিমল কৃষ্ণ সানা রাষ্ট্র সেবা পুরষ্কারে ভূষিত  হয়েছেন। গত ১০ মার্চ দক্ষিণ এশিয়া শিক্ষা ক্রীড়া ও সাস্কৃতিক সংসদের আয়োজনে ১০ মার্চ ২০২৪ তারিখে  শিশির মঞ্চ নন্দন কলকাতা পশ্চিম বঙ্গ ভারতে তাকে সনদপত্র ও রাষ্ট্র সেরা পুরষ্কার প্রদান করা হয়।

উল্লেখ বিমল কৃষ্ণ সানা ইউনিয়ন পরিষদে পরপর চার বার চেয়ারম্যান সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার চেয়ারম্যান এর দায়িত্ব পালন কালে ব‍্যাপক উন্নয়ন মুলক  সহ শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ড ব‍্যাপক প্রশংসনীয়।

দুস্হদের ভিডাব্লিউবি কার্ডে চাল নিচ্ছেন ইউপি সদস্যদের স্ত্রী-কন্যা

//বিশেষ প্রতিনিধি//

বরগুনার আমতলীতে দুস্থদের জন্য ভিডাব্লিউবি কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তামূলক এ কর্মসুচিতে নিজেদের স্ত্রী-কন্যার নামে প্রতিমাসে ভিডাব্লিউবি’র ৩০ কেজি করে চাল উত্তোলন করছেন দুই ইউপি সদস্য।এছাড়াও ভিডাব্লিউবি কার্ড যার নামে বরাদ্দ তিনি নিজেই জানেনা তার নামে বরাদ্দ রয়েছে।সাংবাদিকদের অনুসন্ধানে ভিডাব্লিউবি প্রকল্পের এসব অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া গেছে।

অভিযুক্তরা হলেন,উপজেলার ৭ নং আড়পাংগাশিয়া  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য জুয়েল ও ১নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম খবির উদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,চলতি অর্থবছরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী  নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য জুয়েল স্বচ্ছল ব্যাক্তি হওয়া সত্বেও তার স্ত্রী মোসাঃ সাবিনা বেগম (২১) এর নামে উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন,যার কার্ড নং- ১০৩। এছাড়াও ১নং ওয়ার্ডের সদস্য খবির উদ্দিনের কন্যা কামরুন্নাহার (২৭) সেও উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।যার কার্ড নং ১৪।এরা উভয়েই

ভিডাব্লিউবি কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের জন্য প্রতিমাসে বরাদ্দকৃত ৩০ কেজি চাল তুলছেন।

এছাড়াও ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হাচানের স্ত্রী শিউলী বেগমের নামে ভিডাব্লিউবি কার্ড বরাদ্দ থাকলেও তা তিনি আদৌও বরাদ্দের কোন চাল পাননি।

স্ত্রী ও কন্যার নামে ভিডাব্লিউবি কার্ডের মাধ্যমে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল উত্তোলনের বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বক্তব্য জানার জন্য ১ নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম খবির উদ্দিনের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। একই বিষয়ে ৫ নং ওয়ার্ডের সদস্য জুয়েল এর বক্তব্যের জন্য তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা বিষয়টি এরিয়ে গেলেও ইউপি সদস্য জুয়েলের বাবা বলেন,এই চাল দলীয়ভাবে পেয়েছি।

আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা জানান,বিষয়টি খুবই দু:খজনক। যখন উপজেলা কমিটি থেকে তালিকা চাওয়া হয় তখন প্রতিটি ওয়ার্ডের সদস্যদের কাছ থেকে দুস্থদের নামের তালিকা নেওয়া হয়। ওই সদস্যরা তালিকায় তাদের পরিবারের সদস্যদের নাম দিয়েছেন যেটা তিনি পরে জেনেছেন। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল বলেন,আমি এ বিষয়ে আমি কিছুই জানিনা।আমাকে আপনারা সকল তথ্য দিয়ে আগে একটু দেখার সুযোগ দিন। আমি সেগুলো না দেখে এবিষয়ে কোন সাক্ষাৎকার দিব না।

এ বিষয়ে উপজেলা ভিডাব্লিউবি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম  বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

ডুমুরিয়ায় ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সচেতনতা স্বীকৃতি মূল‍্যয়ান শুধু বেচেঁ থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা এবারের এ প্রতিপাদ‍্যকে  সামনে রেখে ডুমুরিয়ায় ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

২রা এপ্রিল  মঙ্গলবার সকাল ১১ টায়  ডুমুরিয়া  উপজেলা  প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা ও সুর্বণ নাগরিক পরিচয়পত্র ও প্রতিবন্ধী ঋণের চেক বিতরন করা  হয়েছে।   উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা  সুব্রত বিশ্বাসের পরিচালনায় বক্তব‍্য দেন উপজেলা  নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী কমিশনার ভূমি আশিষ মোমতাজ, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, আবাসিক মেড়িকেল অফিসার মোঃ নাঈম ইসলাম  , উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩জন প্রতিবন্ধী ব‍্যক্তির হাতে সুর্বণ নাগরিক পরিচয়পত্র, উপজেলা  সমাজ কল‍্যান পরিষদ থেকে ২৭ জনদুস্থ রোগীর মধ‍্যে ৪০ হাজার টাকা চিকিৎসা  অনুদান, ১০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থী মাঝে ২০ হাজার টাকা, এছাড়া ধামালিয়া রুদাঘরা রংপুর ও গুটুদিয়া ইউনিয়নের ৮ জন প্রতিবন্ধী ব‍্যক্তিকে স্বাবলম্বী এবং আর্থ সামাজিক  অবস্থার উন্নযনের জন‍্য ২ লাখ ৩৫ হাজার টাকার ক্ষুদ্রঋন প্রদান করা হয়।

 

উখিয়ায় নিহত বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের দাফন সম্পন্ন .

//কক্সবাজার প্রতিনিধি//

কক্সবাজারের উখিয়ায় মাটি পাচারকারীদের ট্রাকের চাপায় নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার রাত ৯টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে বহন করা মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি  ভিটিকান্দি তার নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে, সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। অ্যাম্বুলেন্স ঘিরে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে ঐ এলাকার বাতাস। সাজ্জাদুজ্জামান’কে একনজর দেখতে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন।

এদিকে ছেলে’কে হারিয়ে দিশাহারা পুরো পরিবার। বারবার মূর্ছা যাচ্ছে বাবা শাহজাহান মাস্টার মা ওম্মে কুলসুম। শোকে স্তব্ধতায় পুরো গ্রাম। পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসছে গ্রামের বাসিন্দারা।

নিহতের বাবা শাহজাহান মাস্টার বলেন, শনিবার গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড়ের মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে  মোটরসাইকেলে করে আমার ছেলে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে মাটি পাচারকারীরা ট্রাক চাপা দিয়ে আমার ছেলে’কে হত্যা করে। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ছেলের কর্মস্থল উখিয়ায়

প্রথম জানাজার পর আমার ছেলের মরদেহ গ্রামে পৌঁছায়। এশার নামাজের পর দ্বিতীয় জানান শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নিহত সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে বন বিভাগে যোগদান করেন। দাম্পত্য জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।