আজ রূপপুরে ইউরেনিয়াম আসছে সড়কপথে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রধান জ্বালানি ইউরেনিয়াম ঢাকা থেকে সড়কপথে ঈশ্বরদীতে আনা হচ্ছে।

সার্বিক নিরাপত্তা বিবেচনায় ঢাকা-ঈশ্বরদী মহাসড়কে শুক্রবার ভোর থেকে বাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে প্রকল্পে পৌঁছানোর পর এই বিধিনিষেধ থাকবে না।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী।

তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে। যেহেতু ঢাকা-ঈশ্বরদী রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়, সে জন্য যানজট নিয়ন্ত্রণে ও নিরাপত্তার স্বার্থে শুক্রবার ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তবে আরিচা-কাজিরহাট হয়ে বিকল্প ব্যবস্থায় পাবনা রুটে যান চলাচল করতে পারবে।

পাবনা, ঈশ্বরদী থেকে ঢাকাগামী বাস কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। দায়িত্বরত কর্মচারীরা জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসবে, এ জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

উল্লেখ্য, দেশের সবচেয়ে আলোচিত ও বড় প্রকল্প ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা পেয়েছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের প্রথমদিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র রূপপুর। পরের বছর দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে। মোট ২৪শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এখানে।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা // তামিম ইকবাল বাদ

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

অপেক্ষার পর্ব শেষ হয়েছে। অবশেষে দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। দলে চমক জাগিয়েছে তামিম ইকবালের না থাকা। অবশ্য গতকাল রাত থেকে হঠাৎ চাউর হচ্ছিল বিশ্বকাপ দলে তামিমকে চাচ্ছেন না অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্দিকা হাতুরাসিংহে।

এর কারণ, পুরোপুরি ফিট নন তামিম। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই ঘোষণা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দল ও বিশ্বকাপ জার্সিও উন্মুক্ত করেছে বিসিবি। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আলোচনায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদ।

পাঁচ পেসার নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাকিবকে অধিনায়ক করে ১৫ সদস্যের দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। নাজমুলের আজ নেতৃত্বের অভিষেক হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

এমনিতে লিটন দাস সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে এলেও বিশ্বকাপে নাজমুলের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাট হাতে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। তাই হয়তো তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তামিম না থাকায় লিটনের সঙ্গে ওপেনিংয়ের ভাবনায় প্রথমবার বড়দের বিশ্বকাপ খেলতে যাবেন তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ বিশ্বকাপ দল :

  • সাকিব আল হাসান (অধিনায়ক),
  • লিটন কুমার দাস,
  • তানজিদ হাসান তামিম,
  • নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক),
  • তাওহীদ হৃদয়,
  • মুশফিকুর রহিম,
  • মাহমুদ উল্লাহ রিয়াদ,
  • মেহেদী হাসান মিরাজ,
  • নাসুম আহমেদ,
  • শেখ মেহেদী হাসান,
  • তাসকিন আহমেদ,
  • মুস্তাফিজুর রহমান,
  • হাসান মাহমুদ,
  • শরিফুল ইসলাম ও
  • তানজিম হাসান সাকিব।

 

 

রূপসায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, ফরহানা আফরোজ মনা, সহকারি কমিশনার (ভুমি) মো. আবদুল্লাহ আল বাকী,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সেখ শফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মো:শাহিন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।

এ সময় বক্তৃতা ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, তথ্য আপা দীলশান আরা,আনসার-ভিডিপি আরিফা বেগম, পল্লী বিদ‍্যুৎ  এর এজিএম আ: হালিম,

আইচগাতী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুজ্জামান বাবুল, নৈহাটী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এসএম হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস‍্যগণ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার কনিষ্ঠ পুত্র আবেদীন ইসলাম শান্তর সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়াতে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণীসম্পদ সেবা নামে নতুন সংগঠনের যাত্রা শুরু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার প্রশিক্ষিত যুব আত্মকর্মীদের নিয়ে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণী সম্পদ সেবা সংগঠন নামক একটি যুব সংগঠনের  আত্মপ্রকাশ ঘটেছে।

জানা যায় ডুমুরিয়া উপজেলা ১৪ টি ইউনিয়নের শিক্ষিত অবহেলিত বেকার যুবকেরা যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে প্রাথমিক প্রাণী চিকিৎসা সেবা ও কৃত্রিম প্রজনন পেশার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রায় দু’শতাধিক প্রশিক্ষিত যুবক উপজেলার বিভিন্ন প্রান্তে দিনে রাতে প্রাণী সম্পদের সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা সরকারি চাকরির পেছনে না ছুটে নিজেদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলেছেন। শনিবার বিকেলে ডুমুরিয়া বাজারে এসকল সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক ভাবে সংগঠনটির মূল উদ্দেশ্য  নিরুপন করা হয় বাংলাদেশ প্রাাণী সম্পদের দুধ ও মাংসের চাহিদা পুরণে ডেইরি ও ফ্যাটেনিং সেক্টর দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।

এই সেক্টরের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে প্রশিক্ষিত কর্মীরা দিনে রাতে মাঠ পর্যায়ে কাজ করে থাকে । সভায় সভাপতিত্ব করেন, মোঃ ্আলতাফ মাহমুদ। বক্তৃতা করেন, ইসমত খান, হরিস চন্দ্র দাস, আছাদুল শেখ, বাবলু কবির, উজ্জল চন্দ্র দাস, মনিরুল ইসলাম সজল, আনন্দ রায়, রিয়াদ হোসেন, রবিউল ইসলাম, খান নজরুল ইসলাম, সাইফুল ইসলাম মিলু, উত্তম সরকার, অলোক কুমার হালদার, আফজাল হোসেন, আসমা বেগম, জুলফিকার, বুদ্ধিস্বর মিস্ত্রী, এবাদুল ইসলাম, মনিরুল ইসলাম, শুধাংসু সরকার, শহিদুল ইসলাম, নিউটন রায়, শাহিন হোসেন, শমির প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে আনোয়ার হোসেনকে সভাপতি এবং আলতাফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

কচুয়ায় যোগদান করলেন নবাগত ইউএনও রাখী ব্যানার্জী

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী যোগদান করেছেন। রবিবার সকালে তিনি কচুয়ায় নিজ কার্যালয়ে যোগদান করেন।

এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। রাখী ব্যানার্জী ৩৮তম ও ৪তম নারী কচুয়া উপজেলা নির্বাহী অফিসার। তিনি  ৩৫তম ব্যাচের বিসিএস অফিসার। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন চাপাইনবাবগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হলে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন মো.জাকির হোসেন।

নবাগত কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, আমি কচুয়ার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই, কচুয়ার উন্নয়নে সকলের সহযোগীতা চাই।

অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল রপ্তানি বন্ধ ঘোষণা করেছে রাশিয়া

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিশ্বের প্রায় সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। তবে এর আওতার বাইরে থাকবে চারটি দেশ। ফলে অন্যান্য দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছেনা।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রাশিয়ার নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার বেড়ে গিয়েছিল।

ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই ‘সাময়িক’ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই চারটি দেশই মস্কোর নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। ফলে ক্রেমলিনের এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়বে।

শুক্রবার বিকেলে লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়েছে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬২ ডলারে।

রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি’র মতবিনিময় সভা

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার সকল মন্দির কমিটির সাথে নেতৃবৃন্দের ওসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পুজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ। এসময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকল মন্দিরে নিরাপত্তা ব্যাবস্থা বজয় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন। সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার, সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেন।

এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।

কচুয়া থানার ওসির বিদায় সংবর্ধনা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে কচুয়া প্রেসক্লাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সহ-সভাপতি সমির বরণ পাইক,সাধারন সম্পাদক কাজী ছাইদুজ্জামান। অন্যান্যের মধ্যে ওসি (তদন্ত)প্রভাষ কুমার মল্লিক, সাবেক সভাপতি তুষার কান্তিরায় রনি, যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য সুপার্থ কুমার মন্ডল, প্রদ্যুৎ কুমার মন্ডলসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিশ্চিত কল্পে  কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পাইন  বিষয়ে শিক্ষার্থীদের চিংত্রাঙ্কন কুইচ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ব্র‍্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার নিশ্চিত কল্পে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার  দুপুরে টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভবনে কৈশোর বয়সে স্বাস্থ্য ক্যাম্পাইন  বিষয়ে শিক্ষার্থীদের চিংত্রাঙ্কন কুইচ ও বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশে সর্ম্পকে বক্তরা বলেন  সকল কিশোর – কিশোরী ও তরুণ জনগোষ্ঠির লিঙ্গ বৈচিত্র নির্বিশেষে যৌন ও প্রজনন স্বাস্থ্য  বিষয়ে চাহিদা ও অধিকার সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে সচেতনা করা ও আইন ও নীতিমালায় তৈরী করে কিশোর ও তরুণরদের স্বাস্থ্য বিষয়ে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যে সামাজিক ‘ট্যাবু’ ও বাধা রয়েছে তা দূর করা,অনুকূল পরিবেশ তৈরি করা এবং স্বাস্থ্য সেবা  যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালার বাস্তবায়ন এবং স্কুলের শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় বিষয় সমূহ অন্তর্ভুক্তির ক্ষেত্রে কিশোর এবং তরুণেরা উদ্যোগী ভূমিকা পালন করতে পারে। ব্র‍্যাকের  উপজেলার শাখার ডিওএম এর সার্বিক পরিচালনায় ও ইউথ গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামচ্ছুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান শেখ, ইউথ গ্রæপের সভাপতি ফয়সাল হোসেন, রাব্বি, বিনাস, লাব্বি প্রমুখ। অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরন করা হয়।

বেড়েছে ঋণ পরিশোধের চাপ, কমেছে বৈদেশিক সহায়তা অর্থ ছাড়

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চলতি অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) কমেছে বৈদেশিক সহায়তা অর্থ ছাড়ের পরিমাণ। এ মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ৪০ কোটি ৫০ লাখ ডলার। স্থানীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪৫৫ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ৪৮ কোটি ৪০ লাখ ডলার, যা প্রায় ৫ হাজার ৩২৪ কোটি টাকা। এ ক্ষেত্রে তুলনামূলক ছাড় হওয়া অর্থের পরিমাণ কমেছে ৮৬৯ কোটি টাকা। তবে বেড়েছে প্রতিশ্রুতির পরিমাণ। সেই সঙ্গে ব্যাপক চাপ পড়েছে ঋণ পরিশোধের ক্ষেত্রে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনের এ তথ্য তুলে ধরা হয়েছে।

এদিকে জুলাই মাসে প্রতিশ্রুতি এসেছে ৫ দশমিক ৩৯ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। চলতি অর্থবছর প্রতিশ্রুতির মধ্যে পুরোটাই ঋণ হিসাবে পাওয়া গেছে।

ইআরডির তথ্যমতে, অর্থবছরের প্রথম মাসে বৈদেশিক সহায়তায় এগিয়ে আছে জাপান। জাপান এক মাসে অর্থছাড় করেছে ২৫ কোটি ১৮ লাখ ডলার। এরপরের অবস্থানে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি)। এক মাসে এডিপি অর্থছাড় করেছে ৭ কোটি ৪ লাখ ডলার। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডা) জুলাই মাসে বৈদেশিক সহায়তা হিসাবে দিয়েছে ৫ কোটি ৭৫ লাখ ডলার। এ ছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ছাড় করেছে ৪ দশমিক ৬০ মিলিয়ন ডলার। ইন্ডিয়া ছাড় করেছে ২ দশমিক ১৮ মিলিয়ন ডলার। এছাড়া অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ছাড় করেছে ১ কোটি ৯১ লাখ ডলার। চায়না ও রাশিয়া অর্থবছরের প্রথম মাসে কোনো অর্থ ছাড় করেনি।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ সুদাসলে পরিশোধ করেছে ২৭ কোটি ৫২ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ২৭ কোটি টাকা। এর মধ্যে সুদ হিসাবে দিয়েছে ১১ কোটি ৫৮ লাখ ডলার এবং আসল পরিশোধ করেছে ১৫ কোটি ৯৩ লাখ ডলার। গত অর্থবছরে একই সময় বাংলাদেশ পরিশোধ করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৮৪৮ কোটি টাকা। এর মধ্যে সুদ পরিশোধ করেছে ৬ কোটি ৭ লাখ ডলার এবং আসল পরিশোধ করেছে ১০ কোটি ৭৩ লাখ ডলার।